নারীর খবর মানে ভালো খবর হোক
কথায় কথায় আমরা উচ্চারণ করি যে এ দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে নারীর অবদানই বেশি। বাংলাদেশে পোশাকশিল্পের ৮০ শতাংশ শ্রমিকই নারী। গবেষকদের উপাত্ত আমাদের নতুন করে আশা জাগায়। কিন্তু হায়, যখন দাউ দাউ আগুনে পুড়ে যান শত শত পোশাকশ্রমিক, তখনো আমাদের টনক নড়ে না। আমরা আবার সরু সিঁড়ি নির্মাণ করি, কলাপসিবল গেটে তালা দিই। আবার আগুন, আবার কান্না। যেন আমরা কাঁদতে জানি, কিন্তু কান্না বন্ধের কার্যকর উদ্যোগ নিতে জানি না। তবে বারবার কাঁদতে কাঁদতে আর লাশের পর লাশ দেখতে দেখতে এ দৃশ্য যেন আমাদের গা-সহা হয়ে গেছে! আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসের জন্মকথায় জড়িয়ে আছে নারী শ্রমিকদের প্রতিবাদ। মজুরি-বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা আর কাজের জায়গার মান উন্নয়নের লক্ষ্যে সোচ্চার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকেরা। ১৮৫৭ সাল, ৮ মার্চ। ১৯০৮ সালে নিউইয়র্কে আবারও সেই একই দাবিতে প্রতিবাদ। তবে আজ যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, এর পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেৎকিন। জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের অন্যতম ক্লারা জেৎকিন ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে একটি বিশেষ দিনকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। সমাজতান্ত্রিক দেশগুলো এগিয়ে এল। ১৯১৪ সাল থেকে দিনটি বিভিন্ন দেশে পালিত হওয়া শুরু হলো। স্বাধীনতার আগে থেকে এ দেশেও দিনটি পালিত হতো। তবে জাতিসংঘের আহ্বানে ১৯৭৫ সালে ৮ মার্চ নারী দিবস হিসেবে পেল আন্তর্জাতিক স্বীকৃতি। নারীদের সম-অধিকার আদায়ের দাবি নিয়েই দিনটি পালিত হচ্ছে দেশে দেশে। দিনটি এখন যেমন সংগ্রামের দিন, অধিকার আদায়ের দিন, একই সঙ্গে সাফল্যের আর আনন্দের দিন। আমাদের দেশে নারীর সাফল্যের তালিকা নেহাত কম নয়। ব্যক্তি থেকে সমষ্টি—নারী এগিয়ে চলেছে। কুষ্টিয়ার মফস্বল অঞ্চলে পুকুরে সাঁতার কেটেই ববিতা যেমন ছিনিয়ে নেন জাতীয় পর্যায়ের ২৫টি স্বর্ণপদক, তেমনি বিসিএসের মতো প্রতিটি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেয়েদের ভালো ফল রীতিমতো প্রশংসনীয়। জলে-স্থলে-আকাশে—সশস্ত্র বাহিনীতে বাড়ছে মেয়েদের সংখ্যা। ঢাকা শহরে সংগ্রাম করে ক্রীড়াবিষয়ক প্রতিবেদন তৈরি করছেন একটি মারমা মেয়ে। নারী সহকর্মীদের নিয়ে বন পাহারা দিয়ে ওয়াংগারি মাথাই পুরস্কার আনতে টেকনাফ থেকে ইতালি যাচ্ছেন খুরশিদা। এ যুগের পেশা আউটসোর্সিং। তাতেও পিছিয়ে নেই নারী। আর অহংকার করে বলতে পারি, বারডেমের মতো বড় হাসপাতালের মহাপরিচালক হন একজন নারী। চারদিকে কেবল খারাপ খবরের ছড়াছড়ি। প্রথম আলোর আজকের বিশেষ সংখ্যায় তাই নারীদের সাফল্যের কাহিনিই তুলে ধরার চেষ্টা। তবে এটাও তো ঠিক, চলন্ত বাসে যখন একজন নারী যৌন হয়রানির শিকার হন কিংবা কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় যখন বিকৃত মানসিকতার প্রতিবাদ করতে গিয়ে খুন হন একজন নারী চিকিৎসক, তখন অর্থনীতি থেকে রাজনীতি, নারীশিক্ষা থেকে মাতৃমৃত্যুরোধ—সব জায়গায় আমাদের সফলতা ম্লান হয়ে যায়। আমরা তা চাই না। আমরা চাই, নারীর খবর মানেই তা ভালো খবর হোক। সুমনা শারমীন