উন্নয়নে নারীর ভূমিকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীরা শিক্ষিত স্বাবলম্বী হচ্ছেন। প্রশাসনের উচ্চপর্যায়ে নারী তাঁর নিজ যোগ্যতায় অধিষ্ঠিত হচ্ছেন। কিন্তু নারী কি তাঁর সঠিক মর্যাদা পাচ্ছেন? বিশ্বের বিভিন্ন দেশে কর্মদক্ষ নারীর ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, নারীরা পুরুষদের তুলনায় কম অসৎ, কম দুর্নীতিবাজ, কম ফাঁকিবাজ। কিন্তু পুরুষ তাঁদের পিতৃতান্ত্রিক মনোভাব পরিবর্তনে নিতান্তই অনিচ্ছুক বলে নারীর এসব অর্জনকে বাঁকাভাবে দেখছেন। কি প্রশাসনে, কি ব্যবসা-বাণিজ্যে, কি শিল্প-সংস্কৃতিতে, কি শিক্ষাক্ষেত্রে—সবখানেই এক চিত্র। প্রশাসনে উচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন এমন নারীদের বেলায় হোক বা অন্য ক্ষেত্রেই হোক, নারীদের পদোন্নতি হলে তাঁর পেছনেও অনেকে অন্য কিছুর গন্ধ পান। শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে তো ধরেই নেওয়া হয়, গডফাদারদের সন্তুষ্ট না করে কেউ এগিয়ে যেতে পারেন না। এমনকি লেখক-কবিও নাকি হওয়া যায় না।মিতালি শাকিল (ছদ্মনাম) মাঝারি মাপের কর্মকর্তা। শিক্ষিত, স্মার্ট। অফিসের বস বিভিন্ন সেমিনার, কর্মশালায় মিতালিকে মনোনীত করেন। মিতালি চমৎকার উপস্থাপনায় নিজের দপ্তরের প্রতিনিধিত্ব করেন। বিদেশে অফিশিয়াল ভ্রমণে মিতালিকে দুবার মনোনয়ন দেওয়া হয়। ব্যস, আর যায় কোথায়! মিতালির পুরুষ সহকর্মীরা বস আর মিতালিকে জড়িয়ে বিতিকিচ্ছিরি রটনা শুরু করে দিল। এদিকে বসের বউ এসে অফিস তোলপাড় করে তো ওদিকে মিতালির স্বামী তালাকনামা প্রস্তুতের জন্য কৌঁসুলির শরণাপন্ন হন। শেষ পর্যন্ত বেচারা মিতালি চাকরি ছেড়ে দিয়ে ঘরকন্নায় মনোনিবেশ করলেন। বিদেশে হাইকমিশনে কর্মরত শাহরিন মাসুদের (ছদ্মনাম) খুব সুনাম। একই মর্যাদায় আরও একজন দেশি পুরুষ আছেন। কিন্তু পদোন্নতি হলো শাহরিনের তাঁর যোগ্যতা, কর্মদক্ষতা ও পরিশ্রমের গুণে। পুরুষ সহকর্মী দেশে ফিরে এলেন। এসেই বন্ধু-কলিগদের কাছে বানের জলের মতো গলগল করে শাহরিনের দুর্নাম ঢেলে দিতে লাগলেন।পুরুষের ধারণা, নারীর কেবল একটাই সম্বল, তা হচ্ছে তার যৌনাকর্ষণ। পুরুষকে জীবিকার সন্ধানে অনেক কাঠখড় পোড়াতে হয়। উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, পরিশ্রম, তদবির ইত্যাদি শেষ করেই নিজের ও পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করা লাগে। আর নারী?সমাজও চায় যে নারী নিজেকে করে তুলবে কামসামগ্রী। যে ফ্যাশনের জন্য সে নারী হয়ে উঠেছে, তাকে একটি স্বাধীন ব্যক্তি হিসেবে প্রকাশ করা তার উদ্দেশ্য নয়, বরং তার উদ্দেশ্য হচ্ছে পুরুষের কামনার কাছে তাকে একটি শিকাররূপে দান করা, তাই সমাজ তার কর্মোদ্যোগকে এগিয়ে দেয় না, বরং চেষ্টা করে সেগুলোকে ব্যাহত করার। (দ্বিতীয় লিঙ্গ—সিমোন দা বোভোয়ার) আসলে নারীর যোগ্যতা নিয়ে পুরুষের এসব অপবাদ নিছকই ঈর্ষা। নারীর অগ্রগতির বয়স খুব বেশি দিনের নয়। বেশির ভাগ পরিবারেই এখনো মেয়েশিশুকে দ্বিতীয় স্তরের গণ্য করা হয়। কেউ বলেন, ‘মেয়ের পেছনে অত ঢেলে করবটা কী? মেয়েকে তো বিদেয় করতেই হবে। বিদায়ের সময় ওদের ভালো থাকার জন্যই তো এখনকার এ কৃচ্ছ্র সাধন’। অনেকে নিজেকে একটু উঁচুস্তরে প্রতিপন্ন করার জন্য বলেন, ‘মেয়ের শখই বেশি পূরণ করি। পরের বাড়ি গিয়ে কীভাবে থাকবে না থাকবে...।’ পিতামাতারা আজও কন্যাদের তাদের বিকাশের জন্য বড় না করে বড় করে বিয়ের জন্য। তারা এর মাঝে এত বেশি সুবিধা দেখতে পায় যে তারা নিজেরাই এটা চাইতে থাকে। এর ফল হচ্ছে যে তারা সাধারণত হয় কম প্রশিক্ষিত, ভাইদের থেকে তাদের ভিত্তি হয় কম দৃঢ়, তারা তাদের পেশায় মন দেয় অনেক কম। এভাবে তারা নিজেদের নষ্ট করে, থেকে যায় নিম্নস্তরে, হয় নিকৃষ্ট এবং গড়ে ওঠে দুষ্টচক্র: পেশাগত নিকৃষ্টতা তাদের ভেতরে বাড়িয়ে তোলে একটি স্বামী লাভের আকাঙ্ক্ষা। (দ্বিতীয় লিঙ্গ—সিমোন দা বোভোয়ার) প্রকৃতপক্ষে নারী পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বাইরে বেড়ে ওঠার সুযোগ পান না। নারীর সব ধরনের অমর্যাদা, অধস্তনতা, নির্যাতন, পীড়ন, বন্দিদশা ও যাবতীয় দুরবস্থার জন্য পিতৃতান্ত্রিক মনোভাবই যে দায়ী, তা সুশিক্ষিত বিবেকবান মানুষের অস্বীকার করার উপায় নেই। এখনো নারীকে একজন মানুষ হিসেবে মর্যাদা দিতে পুরুষকুল অপারগ। একদিন একজন পুরুষ সঞ্চালিত নারী দিবসের একটি টিভি টক শোতে সমাজে প্রতিষ্ঠিত নারীদের উপস্থিতিতে নারীর প্রত্যাশা নিয়ে আলোচনা হচ্ছিল। আজকের শিক্ষিত নারীরা কোন কোন পেশায় যেতে চান বা কে কী হতে চান, সঞ্চালকের জিজ্ঞাসার জবাবে নারীরা চ্যালেঞ্জিং সব পেশাতেই সফল হচ্ছেন বলে তাঁরা জানালেন। কেবল একজন বললেন, সবার আগে মানুষ হিসেবে মর্যাদা পেতে চাই। এখনো নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে মর্যাদা দিতে অনেকেই কুণ্ঠা বোধ করেন। নারীর যে চিত্র তাদের মর্মমূলে প্রোথিত, সেখান থেকে বের হয়ে আসা কয়েক পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাঠগ্রহণের পর কিছুটা হলেও সম্ভব। নারীর শারীরিক দুর্বলতাকে তাঁর অযোগ্যতা হিসেবে দেখা হয়। এই সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক জেন্ডার সাম্যের আলোচনায় বারবার বলছিলেন, ‘কর্মক্ষেত্রে নারী আর পুরুষ কীভাবে সমতা আনবেন? একজন নারী কি পুরুষের মতো পেশিশক্তির অধিকারী? তিনি কি পুরুষের মতো দশ মণি বস্তা টানতে পারেন’? আশ্চর্য! এখনো কায়িক পরিশ্রমকে কর্মের আদর্শ বিবেচনা করে তিনি যুক্তি প্রদর্শন করছেন। নারী যে একজন নীতিনির্ধারকও হতে পারেন, এ তাঁর মাথাতেই নেই। অথচ তাঁর সামনেই রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্থানে নারী। তাই অনেকেই মনে করেন, নারীরা ঝুঁকিপূর্ণ কাজের অযোগ্য, নেতৃত্ব প্রদানে মেধাহীন। কেবল সন্তান ধারণ, জন্মদান ও লালনপালনই নারীর উপযুক্ত কাজ। এখনো নারীদের কোনো সভা বা সম্মেলনের খবর ছাপতে গিয়ে সাংবাদিকেরা লেখেন, অসংখ্য নারী যোগদান করেছিলেন। আর কোনো জনসভায় যেখানে ৯৯ ভাগ পুরুষ, সেটার খবরে লেখেন, মানুষে মানুষে জনসমুদ্রে পরিণত হয়েছিল। তো যতক্ষণ পর্যন্ত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমাজ থেকে দূর না হচ্ছে, ততক্ষণ সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে নারী অমর্যাদার শিকার হতেই থাকবেন। তবে এ কথাও অস্বীকার করার নেই যে শিল্প-সংস্কৃতি অর্থাৎ সংগীত, যাত্রা, নাটক, সিনেমা, মডেলিং ইত্যাদি বিকাশের কালে নারীকে অনেক মূল্য দিতে হয়েছে। নারীর প্রতিভা ছিল কিন্তু সুযোগ ছিল কম। এসব নারীকে অনেক অসম্মান সহ্য করে সামনের দিকে অগ্রসর হতে হয়েছে। শুধু শিল্প-সংস্কৃতি কেন, উচ্চশিক্ষা গ্রহণেও নারীর অনেক কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে। ষাটের দশকে চাকরীজীবী নারীদেরও সুদিন ছিল না। তখন এ দেশে চাকরি করা নারী মানেই হয় বিধবা, তালাকপ্রাপ্ত, না হয় অবিবাহিত। নারীর জন্য একটাই চাকরি ছিল, তা হচ্ছে নার্সিং। বড়জোর প্রাইমারি স্কুলের শিক্ষকতা। বিবাহিতা গৃহবধূরা ছিলেন অধিক মর্যাদাসম্পন্ন। এমনকি এসব গৃহবধূর মনেও স্বামী বা পুরুষ আত্মীয়রা ধারণা বদ্ধমূল করতে সমর্থ হতেন যে চাকরীজীবী নারীমাত্রই মুখরা, নির্লজ্জ, বাজে। এ দেশের বেশির ভাগ পরিবারের পাত্রী পছন্দের তালিকায় পেশাজীবী নারী নিষিদ্ধ ছিল। এখনো অনেক পরিবার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চান না। যদিও কেউ কেউ চান, কিন্তু হল-হোস্টেলে থাকা মেয়ের ব্যাপারে নো কম্প্রোমাইজ। ওদের আবার কোনো চরিত্র আছে নাকি? তাঁদের বিবেচনায় সবচেয়ে ভালো পাত্রী মেয়েদের কলেজে অনার্স প্রথম বর্ষে পড়া লাজুক অষ্টাদশী।একসময় উচ্চশিক্ষায় নারীর আগমন কম ছিল বলে উচ্চপদে নারীর যোগদানও ছিল নগণ্য। এখন উচ্চশিক্ষার হার বেড়েছে। ছেলেমেয়ে একসঙ্গে প্রায় একই অনুপাতে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এসব ছেলেমেয়ের মধ্যে প্রস্তাবিত বিয়ের ধারণাও ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে। তাঁরা সহপাঠীদের সঙ্গে ভবিষ্যৎ জীবন গড়ার লক্ষ্যে নিজেদের তৈরি করছেন। জীবনে প্রতিষ্ঠার জন্য যৌথ স্বপ্নের খেয়ায় হাতধরাধরি করে এগিয়ে চলেছেন। এসব জুটির মেয়েরা কেবল ঘর-সংসার করবেন আর ছেলেগুলো রোজগার করে খাওয়াবে, এ চিন্তা তাঁদের ধারণার বাইরে। তাঁরা যে যার পেশা বেছে নেওয়ার জন্য শিক্ষাজীবনেই ক্ষেত্র রচনায় মনোনিবেশ করছেন। খুব আশার কথা, এ প্রজন্মের এ মনোভাবে যেমন একদিকে যৌতুকপ্রথাও অবলীলায় বিলীন হয়ে যাবে, তেমনি পেশার ক্ষেত্রেও নারীকে আর আজকের মতো অমর্যাদার মুখোমুখি হতে হবে না।