নারীর ক্ষমতায়নে তিন বোনের দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তির দেশ চীন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও নারীর ক্ষমতায়নে বেশ পিছিয়ে। আগামী মাসে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কমিটিতে যে পরিবর্তন আসবে, এতেও নারীর উপস্থিতি থাকবে না। চীনা নারীরা অবশ্য আজ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন, যা থেকে পুরোনো দিনের নারীরা ছিলেন বঞ্চিত। ক্ষমতায়নের দিক থেকে এ যুগের নারীদের যদি এই হাল হয়, ১০০ বছর আগের চিত্র কী ছিল, তা সহজেই অনুমেয়। তাই বলে কি গত শতকে নারী ক্ষমতাবলয়ে আসেনি? হ্যাঁ, এসেছে। তবে ঘুরপথে। তা ছিল ক্ষমতাবানদের বিয়ে করে সেই বলয়ে নিজের জায়গা করে নেওয়া। গত শতকে এভাবে নারীর ক্ষমতায়নে উদ্যোগী হয়ে নিজেদের প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিলেন চীনের সাংহাইয়ের সুং বোনেরা। বাবার অনুপ্রেরণায় পাশ্চাত্য আধুনিকতায় নিজেদের দীক্ষিত করে তিন বোন ক্ষমতাবান ব্যক্তিদের নজর কাড়তে সক্ষম হন। তারপর শুরু হয় তাঁদের ক্ষমতায়নের সোপানে আরোহণ।চীনের সাংহাইয়ের হুয়াংহু নদীর পারে শতবর্ষ আগে বাণিজ্যের প্রসার শুরু। ঔপনিবেশিক শাসনামলের ওই সময় চলে পণ্যের আদান-প্রদান, সঙ্গে এক দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের যোগাযোগ। সে সময় চার্লি সুং নামের এক ভ্রমণপ্রিয় মানুষ বিশ্ব দেখতে বের হন। ফিরে আসেন বিপ্লবের আদর্শ আর নারীর ক্ষমতায়নের বোধ নিয়ে। সাংহাই সমাজের প্রতিষ্ঠাতা চার্লি সুংয়ের পূর্বসূরিরা পরিবারের মেয়েদের অবজ্ঞা করলেও তিনি ব্যতিক্রমী উদ্যোগ নেন। আধুনিক নারীর জীবনযাপন-দৃষ্টিভঙ্গি রপ্ত করতে তিন মেয়েকেই যুক্তরাষ্ট্র পাঠান। মেয়েরাও বাবার উদ্যোগের প্রতি সম্মান দেখিয়ে নিজেদের সেভাবে গড়ে তোলেন। ১৯১৪ সালে বড় বোন এইলিং সুং বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের বংশের এইচ এইচ কুংকে বিয়ে করেন। পরবর্তী সময়ে কুং চীনের অর্থমন্ত্রী হন। সে সময় স্বামীর প্রভাব-প্রতিপত্তি কাজে লাগিয়ে নিজেদের ব্যবসাকে ফুলিয়ে-ফাঁপিয়ে নেন এইলিং। আধুনিক চীনের ইতিহাস লেখক জনাথন ফেনবাই সুং বোনদের বড়জনের ভূমিকাকেই এভাবেই ব্যাখ্যা করেছেন। পরিবারের আপত্তি সত্ত্বেও দ্বিতীয় বোন কিনংলিং বিয়ে করেন বিবাহিত বিপ্লবী নেতা সান ইয়ােসনকে। সামন্তবাদ, দারিদ্র্য ও সাম্রাজ্যবাদমুক্ত নতুন চীন, যেখানে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে—এমন আদর্শের ধারক হিসেবে কিনংলিং খুব অল্প সময়েই এই বিপ্লবী নেতার বিশ্বস্ত সহযোগীতে পরিণত হন। ১৯১২ সালে কিং সাম্রাজ্যের পতনের পর সান চীনের প্রেসিডেন্ট হন। সান ১৯২৫ সালে মৃত্যুবরণ করেন। এরপর ক্ষমতায় বসেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা চিয়াং কাইসেক, চীনের ইতিহাসে যিনি ফ্যাসিস্ট শাসক হিসেবে পরিচিত। সুং বোনদের ছোটজন মেইলিং ১৯২৭ সালে এই শাসককে বিয়ে করে দেশটির ফার্স্ট লেডি হন। চিয়াংয়ের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে একসময় টিকতে না পেরে সোভিয়েত ইউনিয়নে পাড়ি জমান কিনংলিং। চীনের এই আলোচিত তিন বোনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন মাবেল চেউং। চলচ্চিত্রটিতে তিনি দেখান, একজন ফ্যাসিস্টকে বিয়ে করা নিয়ে ছোট বোন মেইলিংয়ের সঙ্গে মেজো বোন কিনংলিংয়ের মতবিরোধ হয়। বিষয়টি নিয়ে মেজোজন বড় বোন এইলিংয়ের কাছে নালিশ করলে তিনি বলেন, ‘সমস্যা কী? এতে সবাই সুবিধা পাবে। চিয়াংয়ের রাজনৈতিক ক্ষমতা, আমার স্বামীর অর্থ আর সুং পরিবারের মর্যাদা—সব মিলিয়ে আমরা চীনে সবচেয়ে ক্ষমতাশালী গোষ্ঠী হব।’চীনের পোশাক ও সংস্কৃতি নিয়ে একাধিক বইয়ের লেখক ভেরিটি উইলসন এই তিন বোন সম্পর্কে বলেন, সাধারণ মানুষের কাছে এই তিনজন বিশাল কিছু ছিলেন। এখনকার দিনের তারকাদের মতো তাঁদের ছবিও তখন সাময়িকীতে ঠাঁই পেত। তবে একসময় তাঁদের নিজেদের মধ্যে মতবিরোধ আর ক্ষমতার দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। ১৯৪৯ সালের পর এই তিন বোন কখনো এক হননি, কেউ কারও ছায়াও মাড়াননি।শাসকের স্ত্রী হিসেবে ছোট বোন ছিলেন সত্যিকারের আবেদনময়ী। এর সঙ্গে যোগ হয়েছিল তাঁর সৌন্দর্য ও ফ্যাশনবোধ। একই সঙ্গে ছিল কিছু রহস্যময়তা। তবে শেষ জীবনটা বেশ নিঃসঙ্গ গেছে তিন বোনেরই। বড় বোন এইলিং ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রে মারা যান। সেখানেই তাঁকে সমাহিত করা হয়। কিংলিং মৃত্যুর পর চীনে শায়িত হন। আর মেইলিং ১০৫ বছর বয়সে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। তাঁরা কেমন বা কে কী ভুল করেছিলেন, ইতিহাস হয়তো একদিন তার বিচার করবে। তবে এ কথা বলার অপেক্ষা রাখে না, রক্ষণশীল চীনা সমাজে নিজেদের মেধা, সৌন্দর্য, আধুনিকতা আর বুদ্ধি দিয়ে তাঁরা পথ দেখিয়েছিলেন নারীর ক্ষমতায়নে প্রবেশের। তাঁদের দেখানো পথ অনুসরণ করে চীনের বহু নারী ক্ষমতা কাঠামোতে সরাসরি না ঢুকেও অনেক বেশি ক্ষমতার কাছাকাছি থেকেছেন। দেশের রাজনীতি, অর্থনীতি আর সমাজনীতিতে আড়াল থেকে কলকাঠি নেড়েছেন।