নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিরোধ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটা সমাজের মৌলিক সমস্যা হয়ে উঠেছে। নারীর প্রতি এই সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিশ্চিত করতে হবে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি। বদলাতে হবে রাষ্ট্র ও সমাজের চরিত্র। একই সঙ্গে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধ করতে হবে।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে গতকাল শনিবার প্রথম আলোর আয়োজনে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘যৌন সহিংসতা: প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিকার’ শীর্ষক এই আয়োজনের সহায়তায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও বেসরকারি সংস্থা অ্যাকশনএইড। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই বৈঠক হয়।প্রধান অতিথির বক্তব্যে মহিলা এবং শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারীর প্রতি কোনো কটূক্তি করা হলে তাঁরা (জনপ্রতিনিধি) যদি গুরুত্বপূর্ণ পদে থেকে প্রতিবাদ না করেন, তাহলে জনগণ যেন সময়মতো উপযুক্ত জবাব দেন।মেহের আফরোজ বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে আর নারী নির্যাতন দেখতে চাই না। সব মানুষ যখন সোচ্চার হবে, তখন এমনিতেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, নারীর প্রতি রাষ্ট্র ও সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আশার কথা হলো, পরিবর্তন হচ্ছে। শাহবাগে দেখুন। সেখানে একজন ইমরান সামনে আছেন। কিন্তু নেতৃত্ব দিচ্ছেন নারীরাই। নারীর অধিকার বাস্তবায়নে আলেম সমাজের সঙ্গে আলাপ-আলোচনার পরামর্শ দেন তিনি।গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সম্প্রতি মানিকগঞ্জে একটি চলন্ত বাসে এক নারী ধর্ষণকারীদের ধরিয়ে দেওয়া হকার মো. হান্নান মিয়া। মানুষের মুখে মুখে বাহাদুর হান্নান পরিচয় পেয়ে যাওয়া এই ব্যক্তি ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সবারই মা-বোন আছে। ওই নারী যদি আমার বোন হতেন—সেই বোধ থেকেই এগিয়ে যাই।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় নারী সমাজ আজ প্রকট নিরাপত্তাহীনতায় ভুগছে। সহিংসতা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণ প্রতিরোধের লক্ষ্যে এ ইস্যুকে একটি বৃহত্তর সামাজিক পরিবেশের মধ্যে প্রতিস্থাপন করা প্রয়োজন।নাজমা চৌধুরী বলেন, নারীদের প্রতিবাদ আজকাল মানববন্ধন, শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকছে। জনগোষ্ঠীর অর্ধেক হিসেবে নারীদের উচিত হবে রাষ্ট্রের সঙ্গে সমঝোতায় তাঁরা যেন কঠোর এবং অনমনীয় অবস্থান নেন। মত ও পথের ব্যবধান থাকলেও গুরুত্বপূর্ণ নারী ইস্যুতে তাঁরা একতাবদ্ধ হবেন এবং এ ধরনের দাবিদাওয়া উত্থাপনে তাঁরা নিজেদের দলীয় রাজনীতির ছায়া থেকে বের করে নিয়ে আসবেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল নারীর প্রতি সহিংসতার বিষয়টিকে সমাজের মৌলিক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না আমরা মৌলিক জায়গায় যেতে পারব, ততক্ষণ পর্যন্ত নারী নির্যাতন কমাতে পারব না। তা ছাড়া অপরাধ হলে বিচার হবে—এটা প্রতিষ্ঠিত না হলে ঘটনা ঘটতেই থাকবে।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নারীর প্রতি সহিংসতা রোধে মাধ্যমিক শিক্ষা থেকে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি নারীবান্ধব গৃহায়ণ ও পরিবহনব্যবস্থা চালুর পরামর্শ দেন। তথ্য কমিশনার সাদেকা হালিম বিভিন্ন ঘটনার চিত্র তুলে ধরে বলেন, নারী নির্যাতনকারীরা যখন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে, সে দলের আশ্রয় গ্রহণ করে থাকে। তাই রাজনীতিবিদদের স্বচ্ছতা ও জবাবদিহি দরকার। পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কাজী জিয়াউদ্দিন বলেন, পুলিশকে নারীবান্ধব করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।অ্যাকশন এইডের এদেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, যৌন সহিংসতা বন্ধে একটি পৃথক ও কার্যকরী আইন প্রণয়ন করতে হবে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ভিকটিম সাপোর্ট সেন্টার বৃদ্ধি করে নির্যাতিত নারীর সহজগম্যতা নিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রী ও তরুণসমাজের সঙ্গে নারী নির্যাতনের কারণ ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সভাপতি তানিয়া হক বলেন, নারীর প্রতি সহিংসতায় নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে গণধর্ষণ। একের পর এক ঘটনা ঘটছে। কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তিন বছরের বালিকা থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারী, আদিবাসী নারী ধর্ষিত হচ্ছেন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মালেকা বেগম নারী নির্যাতনের প্রসঙ্গে বলেন, দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় মনে হয়েছে, এটা (নারী নির্যাতন) পুরোপুরি রাজনৈতিক ইস্যু। তিনি পাড়া, মহল্লা ও থানায় সংস্কৃতিচর্চা এবং খেলাধুলার ব্যবস্থা করার কথা বলেন। মালেকা বেগম বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের বিরুদ্ধে আজকের তরুণ প্রজন্ম আন্দোলন শুরু করেছে। তিনি শাহবাগের তরুণদের উদ্দেশে বলেন, ‘আপনারা নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যও তরুণদের প্রতি আহ্বান জানান।’উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক সৈয়দ শাইখ ইমতিয়াজ বলেন, নারীকে এগিয়ে নেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এর ফল গ্রহণ করার উদ্যোগ নেই।সূচনা বক্তব্যে অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের দেশে নারী নির্যাতনের বিষয়ে আইন আছে, কিন্তু প্রয়োগ দুর্বল।’ ২০০৪ সালের নারী নির্যাতনের মামলা এখন রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হচ্ছে। তিনি বলেন, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।