নারীর অধিকার আদায়ের স্বীকৃতি
শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন নারী। তাঁদের দুজন লাইবেরিয়ার এবং একজন ইয়েমেনের। অহিংস পথে নারীর অধিকার আদায়ের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাঁরা সর্বোচ্চ এ সম্মাননা পেলেন।শান্তি পুরস্কার বিজয়ীরা হলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ (৭২), একই দেশের শান্তিবাদী কর্মী লেমাহ বোয়িই (৩৯) এবং ইয়েমেনের নারী অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী তাওয়াক্কুল কারমান (৩২)। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইনের।নারীদের নিরাপত্তায় অহিংস আন্দোলন এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য ওই তিনজন নারীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল কমিটি এ পুরস্কারের অর্থমূল্য বাবদ তিনজনের হাতে ১৫ লাখ মার্কিন ডলার তুলে দেবে।অসলোয় পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির চেয়ারম্যান থরবিয়ন জাগল্যান্ড বলেন, ‘সমাজের সর্বস্তরের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরা সমপরিমাণ ভূমিকা রাখার সুযোগ না পাওয়া পর্যন্ত আমরা গণতন্ত্র ও স্থায়ী শান্তি অর্জন করতে পারব না।’ নরওয়ের নোবেল কমিটির প্রত্যাশা, এ পুরস্কার বিভিন্ন দেশে অব্যাহতভাবে নারীদের ওপর যে নির্যাতন চলছে, তার অবসানে সহায়তা করবে। পাশাপাশি নারীরা যে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় প্রতিনিধিত্ব করতে পারে, সে বিষয়টির উপলব্ধি ঘটাবে।লাইবেরিয়ার প্রেসিডেন্ট সারলিফ আফ্রিকার কোনো দেশের নির্বাচিত প্রথম নারী রাষ্ট্রপ্রধান। লাইবেরিয়ায় দীর্ঘ ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর ২০০৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন এ নারী। গৃহযুদ্ধ-পরবর্তী লাইবেরিয়ায় নারী অধিকার প্রতিষ্ঠা এবং সফলভাবে দেশ পুনর্গঠন করেন সারলিফ। এসব কারণে আন্তর্জাতিক অঙ্গনে অনেক প্রশংসা কুড়ালেও নিজ দেশে তাঁর জনপ্রিয়তা কম। সমর্থকদের কাছে ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত সারলিফ দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তবে গত মঙ্গলবার সিদ্ধান্ত বদলের ঘোষণা দেন তিনি।আর ৩৯ বছর বয়সী লেমাহ বোয়িই একই দেশের শান্তিবাদী কর্মী। তিনি ‘শান্তির যোদ্ধা’ হিসেবে পরিচিত। লাইবেরিয়ার গৃহযুদ্ধে তিনি জনসন সারলিফের সঙ্গে কাজ করেছেন। গৃহযুদ্ধের সময় সংঘটিত সহিংস কর্মকাণ্ডের কট্টর সমালোচক এ নারী লাইবেরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ধর্ম-গোত্রনির্বিশেষে সব নারীকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরুষেরা সহিংস ঘটনা ঘটালে স্ত্রীরা স্বামীদের সঙ্গে শারীরিক সম্পর্ক পরিহার করবেন। ২০০২ সালে মুসলিম ও খ্রিষ্টানসম্প্রদায়ের নারীদের ঐক্যবদ্ধ করে এমনই এক অভিনব কর্মসূচি চালু করেছিলেন তিনি।অন্যদিকে তাওয়াক্কুল কারমান মাত্র ৩২ বছর বয়সে প্রথম আরব নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার পেলেন। তিনি উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন নামের একটি ইয়েমেনি সংগঠনের প্রধান। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সরকারের বিরোধিতা করায় এবং দেশে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলায় বেশ কয়েকবার কারাবরণ করেছেন এ নারী। ওই দেশে চলমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি ব্যাপক পরিচিত পান।পুরস্কারের ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তাওয়াক্কুল বলেন, এ পুরস্কার আরব জনগণ, মুসলিম ও নারীদের জন্য বিরাট সম্মানের। তিনি তাঁর পুরস্কার সালেহ সরকারবিরোধী অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ-তরুণীসহ ইয়েমেনের জনগণের উদ্দেশে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রীর অভিনন্দন: বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া তিনজন সংগ্রামী নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এ পুরস্কার বিশ্বের নারী সমাজকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে আরও দৃঢ়প্রত্যয়ী হতে অনুপ্রেরণা জোগাবে।