নারীর অর্থনৈতিক ক্ষমতায়নই সরকারের প্রধান কর্মসূচি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হচ্ছে তাঁর সরকারের সবচেয়ে অগ্রাধিকারমূলক এজেন্ডা এবং সর্বাধিক কল্যাণ লাভের জন্য সকল মানবীয় কর্মকাণ্ডে পুরুষের সমপর্যায়ে আসা তাদের জন্য অপরিহার্য।আজ বৃহস্পতিবার বিকেলে প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ‘গার্লস অ্যান্ড ওমেনস এডুকেশন ফর এমপাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক প্যানেল আলোচনা সভায় মূল প্রবন্ধে তিনি একথা বলেন।নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, সমাজের কল্যাণ প্রক্রিয়ায় নারীরা কেবল নির্বিকার অংশীদার নয়, বরং তারা সমাজ বিনির্মাণের সক্রিয় সহযোগী ও উদ্যোক্তাও। এই ধরনের পরিবর্তন কেবল নারীর জীবন ও কল্যাণই নয় বরং পুরুষ ও শিশুদেরও প্রভাবিত করে থাকে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু এবং জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রবর্তনের মাধ্যমে জেন্ডার ইস্যুতে নব যুগের সূচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে জেন্ডার ইস্যু ও নারীর ক্ষমতায়ন উন্নয়নের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। নারীর সমঅধিকার নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের ফলে বৈষম্যের বিরুদ্ধে ও নিজের অধিকারের পক্ষে তাদের সংগঠিত হওয়া এবং আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে সরকারি কর্মকাণ্ডে তাদের অধিক অংশগ্রহণ ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। স্কুলে ভর্তি এবং শিশু ও মাতৃমৃত্যু হ্রাসে চলমান জেন্ডার সমতা প্রক্রিয়ার নারী উন্নয়ন সূচকে ইতিবাচক অগ্রগতি হয়েছে।জনপ্রশাসনে নারীর জন্য ১০ শতাংশ কোটার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমার প্রথম সরকারের মেয়াদে প্রথমবারের মতো আমরা হাইকোর্টের বিচারপতি পদে মহিলা বিচারপতি নিয়োগ দেই এবং বর্তমানে আপিল বিভাগের বিচারপতি পদেও মহিলা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সহিংসতার শিকার নারী ও শিশুদের চিকিত্সাসেবা, আইনি ও পুলিশ সহায়তাসহ ৬টি বিভাগে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু রয়েছে। এ প্রসঙ্গে জাতীয় ট্রমা সেন্টার প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।এ সময় অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মালির প্রধানমন্ত্রী সিজে মারিয়াম কালদামা সিদিবে এবং ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভাও বক্তব্য রাখেন।—বাসস।