ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বলেছেন, জাতীয় নারী উন্নয়ন নীতিতে পবিত্র কোরআন-সুন্নাহবিরোধী কিছু নেই। মহাজোট সরকার কোরআন-সুন্নাহবিরোধী কিছু করবে না বলে নির্বাচনী ইশতেহারেই অঙ্গীকার করেছে। তাই এ নিয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল অযৌক্তিক।গতকাল রোববার ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ ব্যাপারে কারও কোনো আপত্তি থাকলে আলাপ-আলোচনার মাধ্যমেই তা সমাধান করা সম্ভব। হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচির কোনো প্রয়োজন নেই। ধর্ম মন্ত্রণালয় আলোচনায় বসতে রাজি আছে।মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শাহজাহান মিয়া আরও বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্যই এ হরতাল ডাকা হয়েছে। তিনি নারীনীতি নিয়ে মিথ্যাচার করা ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, নীতিমালাটি স্পষ্ট করার জন্য ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দলের পক্ষ থেকে সভা-সমাবেশ করা হয়েছে। হরতাল আহ্বানকারী দলের প্রতিনিধিদের আলোচনায় বসার জন্য একাধিকবার আহ্বানও জানানো হয়েছে। এ হরতালে ইসলামি বড় দলগুলোর সমর্থন নেই এবং হরতাল প্রতিরোধে সবাই প্রস্তুত। হরতালে বিএনপি-জামায়াত ইন্ধন জোগাচ্ছে।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিএনপি প্রথম দিকে এ হরতালে সমর্থন না দিলেও বর্তমানে নীতিগত সমর্থন দিয়েছে বলে শোনা যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত লিফলেটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নীতিমালায় পবিত্র কোরআন ও সুন্নাহবিরোধী কোনো ধারা না থাকা সত্ত্বেও সরকারের মর্যাদা ক্ষুণ্ন করতে চিহ্নিত মহলটি নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। সংবাদ সম্মেলনে নারী উন্নয়ন নীতির ২৩.৫ ও ২৫.২ ধারার বিস্তারিত ব্যাখ্যাসংবলিত লিফলেটটি সাংবাদিকদের দেওয়া হয়।২৩.৫ ধারায় রয়েছে, ‘সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশদারিত্ব দেওয়া।’ লিফলেটে বলা হয়েছে, ২৩.৫ ধারায় ‘সম্পদ’ বলতে কোনো উত্তরাধিকার সম্পদকে বোঝানো হয়নি। একজন নাগরিক হিসেবে নারীর সম্পদ অর্জন, নিজ নিজ কর্মস্থল ও ব্যবসা-বাণিজ্যে তার যোগ্যতা অনুযায়ী প্রাপ্য অংশীদারির কথা বোঝানো হয়েছে। অর্থাৎ একজন নারী যদি কোনো যৌথ ব্যবসায় অংশগ্রহণ করে এবং অর্থ বিনিয়োগ করে, তাহলে তার অংশীদারি নিশ্চিত করার কথা বলা হয়েছে।২৫.২ ধারায় রয়েছে, ‘উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার প্রদান করা।’ লিফলেটে বলা হয়েছে, এ ধারায় নারীর সমান ‘উত্তরাধিকার’ পাওয়ার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে, উত্তরাধিকার হিসেবে নারী যে সম্পদ অর্জন করে অর্থাৎ মুসলিম উত্তরাধিকার আইন ও ধর্মের বিধান অনুযায়ী যে উত্তরাধিকার তারা পেয়ে থাকে, সে অর্জিত সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা। এ দুটি ধারা কোনোভাবেই কোরআন ও সুন্নাহ পরিপন্থী নয়।সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মো. আফজাল, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী।মাওলানা মুজিবুর রহমান বলেন, ‘নারীনীতির কোন বিষয়গুলো ভুল, তা চিহ্নিত করে সরকারকে সংশোধন করার জন্য বলতে পারত। তা না করে ইসলামি অন্য দলগুলোর সঙ্গে আলোচনা-পরামর্শ না করে হরতাল দিয়ে দিল। এ হরতাল কোনোভাবেই যুক্তিসংগত নয়।’