বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একটি শয্যায় কয়েক দিন ধরে কাতরাচ্ছেন পারুল আক্তার নামের একজন গৃহবধূ (২৫)। যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বেদম মারধর করেছেন। স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে তাঁর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে নির্মমভাবে পেটান। শুধু তা-ই নয়, পারুলের স্বামী তাঁকে উপর্যুপরি লাথি মারেন। এতে অজ্ঞান হয়ে যান পারুল। এরপর পাষণ্ড স্বামী তাঁকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে স্থানীয় লোকজন টের পেয়ে পারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এই গৃহবধূর ওপর এই অমানুষিক নির্যাতন চালানো হয় ২৩ মে রাতে।পারুলের মতো বহু নারী আমাদের দেশে প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। নারীদের সুরক্ষায় দেশে নানা আইন থাকলেও সেসব আইন কোনো কাজে আসছে না। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত—সমাজের সব স্তরের নারীরা কোনো না-কোনোভাবে নির্যাতিত হচ্ছেন। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, তাঁরা নিজ ঘরেও নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনকারীর ভূমিকায় বেশির ভাগ ক্ষেত্রে পুরুষকেই দেখা যায়। ঘরেই নারীরা বাবা, ভাই ও স্বামীর দ্বারা নির্যাতিত হন। ঘরের বাইরে রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে—সবখানেই নারী নিরাপত্তাহীন। ধর্ষণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রেমের প্রস্তাবে বা বিয়েতে রাজি না হলে নারীকে ধর্ষণ করা হচ্ছে। ছুড়ে মারা হচ্ছে অ্যাসিড। ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট শিশুরাও। মুঠোফোনে ধর্ষণের ছবি তোলা বা ভিডিও ধারণ করা হচ্ছে। অনেক সময় ধর্ষণের পর হত্যাও করা হচ্ছে। এসব ঘটনায় মামলা হলেও অনেক সময় বিচার হয় না।গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা গেছে, ২০০৮ সালে নারী নির্যাতনের যত ঘটনা ঘটেছে, ২০১২ সালে ঘটেছে তার চেয়ে অনেক বেশি। ২০০৮ সালে নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ৮৮টি। ২০১২ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ৯৭টি। অর্থাৎ, অ্যাসিড নিক্ষেপের হার বেড়েছে ১০ দশমিক ২ শতাংশ। ২০০৮ সালে যৌতুকের কারণে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ২৬৯টি। ২০১২ সালে ঘটেছে ৭৭১টি। অর্থাৎ, এ ক্ষেত্রে নির্যাতনের হার বেড়েছে ৪৬ দশমিক ৬৫ শতাংশ। ধর্ষণের হার বেড়েছে ১৬ দশমিক ৮৫ শতাংশ।বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, গত চার বছরে সারা দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৭ হাজার ২২৯টি। ধর্ষণের শিকার হয়েছে মোট ১২ হাজার ৯৭১ জন। যৌতুক ও নানা কারণে স্বামীর ঘরে নির্যাতনের শিকার হয়েছেন দুই হাজার পাঁচজন নারী। অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন ৪৪২ জন। নির্যাতনের কারণে প্রাণ দিতে হয়েছে দেড় হাজারের বেশি নারীকে।বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পাঁচ হাজার ৬১৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৭১ জন। এর মধ্যে ১৫৭ জন গণধর্ষণের শিকার। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিভিন্নভাবে ৯০০ জন নারী ও শিশুকে হত্যা করা হয়। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১০৬ জনকে। ১৩৩ জন নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। ৬৬২ জন নারীকে উত্ত্যক্ত করা (ইভ টিজিং) হয়। এ কারণে ১৭ জন নারী আত্মহত্যা করেন। অ্যাসিডদগ্ধ হন ৬৭ জন। এর মধ্যে একজন মারা গেছেন। ১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ এ প্রতিবেদন তৈরি করে।বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম বলেন, নারীর প্রতি যে সহিংসতা বাড়ছে, তার পেছনের মূল কারণ হচ্ছে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারীর ওপর নির্যাতন কমানোর জন্য প্রথমে যা প্রয়োজন, তা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমাদের বাংলাদেশের সমাজে নারীকে ছোট করে দেখা হয়। এটা বদলাতে হবে। নারীকে মানুষ মনে করতে হবে। লিঙ্গসমতার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। পুরুষ ও নারী উভয়কেই তাঁদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। পুরুষকে মনে করতে হবে, নারী তাঁর চেয়ে কোনো অংশে কম নন। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে আইসিসিডিআরবি ২০১১ সালে একটি জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী ৪০ শতাংশ পুরুষ বলেছেন, তাঁদের বয়স ১৯ বছর হওয়ার আগে তাঁরা নারী ধর্ষণ করেছেন। ৫৭-৬৭ শতাংশ পুরুষ বলেছেন, শুধু মজা করার জন্যই নারীদের যৌন হয়রানি করেছেন। ৪৩ থেকে ৫১ শতাংশ পুরুষ জানিয়েছেন, নারীদের যৌন হয়রানি করার পর তাঁদের কোনো ধরনের প্রতিক্রিয়া বা অনুশোচনা হয়নি।নারী-পুরুষের মাঝে বিরাজমান সব ধরনের বৈষম্য দূর করে সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ’ (সিডও) গৃহীত হয়। বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করেছে ১৯৮৪ সালের ৬ নভেম্বর। এরপর বাংলাদেশ সরকার নারী ও শিশুদের ওপর নির্যাতন বন্ধের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, যৌতুক নিরোধ আইন, অ্যাসিড নিক্ষেপ বন্ধের জন্য অ্যাসিড অপরাধ দমন আইন ও অ্যাসিড নিক্ষেপ প্রণয়ন করেছে। কিন্তু এত আইন থাকার পরও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। দিন দিন তা বেড়েই চলেছে। শারীরিক নির্যাতনের পাশাপাশি তাঁরা মানসিক নির্যাতনেরও শিকার হচ্ছেন।বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, নারীর প্রতি সহিংসতা বাড়ার পেছনে একটি বড় কারণ হচ্ছে নির্যাতনকারীর শাস্তি না হওয়া। নারী নির্যাতন-সংক্রান্ত কোনো মামলা হলে তা বছরের পর বছর পড়ে থাকে। যেখানে ১০০ দিনের মধ্যে বিচার হওয়ার কথা, সেখানে দেখা যায় পাঁচ থেকে ১০ বছর লেগে যাচ্ছে। মামলা হলেও বিচার নিশ্চিত হচ্ছে না। বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে সহিংসতার ঘটনা ঘটার সুযোগ পাচ্ছে। বিচার দ্রুত হলে এবং মামলার রায় দ্রুত কার্যকর হলে ঠিকই নারী নির্যাতনের হার শূন্যের কোঠায় নেমে আসত। এলিনা খান আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বাড়ার আরেকটি বড় কারণ হচ্ছে, কোথাও কোনো নির্যাতনের ঘটনা ঘটলে আশপাশের লোকজন এগিয়ে আসে না বা পুলিশকে খবর দেয় না। যারা নারী নির্যাতনের ঘটনা জেনেও চুপ করে থাকে, তাদের শাস্তির আওতায় আনার জন্য প্রচলিত আইনগুলোর পরিবর্তন করতে হবে।এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সাদেকা হালিম বলেন, নারীর সুরক্ষায় যেসব আইন আছে, সেসব আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে নির্যাতনকারীরা নারী নির্যাতন করতে আর ভয় পাচ্ছে না। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি। নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাঁদের ওপর সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। নারীর স্বাবলম্বী হওয়াটাকে অনেকেই মেনে নিতে পারে না। তারই বহিঃপ্রকাশ ঘটে তাঁদের নির্যাতন করার মধ্য দিয়ে। এ ক্ষেত্রে পরিবারকেই এগিয়ে আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, নারী নিজ পরিবারেই নির্যাতিত হচ্ছেন। অনেক নারী চাইলেও আইনের আশ্রয় নিতে পারেন না। আইনের আশ্রয় নিতে গেলেও অর্থ লাগে। দেখা যায়, সে পরিমাণ অর্থ তাঁদের কাছে নেই। নির্যাতনের শিকার নারীদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। কিন্তু অনেক নারীই জানেন না এ ধরনের সেন্টারের কথা। কোনো তথ্য নেই তাঁর কাছে।