নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আজ পুরুষদের সমাবেশ
সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে নারীর প্রতি সহিংসতা রোধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে পুরুষদের সম্মিলিত সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করছে প্রথম আলো ট্রাস্ট ও নাগরিক সমাজ। আজ মঙ্গলবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ ও টিএসসি পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেখান থেকে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করবে। শহীদ মিনারের সামনে সমাবেশে স্মারকলিপি পড়ে শোনাবেন ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। এই আয়োজনে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো), বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, গণসাক্ষরতা অভিযান, টিআইবি, এসিড সারভাইভারস ফাউন্ডেশন, নারীপক্ষ, কর্মজীবী নারী, অ্যাকশনএইড, হাঙ্গার প্রজেক্ট, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া বিশিষ্ট নাগরিক, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মী, নারীনেত্রী ও সাংবাদিকেরাও অংশ নেবেন।