নারীর ক্ষমতায়নই সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হচ্ছে তাঁর সরকারের সবচেয়ে অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং সর্বাধিক কল্যাণ লাভে সব মানবীয় কর্মকাণ্ডে পুরুষের সমপর্যায়ে আসা তাঁদের জন্য অপরিহার্য। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে ‘গার্লস অ্যান্ড উইমেনস এডুকেশন ফর এমপাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় উপস্থাপিত মূল প্রবন্ধে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র হলেও জটিল জগতে বিশ্বায়নের এই যুগে শান্তি, সম্প্রীতি, কল্যাণ ও সমৃদ্ধি অর্জনের পথে আমাদের যাত্রা পুরুষের পাশাপাশি নারীদের সমমর্যাদার ওপর নির্ভরশীল। কেবল নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রকে সুসংহত করার পাশাপাশি সবার জন্য একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও সমৃদ্ধ এক বিশ্ব গড়তে পারি।’নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, সমাজের কল্যাণ-প্রক্রিয়ায় নারীরা কেবল নির্বিকার অংশীদার নয়, বরং তাঁরা সমাজ বিনির্মাণের সক্রিয় সহযোগী এবং উদ্যোক্তাও। এই ধরনের পরিবর্তন কেবল নারীর জীবন ও কল্যাণই নয়, বরং পুরুষ ও শিশুদেরও প্রভাবিত করে থাকে।প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে সাম্প্রতিক বিশ্বে অনেক অগ্রগতি হলেও এ ক্ষেত্রে এখনো অনেক কিছু করার রয়েছে। সমসাময়িক বৈশ্বিক অর্থনীতি সমৃদ্ধ করতে হলে নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের সুস্বাস্থ্য নিশ্চিত করে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে।২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু এবং জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রবর্তনের মাধ্যমে জেন্ডার ইস্যুতে নবযুগের সূচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে জেন্ডার ইস্যু ও নারীর ক্ষমতায়ন উন্নয়নের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।শেখ হাসিনা বলেন, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে এবং ২০০০ সালে মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা ছেলেদের ছাড়িয়ে গেছে।বাংলাদেশের রাজনীতিতে নারীর তাৎপর্যপূর্ণ অগ্রযাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৪৫টি সংরক্ষিত আসন এবং সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় ১৯ জনসহ মোট ৬৪ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা মোট আসনের ১৯ শতাংশ।জনপ্রশাসনে নারীর জন্য ১০ শতাংশ কোটার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমার প্রথম সরকারের মেয়াদে প্রথমবারের মতো আমরা হাইকোর্টের বিচারপতি পদে মহিলা বিচারপতি নিয়োগ দিই এবং বর্তমানে আপিল বিভাগের বিচারপতি পদেও মহিলা নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমান মেয়াদে আমরা হাইতিতে সব মহিলা পুলিশ সদস্যের সমন্বয়ে জাতিসংঘ মিশনে এক মহিলা কন্টিনজেন্টস প্রেরণ করেছি।’অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মালির প্রধানমন্ত্রী সিজে মারিয়াম কালদামা সিদিবে এবং ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভাও বক্তব্য দেন।ফ্রান্সে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা: প্যারিসের হোটেল ইন্টারকনটিনেন্টালে গত বুধবার রাতে আওয়ামী লাগের ফ্রান্স শাখা প্রধানমন্ত্রীর জন্য এক সংবর্ধনার আয়োজন করে। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার তাদের নিজেদের আমলে সারা দেশে একযোগে প্রায় ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটাতে জঙ্গিদের মদদ দিয়েছিল। প্রধানমন্ত্রী বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি মধ্যম আয়ের শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে তাঁর সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান। তিনি যুদ্ধাপরাধীদের বিচারে তাঁর সরকারের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে ইনশা আল্লাহ। তিনি নারী উন্নয়ন নীতির ব্যাখ্যা করে বলেন, নারী উন্নয়ন নীতিতে কোথাও কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো কথা নেই। ইউনেসকো মহাপরিচালকের সাক্ষাৎ: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক ইরিনা বোকোভা গতকাল বিকেলে ইউনেসকোর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।দেশের পথে রওনা: প্রধানমন্ত্রী গতকাল স্থানীয় সময় রাত নয়টা ৫০ মিনিটে প্যারিস থেকে দেশের পথে রওনা হয়েছেন। তিনি আজ সন্ধ্যায় ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।