২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নয় বছরে মোট ১৭ হাজার ৬৫০ জন আত্মহত্যার চেষ্টা করেছেন এবং তাঁদের মধ্যে মারা গেছেন এক হাজার ৭৩৯ জন, যার ৭২ শতাংশই নারী?বাংলাদেশের আত্মহত্যাপ্রবণ এলাকা ঝিনাইদহের চিত্র এটি।১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব চৌধুরী সিনেট ভবনের বিশেষ সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয় ‘নারীর আত্মহনন: প্রেক্ষাপট ও প্রতিরোধ’ বিষয়ক সেমিনার। ঢাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, মানুষের জন্য ফাউন্ডেশন ও ঝিনাইদহের বেসরকারি সংগঠন শোভা আয়োজিত সেমিনারে শোভার নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম এভাবেই উপস্থাপন করেন এই পরিসংখ্যান। এখানে ভুক্তভোগী নারীরা জানান তাঁদের কথা। মধ্যবয়সী বিউটি বেগমের বিয়ে হয়ে যায় দশম শ্রেণীতে পড়া অবস্থাতেই। শ্বশুরবাড়িতে তাঁকে নানা কথা শুনতে হয়েছে। মাদকাসক্ত স্বামীর প্রহার থামেনি পর পর দুটি সন্তান হয়ে যাওয়ার পরও। জীবনের কোনো অর্থ খুঁজে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এখন তিনি বোঝেন আত্মহত্যা করলেই সবকিছুর সমাধান হয়ে যায় না। বিউটি বেগম বলেন, শিক্ষিত না তো কী হয়েছে? কাঁথা সেলাই, মুরগি পালা, সেলাই করে নিজের পায়ে দাঁড়াতে হবে। তা না করে আত্মহত্যা করলে সন্তান সর্বহারা হয়ে যাবে।উপস্থাপিত হয় কিশোরী মোসা. বিনা খাতুনের কথাও। প্রবাসী ছেলেকে সুপাত্র ভেবে নবম শ্রেণীতে পড়া অবস্থায় জোর করেই তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বাবা-মা। তবে সে তা হতে দেয়নি। স্কুলের শিক্ষক, শোভার ভাই-বোনদের নিয়ে আটকিয়েছে নিজের বিয়ে। নিজের চেষ্টায় এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৫ পেয়ে এখন সে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে প্রথম বর্ষের ছাত্রী।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক শাহনূর হোসেন ও কামাল ইউ এ চৌধুরী আত্মহত্যার প্রেক্ষাপট ও প্রতিরোধবিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন।প্রবন্ধে উপস্থাপিত হয় উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে আত্মহত্যার হার বেশি, একক পরিবারের সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশিসহ বিভিন্ন প্রেক্ষাপট। পারিবারিক দ্বন্দ্ব-কলহ, শারীরিক, মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুকজনিত নির্যাতন, কিশোর বয়সে পরীক্ষার ফলভীতি, শিক্ষকের অপমান, প্রেমে ব্যর্থতা, নারী-পুরুষ অসমতাকে আত্মহত্যার মূল কারণ বলে অভিহিত করেন বক্তারা। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহিদ আকতার হুসাইন। সমাজবিজ্ঞানের অধ্যাপক মাহবুবা নাসরীন,মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিখ-উল-ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপসচিব মো. মোয়াজ্জেম হোসেন। অধ্যাপক মেহতাব খানম জোর দেন সংবাদমাধ্যমে আত্মহত্যার সংবাদটিকে নেতিবাচকভাবে উপস্থাপন না করে অসহায় পরিবারটির কথা, তাদের আফসোসের কথা তুলে ধরার ওপর। আত্মহত্যার জন্য যারা প্ররোচনাকারী, তাদের শাস্তির বিষয়ে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হয় বলে জানান উপপুলিশ কমিশনার শামীমা বেগম।একটি কার্যকর হেল্পলাইনের ব্যবস্থা করার কথা বলা হয়, যাতে মনের কথা প্রকাশে বাধাটা সরে যায়। সাহসের সঙ্গে হোক জীবনের মোকাবিলা—এই প্রত্যয় নিয়েই শেষ হয় সেদিনের সেমিনার।