নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তরুণদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের সবক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলতে শপথ নিয়েছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: সত্যিকার পুরুষ হোন’ শিরোনামে কনসার্ট। যৌথভাবে আয়োজন করে ইউএনএফপিএ ও বামবা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিউজিক্যাল ব্যান্ডস)। আর এই কনসার্টে শপথ নিয়েছে এই প্রজন্মের ছেলেমেয়েরা। কনসার্টে অংশ নিয়েছে এলআরবি, নগর বাউল, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, অর্থহীন, প্রমিথিউস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, নেমেসিস, পাওয়ার সার্জ এবং বেদুঈন। কনসার্টে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফছারুল আমীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুরুল আলম এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম।কনসার্টের শুরুতেই ছিল বেদুঈনের পরিবেশনা। এরপর রাত পর্যন্ত ব্যান্ডের সদস্যরা গান পরিবেশনের আগে কনসার্টের মূল লক্ষ্য ও বক্তব্য নিয়ে তাঁদের মতামত ও অনুভূতি প্রকাশ করেন। উপস্থিত সবাইকে জীবনের সর্বক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলতে সোচ্চার হতে ও প্রতিরোধ গড়ে তুলতে দৃপ্ত শপথ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন বলেন, ‘আজ আমরা এখানে সমবেত হয়েছি জীবনের সর্বক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে সোচ্চারভাবে “না” বলতে ও এর প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নিতে। এ ধরনের একটি বড় কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। কারণ, এটি কোনো সাধারণ কনসার্ট নয়, এটি অত্যন্ত প্রয়োজনীয় ও মানবিক একটি বার্তা বহন করছে যুব-তরুণসহ প্রতিটি পুরুষের জন্য।’এর আগে গত বছর ইউএনএফপিএ এবং বামবা একই ধরনের কনসার্টের আয়োজন করেছিল ঢাকায় আর্মি স্টেডিয়ামে।