নারীর উদ্যোগে সাঁকো
নদীর নাম চেকাডাড়া। নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোগড়া ও বাগডোকরা গ্রাম দুটিকে আলাদা করে রেখেছে নদীটি। এ ছাড়া দুই পাশে বামুনিয়া, বাড়বিশা, জোড়াবাড়ী, মাঝাপাড়া, দেবীডুবা, খুলখুলি, বুরার ডোবাসহ আরও প্রায় ১৫টি গ্রাম। নদীর ওপর কোনো সেতু নেই। এসব গ্রামের বাসিন্দারা বর্ষা মৌসুমে কলার ভেলা অথবা সাঁতরে নদীটি পার হয়ে যাতায়াত করে। গ্রামের শিশু-কিশোরদের অনেকেরই এ সময় স্কুলে যাওয়া বন্ধ। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতুর জন্য প্রতীক্ষা করেছে। নির্বাচনের প্রাক্কালে জনপ্রতিনিধিরা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন সেতু তৈরি করে দেওয়ার। কিন্তু সেই প্রতীক্ষার পালা যেন আর শেষ হয় না।অগত্যা জনদুর্ভোগ ঘোচাতে এগিয়ে এসেছেন নয়ানী বাগডোগড়া ও বাগডোকরা গ্রামের নারীরা। তাঁরা সবাই মিলে নদীর ওপর ১৬২ ফুট দীর্ঘ এক বাঁশের সাঁকো নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকাবাসীর। সাঁকো নির্মাণের পর তাঁদের আত্মবিশ্বাসও বেড়ে গেছে অনেক গুণ। এবার তাঁরা পরিকল্পনা করছেন এলাকায় একটি রাস্তা নির্মাণের।সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা গেল সাঁকো দিয়ে দিব্যি নদী পার হচ্ছে গ্রামের অসংখ্য শিশু-নারী-পুরুষ। বাগডোকরা গ্রামের মানিক রায় সরকার বলেন, ‘পুলখান (সেতু) দিবার বাদে যাতি-আসতে বহুত সুবিদা হইছে। ভোটের আগত চেয়ারম্যান কইছোলো, চেয়ারম্যান হইলে পুল করি দিবে। চেয়ারম্যানি শেষ হয়ে গেল, পুল হয় নাই। এর আগত জাতীয় পার্টির এমপি এলাকাত আসি দেখি গেইছে। পুল করি দিবার চাইছে কিন্তু আর কোনো খবর নাই। সবায় কয় পুল হওয়া দরকার, কিন্তু হয় না।’এই সাঁকোটি তৈরি করেছেন ‘পল্লীসমাজ সমিতি’ নামে গ্রামীণ নারীদের এক সমিতির সদস্যরা। সাঁকো তৈরির সিদ্ধান্ত নিয়ে তাঁরা গ্রামবাসীর কাছ থেকে বাঁশ সংগ্রহ করেছেন। যাঁদের বাঁশঝাড় আছে তাঁরা বাঁশ দিয়েছেন, যাঁদের নেই তাঁরা কেউ টাকা দিয়েছেন, অন্যরা নিজে খেটে সাঁকোটি তৈরি করেছেন।নয়ানী বাগডোগড়া গ্রামের অনিতা বালা বলেন, ‘প্রায় ১০ বছর আগে আমরা গ্রামের মহিলারা পল্লীসমাজ সমিতি নামে একটা সমিতি করেছি। এই সমিতির মাধ্যমে আমরা গ্রামের সমস্যাগুলো নিজেরাই সমাধান করার চেষ্টা করে যাচ্ছি।’সমিতির অপর এক সদস্য জয়ন্তী বালা বলেন, ‘বাইস্যার সময় হামার ছাওয়া-পাওয়াগুলা স্কুলত যাবার পায় না। কল্পনা দির (সমিতির সভাপতি) সাতে কতা কই। তারপর হামরা সপ্তায় সপ্তায় মিটিং করি। বেটা-ছাওয়াগুলা রাগ হয়, কয় হামরা পারি না, তোমরা পারিবেন? এক মাস আগত সিদ্ধান্ত হয় গ্রামের মাইনসের ঝাড় থাকি বাঁশ আনি পুল বানামো।’সমিতির সভাপতি কল্পনা রানী রায় প্রথম আলোকে বলেন, ‘১২ বছর আগে আমরা প্রথমে “শ্রমজীবী সমিতি” করি। এর পর কয়েকটা সমিতি নিয়ে প্রায় ১০ বছর আগে আমরা প্রতিষ্ঠা করি “পল্লীসমাজ সমিতি”। এ সমিতিতে ১১৫ জন নারী ও ১০০ জন পুরুষ সদস্য আছেন। পুরুষ সদস্যরা আমাদের অধীনে। আমরা গ্রামের সমস্যা চিহ্নিত করি। পরে তা সমাধানের উপায় খুঁজি। আমাদের অনেক সমস্যার মধ্যে ওই সাঁকোটা বড় সমস্যা ছিল। এলাকাবাসীর সবার সম্মিলিত সহযোগিতায় আমরা সাঁকোটি করতে পেরেছি। এখন বাবুপাড়া থেকে নিমজখানা পর্যন্ত রাস্তাটা প্রয়োজন। অনেক চেষ্টা করেছি, সরকারি সাহায্য-সহযোগিতা পাচ্ছি না। সিদ্ধান্ত নিয়েছি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা সমিতির নারীরাই অন্তত এক কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করব।’ তিনি জানান, এই সমিতির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশনসহ গ্রামের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন তাঁরা।এ ব্যাপারে বোড়াগাড়ী ইউপির চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার পর সেখানে তিন-চারবার বাঁশের সাঁকো করে দিয়েছি। বাঁশের সাঁকো টিকে না, প্রতিবছর করে দিতে হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেখানে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল, ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে রডের দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার আর কাজ করেনি।’ তিনি জানান, ইউনিয়নে অনেকগুলো সেতু নির্মিত হয়েছে। কিন্তু এই সেতুটি নির্মাণ করা হয়নি। সেতুটি নির্মাণ করা খুবই জরুরি বলে তিনি মন্তব্য করেন।