জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নসংক্রান্ত জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি-৩) অর্জনে বাংলাদেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে। স্কুলে ভর্তির দিক থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেন্ডার সমতার লক্ষ্যমাত্রা (টার্গেট) অর্জন করেছে বাংলাদেশ। তবে উচ্চশিক্ষা, মজুরিভিত্তিক অকৃষি খাত এবং জাতীয় সংসদে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে অর্জন আশানুরূপ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্য অর্জন করতে হলে এসব বিষয়ে সরকারের নজরদারি বাড়াতে হবে।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, সমাজে আইন ও নীতির অভাব নেই, কিন্তু তা কেউ মানছে না। ২০১০ সালেও ইউনিয়ন পরিষদের পুরুষ চেয়ারম্যান সালিসের নামে নারীকে পেটাচ্ছে—এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। শুধু নারী শিক্ষা বা সাক্ষরতার কথা বললে হবে না, পুরো সমাজকে সচেতন হতে হবে। পরিবারে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।শিক্ষা: এমডিজির লক্ষ্য অনুযায়ী, স্কুলে ভর্তির ক্ষেত্রে ২০০৫ সালের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেন্ডার সমতা অর্জন করার কথা ছিল। ইতিমধ্যে এই লক্ষ্য অর্জিত হয়েছে। ১৯৯০-৯৫ সালে প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে মেয়ে ও ছেলের অনুপাত ছিল ৪৫:৫৫। ‘বাংলাদেশ প্রাইমারি স্কুল সেনসাস রিপোর্ট ২০০৮’ শীর্ষক প্রতিবেদনে বলা হচ্ছে, এ অনুপাত ৫০:৪৯। ওই সময়কালে মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে মেয়ে ও ছেলের অনুপাত ছিল ৩৪:৬৬। ২০০৮ সালে হয় ৫৪:৪৬। তবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার যথাক্রমে ৪৮ ও ৪২ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে ঝরে পড়ার হার বেশি।২০১৫ সালের মধ্যে শিক্ষার সবস্তরে জেন্ডার সমতা অর্জন করার কথা। কিন্তু উচ্চশিক্ষায় নারীরা এখনো অনেক পিছিয়ে। উচ্চশিক্ষায় ১৯৯০-৯৫ সালে মেয়ে ও ছেলের অনুপাত ছিল ২৫:৭৫। গত ১০ বছরে উচ্চশিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার বাড়লেও তা বেড়েছে শুধু ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের হার ২৪ শতাংশেই আটকে আছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, উচ্চশিক্ষায়, বিশেষ করে চিকিৎসা বা প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মেয়েদের হোস্টেলসহ ভৌত অবকাঠামোর অভাব প্রকট। অদম্য মেধাবী ছাড়া গ্রামীণ ও অসচ্ছল পরিবারের মেয়েদের সাফল্যও তেমন চোখে পড়ে না।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সামাজিক নিরাপত্তার অভাবে অনেক অভিভাবক মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাসের পর মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন। একটি ছেলে বাসা ভাড়া বা মেসে থেকে অথবা আত্মীয়ের বাসায় থেকে পড়া চালিয়ে যেতে পারে। কিন্তু একটি মেয়ের ক্ষেত্রে প্রশ্ন তোলা হয়। এ ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গিও বাধা হিসেবে কাজ করছে।সংসদ: জাতীয় সংসদে নারী সদস্যের সংখ্যা বেড়েছে। ১৯৯১-৯৫ সালে নারী সদস্য ছিল ১২ দশমিক ৭ শতাংশ। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৯ জন নারী সরাসরি নির্বাচিত হন। আর সংরক্ষিত আসনে ৪৫ জন মনোনয়ন পান। নারী সদস্য বেড়ে এখন ১৯ শতাংশ (৬৪ জন) হয়েছে। নীতিনির্ধারণ ও সিদ্ধান্তের ক্ষেত্রেও নারীর অংশগ্রহণ বেড়েছে। তবে সরকার ও জাতিসংঘের উদ্যোগে প্রকাশিত ‘এমডিজি-৩ স্ট্যাটাস রিপোর্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে জেন্ডার সমতা অর্জন করতে হলে আগামী পাঁচ বছরে নারী সদস্যের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে তিন গুণ বাড়াতে হবে।অকৃষি খাত: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০০৯ সালের তথ্য বলছে, দেশে ১৫ বছরের বেশি বয়সী অর্থনৈতিকভাবে কর্মক্ষম শ্রমশক্তির সংখ্যা পাঁচ কোটি ৩৭ লাখ। এর মধ্যে এক কোটি ৩৫ লাখ নারী বিভিন্ন পেশায় নিয়োজিত। ১৯৯৫-৯৬ সালে অকৃষি খাতে পুরুষ-নারীর অনুপাত ছিল ৭৭:২৩, তবে ২০০৫-০৬ সালে তা হয় ৮০:২০। অর্থাৎ অকৃষি খাতে নারীর অনুপাত কমেছে।এমডিজি-সম্পর্কিত সরকারের অগ্রগতি প্রতিবেদনে (২০০৯) বলা হয়েছে, পোশাকশিল্প ছাড়া অন্যান্য অকৃষি খাতে নারীদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করা হয়নি। কর্মজীবী নারীর ক্ষেত্রে শিশু দিবাযত্ন কেন্দ্র না থাকাকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।চ্যালেঞ্জ: মহিলা অধিদপ্তর জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের ২০০৯ সালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প এলাকায় বাল্যবিবাহ বড় সমস্যা। প্রকল্পের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা অপ্রতুল।এ প্রকল্পের পরিচালক নিজামউদ্দিন-আল হোসাইনী প্রথম আলোকে বলেন, ১০ কোটিরও বেশি টাকা ব্যয়ে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে পুরুষদের সচেতন করার চেষ্টা হচ্ছে। তবে সিলেট ও কক্সবাজারের তৃণমূলের জনগণের অজ্ঞতা, অশিক্ষা ও ধর্মের অপব্যবহার প্রকল্পে বাধা সৃষ্টি করছে।পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগ থেকে প্রকাশিত ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নিডস এসেসমেন্ট অ্যান্ড কস্টিং ২০০৯-২০১৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের মধ্যে নারী বিচারকদের সংখ্যা বর্তমানের ১৫ থেকে ৫০ শতাংশ, সরকারি চাকরিজীবী ২৯ থেকে ৬০ ও পুলিশ ১৬ থেকে ৫০ শতাংশ করতে হবে।এ ছাড়া নারীদের কারিগরি শিক্ষার হার ১০ থেকে ৩০ শতাংশ, শিশু দিবাযত্ন কেন্দ্রে সন্তানকে রাখার জন্য মায়েদের সচেতনতা ২ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। বর্তমানে ৪২ শতাংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার। ২০১৫ সালে তা ১৫ শতাংশে নামিয়ে আনার কথাও বলা হয়েছে।আছে সফলতাও: সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের জেন্ডার-বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির কথা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ প্রতিবেদনে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮২তম, গত বছর ছিল ৯৩তম। অর্থনীতি, শিক্ষা, রাজনৈতিক ক্ষমতায়ন, স্বাস্থ্য খাতে নারী-পুরুষের অংশগ্রহণের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়।গত ৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত নারী অধিকারসংক্রান্ত সপ্তম দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে তৈরি পোশাকশিল্প খাতে নিয়োজিতদের ৮৫ ভাগই নারী। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ফলে নারীর ক্ষমতায়ন অনেক দূর অগ্রসর হয়েছে। নারীবিষয়ক গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিরদৌস আজীম প্রথম আলোকে বলেন, সিদ্ধান্ত গ্রহণ ও স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে গত শতাব্দীর আশির দশকের তুলনায় বর্তমানে বাংলাদেশের অর্জন অনেক। নারী আন্দোলন, সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন উদ্যোগের ফলে এটা সম্ভব হয়েছে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে জানান, জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ আসনে নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, সরকারি-বেসরকারি উদ্যোগে উচ্চশিক্ষায় নারীদের বিনা মূল্যে পড়ার সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন পরিকল্পনা সরকারের আছে। তিনি বলেন, এ ক্ষেত্রে মহিলাবিষয়ক মন্ত্রণালয়ে বাজেট বৃদ্ধির প্রয়োজন রয়েছে।