নারীনীতির খসড়া চলতি মাসেই মন্ত্রিসভায় যাচ্ছে
সরকার ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি পুনর্বহাল করার ঘোষণা দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হওয়ার জন্য নীতির খসড়া চূড়ান্ত করার কাজ চলছে। এ নীতিতেও ’৯৭ সালের নীতিতে উল্লিখিত ‘উত্তরাধিকার’ শব্দটি একই থাকছে। চলতি মাসের মধ্যেই নীতির খসড়া মন্ত্রিসভায় উত্থাপিত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তবে নারীনেত্রী ও মানবাধিকারকর্মীরা দ্রুত এ নীতির বাস্তবায়ন চান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতি পুনর্বহালের অঙ্গীকার করা হয়েছে। মন্ত্রিসভায় এখনো নারী উন্নয়ন নীতি আসেনি। আশা করা যায় শিগগিরই এটা আসবে। সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে।’কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার বিষয়ে সরকারের পৃথক প্রস্তাব আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এটি নীতিতেও অন্তর্ভুক্ত হতে পারে।আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সরকার নারীনীতিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করেছিলেন নারী ও মানবাধিকার আন্দোলনের কর্মীরা। সরকারের পক্ষ থেকেও সে ধরনের আভাস পাওয়া গিয়েছিল। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ এ ঘোষণা আসছে না।শিরীন শারমিন বলেন, ‘রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি পুনর্বহালের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী পদক্ষেপ নিতে আমাকে নির্দেশ দিয়েছেন। এখন খসড়া চূড়ান্ত করার কাজ চলছে। নির্বাচনী ইশতেহারেও এ নীতি পুনর্বহালের ঘোষণা দিয়েছে সরকার।’প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২৬ জানুয়ারি জাতীয় পর্যায়ে একটি মতবিনিময় সভায় নারীনীতিতে কী কী বিষয় নতুন করে অন্তর্ভুক্ত করা হবে, সে বিষয়ে পরামর্শ দেন নারী ও মানবাধিকারকর্মীরা। এর আলোকেই নীতির খসড়া চূড়ান্ত করা হচ্ছে। তাঁর মতে, তাড়াহুড়া করে নীতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতিটি যথাযথভাবে তৈরি করা।তবে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, ‘আশা করেছিলাম নারী দিবসে এ নীতির আনুষ্ঠানিক ঘোষণা পাব। আমি এখনো আশাবাদী। এ নীতি বর্তমানে নারী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। এমনিতেই নীতি নিয়ে অনেক কিছু হয়েছে, নীতি বাস্তবায়ন-প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়। আমরা আর দেরি করতে চাই না। নীতি ঘোষণা এবং একটি কর্মপরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করাটা জরুরি হয়ে পড়েছে।’নতুন নীতি নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে আয়শা খানম বলেন, সরকার একটি মতবিনিময় সভা করে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কাছে লিখিত সুপারিশ চেয়েছে। সেসব সুপারিশ নীতির খসড়ায় কতটুকু গুরুত্ব পেয়েছে, তা জানা না গেলেও আশা করা হচ্ছে, সরকার সুপারিশগুলোকে গুরুত্ব দেবে। তাঁর মতে, ১৯৯৭ আর ২০১০ সাল এক কথা নয়। ’৯৭ সালের নীতিতে আদিবাসী বা প্রতিবন্ধী নারীদের বিষয়গুলো চোখ এড়িয়ে গিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যু চলে এসেছে। নীতিতে এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে।প্রতিমন্ত্রী শিরীন শারমিন জানিয়েছেন, খসড়ায় দুর্যোগে নারী, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী নারীর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যুক্ত করা হয়েছে।এ পর্যন্ত ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে তিনটি নারীনীতি আলোর মুখ দেখেছে। ’৯৭ সালের ৮ মার্চ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষণা করেছিলেন। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০৪ সালের মে মাসে সাতানব্বইয়ের নীতিটি গোপনে সংশোধন করে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে ২০০৪ সালের নীতিটি বাতিল করে। ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ‘জাতীয় নারী উন্নয়ন নীতি, ২০০৮’ অনুমোদন করে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার ’৯৭ সালের নীতিকে যুগোপযোগী করে পুনর্বহালের যে ঘোষণা দিয়েছে, তা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সরকার নতুন নীতি মন্ত্রিসভায় উপস্থাপনের উদ্যোগ নিয়েছে। তবে নীতিটি মন্ত্রিসভায় উপস্থাপনের আগে নারী ও মানবাধিকারকর্মীদের সঙ্গে সরকারের আবার বসা উচিত।রাশেদা কে চৌধুরী বলেন, বিশ্বায়নে নারীর ভূমিকা, কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান অবদান, আদিবাসী, প্রতিবন্ধী নারীসহ বিভিন্ন বিষয়ই ২০০৮ সালের নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সরকার নতুন নীতিতে তা সংযোজন করতে পারে।১৯৯৭ সালের নীতিতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা ছিল। ২০০৪ সালের সংশোধিত নীতিতে তা এড়িয়ে যাওয়া হয়। বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নারীর ‘সমান অধিকার’ নিশ্চিত করার বদলে সংশোধনীতে আসে ‘সংবিধানসম্মত অধিকার’ নিশ্চিত করার কথা। প্রথম নীতিতে সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশীদারি দেওয়ার কথা বলা হয়েছিল। সংশোধনীতে ‘সম্পদ’ ও ‘অংশীদারি’ শব্দ দুটি বাদ দেওয়া হয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সংশোধনীতে ‘উত্তরাধিকার’, ‘সম্পদ’ ও ‘ভূমির ওপর অধিকার’ শব্দগুলো বাদ দেওয়া হয়। এ ছাড়া সংশোধনীতে রাষ্ট্রদূত এবং পরিকল্পনা কমিশন ও বিচার বিভাগের উচ্চপদের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের নিয়োগ দেওয়ার মতো কিছু ধারা সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এসব সংশোধনীর প্রতিবাদে আন্দোলনে নামেন নারী ও মানবাধিকারকর্মীরা।তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন সাবেক উপদেষ্টা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল নারীদের সামনের দিকে এগিয়ে নেবে, সে ধরনের একটি নারীনীতির প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষে এ নীতির ঘোষণাটি চলে এলে সবচেয়ে বেশি ভালো হতো। এ নীতি যত দিন বাস্তবায়িত না হচ্ছে, তত দিন আমরা অসহায়ত্ব ও বঞ্চনার মধ্যে থাকব।’সুলতানা কামালের মতে, এ নীতিটি বাস্তবায়নে অনেক বাধা এসেছে। বর্তমানে সব বাধা দূর হয়েছে তা ভাবার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দিয়ে চলেছেন। এ ক্ষেত্রে মন্ত্রিসভার দৃঢ় সমর্থন পাওয়াটা জরুরি।জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়টি বর্তমান সরকার কার্যকর করবে। কীভাবে বা কোন প্রক্রিয়ায় করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে।’৯৭ সালের নীতি পুনর্বহাল করা প্রসঙ্গে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রথম আলোকে বলেন, ’৯৭ সালের নীতি ও ২০০৪ সালের নীতির মধ্যে মৌলিক পার্থক্য ছিল সম্পত্তিতে নারীর সম-অংশীদারির বিষয়ে। এ ছাড়া তেমন একটা পার্থক্য ছিল না।সেলিমা রহমান বলেন, কোনো একটি বিশেষ শ্রেণীর উন্নয়নের জন্য এই নীতি করা হলে সামগ্রিক অর্থে নারীর ক্ষমতায়ন হবে না। তাঁর মতে, নীতিতে নারীর অধিকার সম্পর্কে সুস্পষ্ট সংজ্ঞা থাকতে হবে। সংবিধানের আলোকে নারীর ক্ষমতায়ন ঘটাতে হবে।২০০৮ সালের নীতিতে সংসদের এক-তৃতীয়াংশ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য আইন প্রণয়নের কথা বলা হয়। এ ছাড়া সম্পত্তিতে নারীর সমান অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। তবে ’৯৭ সালের নীতিতে উল্লিখিত ‘উত্তরাধিকার’ শব্দটি ২০০৪ ও ২০০৮-এ বাদ দেওয়া হয়। ১৯৯৭ ও ২০০৮-এর নীতিতে নারীদের রাষ্ট্রদূত ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ পদে আসীন হওয়ার সব বাধা দূর করার বিধান যুক্ত হয়। কিছু ধর্মভিত্তিক দল তখন এই সংশোধনী নীতির বিষয়ে তীব্র বিরোধিতা করেছিল।