নারীর জায়গা ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর জায়গা ঘরে। নারীর উচিত গৃহস্থালির কাজেই নিজেকে ব্যস্ত রাখা। এমন মন্তব্য করেছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত। এই মন্তব্যের স্বপক্ষে মোহন ভগতের যুক্তি হলো, সামাজিক প্রয়োজনে নারী ও পুরুষ বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্ত্রীর উচিত বাড়ির কাজকর্ম করা এবং স্বামীকে সন্তুষ্ট রাখা। আর স্বামীর কাজ স্ত্রীর প্রয়োজন মেটানো ও তাঁকে সুরক্ষা দেওয়া। গতকাল শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে আরএসএস কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন মোহন ভগত। খবর পিটিআইয়ের। এদিকে মোহন ভগতের ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বামপন্থী সিপিআই (এম) নেতা বৃন্দা কারাত বলেন, আমি তাঁর এই মন্তব্যে অবাক হইনি। কারণ তাঁর মন্তব্যেই প্রমাণ হয় যে, আরএসএসের চরিত্র এটাই। যখন তিনি বক্তব্য দেন তখন তাঁর হীন মানসিকতাই প্রকাশ পায়। তবে আরএসএসের মুখপাত্র রাম মাধবের দাবি, মোহন ভগতের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলতে চেয়েছেন পশ্চিমা সমাজে বিয়েটা হল এক ধরনের চুক্তি। আর আমাদের ভারতীয় সমাজে বিয়েটা হল বন্ধন। যেখানে নারীদেরকে শ্রদ্ধার আসনে বসানো হয়। আর নারী পরিবারের অনেক বড় দায়িত্ব পালন করেন। এর আগে গত শুক্রবার আসামের শিলচরে আরএসএস কর্মীদের এক সমাবেশে মোহন ভগত বলেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবেই ভারতের নগরগুলোতে ধর্ষণে মতো ঘটনা ঘটছে। তিনি দাবি করেন শুধুমাত্র শহরেই এ ধরনের অপরাধের ঘটনা ঘটে। কিন্তু গ্রামে গণধর্ষণ বা যৌন অপরাধের ঘটনা ঘটে না। গত ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে প্যারামেডিকেলের ছাত্রী বাসে গণধর্ষণের শিকার হন। পরে তাঁর মৃত্যু হয়। এক জরিপে জানা গেছে, দিল্লিতে প্রতি ২০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। এই প্রসঙ্গেই মন্তব্য করেন মোহন ভগবত।