নারীর আয়ুতে জাপানকে টপকাল হংকং
বিশ্বে নারীর গড় আয়ুর তালিকায় সর্বোচ্চ আসনটি এখন হংকংয়ের নারীদের দখলে। এর আগে টানা ২৫ বছর ধরে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী নারীর তালিকায় এক নম্বরে ছিল জাপানি নারীরা। তাদের এই প্রথমবারের মতো টপকে গেল হংকংয়ের নারীরা। আজ শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানা যায়।২০১১ সালের মার্চে প্রলয়ঙ্করী সুনামি ও ভূমিকম্প আঘাত হানার পর এই ভয়াবহ বিপর্যয়ের জের ধরে জাপানি নারীর গড় আয়ু কমেছে বলে জাপানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে দাবি করা হয়। ওই বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১০ সালে জাপানের নারীদের গড় আয়ু ছিল ৮৬ দশমিক ৩০ বছর। ২০১১ সালে তা কমে দাঁড়ায় ৮৫ দশমিক ৯০ বছরে। অর্থাত্, গত এক বছরে জাপানি নারীর গড় আয়ু কমেছে শূন্য দশমিক ৪ বছর। গত বছর হংকংয়ের নারীদের গড় আয়ু ছিল ৮৬ দশমিক ৭০ বছর।প্রতিবেদনে বলা হয়, গত বছর জাপানে রিখটার স্কেলে ৯ তীব্রতার ভূমিকম্প ও পরে বড় ধরনের সুনামি আঘাত হানে। এতে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজও হয়েছে অনেকে, যা দেশটির প্রত্যাশিত গড় আয়ুকে নিম্নমুখী করেছে। তবে এই বড় ধরনের বিপর্যয় না ঘটলে এই পরিসংখ্যানে জাপানি নারীদের কখনো হংকংয়ের নারীরা পিছে ফেলতে পারত না বলে প্রতিবেদনে দাবি করা হয়। গড় আয়ুতে এই পিছিয়ে পড়ার অন্যান্য কারণ হিসেবে উল্লেখ করা হয় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, অসুস্থতা ও বেড়ে যাওয়া স্বাভাবিক মৃত্যু।অন্যদিকে গত এক বছরে জাপানি পুরুষদেরও গড় আয়ু কমেছে। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তাঁদের গড় আয়ু কমেছে শূন্য দশমিক ১১ বছর। জাপানের একটি সংবাদ সংস্থা জানায়, ২০১০ সালে পুরুষের গড় আয়ুর তালিকায় বিশ্বে চতুর্থ অবস্থানে থাকা জাপানের অবস্থান গত বছর নেমে এসেছে অষ্টম স্থানে।