নারীর অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে বাংলাদেশ মূলত একটি দরিদ্র দেশ হিসেবে পরিচিত হলেও একই সঙ্গে এ দেশকে বলা হয়ে থাকে এক অনন্ত সম্ভাবনার দেশ। বিশাল জনসংখ্যা-অধ্যুষিত মাথাপিছু এত স্বল্প আয়ের একটি দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও মানব উন্নয়ন সূচকে ক্রমবর্ধমান সাফল্যকে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন উচ্ছ্বসিত হওয়ার মতো বিষয় বলে আখ্যায়িত করেছেন। গত দুই দশক ধরে গড়ে ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধির ধারা বজায় রাখা ও রপ্তানি-আয়ের ঊর্ধ্বমুখিতা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশকে এক বিশিষ্ট স্থানে প্রতিষ্ঠা করেছে। জাতিসংঘ কর্তৃক সম্প্রতি প্রকাশিত (২০০৯) মানব উন্নয়ন সূচকে আগের তুলনায় বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। যার মূলে জনগণের গড় আয়ুষ্কাল বৃদ্ধি, নারীর প্রজনন হার ও শিশুমৃত্যুর হার হ্রাস এবং নারীশিক্ষার অভাবনীয় অগ্রগতি ও প্রাথমিক শিক্ষায় লিঙ্গ সমতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নারীর সহনশীলতা, প্রাকৃতিক ও সামাজিক প্রতিকূলতা মোকাবিলা করে পরিবার ও সন্তানের কল্যাণে নিরন্তর পরিশ্রম-প্রবণতাকে এই সামাজিক রূপান্তরের মূল উপাদান হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্ব ব্যাংকের জেন্ডার উন্নয়ন সিরিজেও (২০০৮) এই মন্তব্যের প্রতিফলন হয়েছে। বাংলাদেশের ৪০ বছরের পথ-পরিক্রমায় আমরা দেখি সনাতনী ধর্মীয় মূল্যবোধ ও পুরুষতান্ত্রিকতার আবরণে আচ্ছাদিত একটি দেশে পারিবারিক রক্ষণশীলতা ও সামাজিক বিধিনিষেধের বেড়াজাল ভেঙে নারীর বলীয়ান অগ্রযাত্রা যেকোনো নিরিখে এক বিরল দৃষ্টান্ত, যাকে কিছুটা স্ববিরোধী হিসেবে উন্নয়ন বিশেষজ্ঞরা বাংলাদেশ প্যারাডক্স হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের অধিকাংশ নারী কঠোরতা ও নিপীড়নের মধ্যে আবদ্ধ থাকা সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়নের পথে তাদের এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে অদম্য মনোবল এবং সন্তান ও পরিবারের কল্যাণ নিশ্চিতকরণের নিরলস প্রচেষ্টার মাধ্যমে। গৃহকোণ থেকে বেরিয়ে এসে পুরুষের সঙ্গে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে প্রবেশ নারীর জন্য ছিল এক বিরাট অর্জন, যা তার কর্মক্ষেত্রকে বিস্তৃত করেছে গ্রাম থেকে শহর অতিক্রম করে সুদূর বিদেশে। মাত্র দুই দশক আগেও যে নারীর কর্মক্ষেত্র সীমিত ছিল গৃহাঙ্গনে বা বিনা পারিশ্রমিকে পরিবারে শ্রমদানে; আজ সে শিল্প, রাজনীতি, প্রশাসন, সামরিক বাহিনী থেকে শুরু করে বিমান চালনা, ট্রেন চালনা, করপোরেট সেক্টর এবং অভিবাসী শ্রমিক হিসেবে বিশ্বাঙ্গনে পদচারণ করছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, সাংসদ, সচিব—সর্বত্র নারীর জয়জয়কার। নারীজীবনের এই বহুমাত্রিকতা জাতীয় অর্থনীতিতে এক দৃশ্যমান ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে, তা অস্বীকার করার উপায় নেই।কিন্তু এই কঠিন সংগ্রাম নারীর এগিয়ে চলার পথকে সুগম করতে পারেনি। সফল নারীরা এখনো শুধু সম্ভাবনার প্রতীক—তাঁরা ৫০ শতাংশ নারীর এক ক্ষুদ্রসংখ্যক, যাঁরা নতুন দিক পরিবর্তনের স্পন্দন সৃষ্টি করেছেন মাত্র, কিন্তু পরিবর্তনের জোয়ার সৃষ্টি করতে পারেননি। কারণ, সমাজের সর্বস্তরেই আজও কোনো না কোনোভাবে নারী-পুরুষের বৈষম্য জিইয়ে রাখা হচ্ছে, নারীকে বঞ্চিত করা হচ্ছে তার মানবিক ও ন্যায়সংগত সাংবিধানিক অধিকার থেকে। বাংলাদেশের ৪০ বছরের অর্জনের তালিকা সমৃদ্ধকারী নারীরা এখনো সবচেয়ে ক্ষমতাহীন ও নির্যাতিত গোষ্ঠীর অন্যতম। আমাদের আরাধ্য স্বাধীনতাকে প্রকৃতভাবে অর্থবহ করতে হলে নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক লিঙ্গবৈষম্যহীন সমঅধিকারভিত্তিক আলোকিত এক বাংলাদেশ সৃষ্টি করার।সালমা খান: অর্থনীতিবিদ ও নারীনেত্রী।