নারীর প্রতি সহিংসতা রোধে সংসদে আলোচনার দাবি (ভিডিও)
নারীর প্রতি সহিংসতা রোধে জনমত গঠনের জন্য বিষয়টি নিয়ে জাতীয় সংসদ ও সংসদীয় কমিটিতে আলোচনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার বিকেলে স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে নাগরিক সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।প্রতিনিধিদলে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, ফারাহ কবির, আয়েশা খানম, মুহাম্মদ আজিজ খান, সামন্তলাল সেন, মুনিরা রহমান, বদিউল আলম মজুমদার, আজিজা আহমেদ ও আব্দুল কাইয়ুম।স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সাংসদেরা যদি সংসদে দাঁড়িয়ে নারীর প্রতি সহিংসতা রোধে অঙ্গীকার ব্যক্ত করেন, তাতে দেশজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে।এ সময় ডেপুটি স্পিকার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একমত পোষণ করে বলেন, নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। স্মারকলিপি জমা দেওয়ার পর স্যার ফজলে হাসান আবেদ সাংবাদিকদের বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, এ-সংক্রান্ত বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করা এবং এ বিষয়ে সাংসদেরা কী ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সংসদে ও সংসদীয় কমিটিতে আলোচনার মাধ্যমে এ বিষয়ে দেশজুড়ে জনমত গঠন করা যেতে পারে। ডেপুটি স্পিকার আমাদের এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’