সম্প্রতি ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের লেখক ও নাট্যকার ইভ এনস্লার ও তুরস্কের চলচ্চিত্র পরিচালক সায়েদা আসলি ক্লিককিনার। তাঁদের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন নারীমঞ্চের প্রতিবেদকেরা। তাঁদের কথা নিয়ে এই আয়োজন। বিশ্বের অন্যতম উন্নত দেশ হোক, কিংবা তৃতীয় বিশ্বের দরিদ্র কোনো দেশ-ই হোক, পৃথিবীজুড়েই নারীর ওপর সহিংসতার চেহারাটা এক রকম। দিল্লিবাসী যখন পথে নেমেছে ‘দামিনী’র ধর্ষণের বিচারের দাবিতে, একই সময়ে হয়তো যুক্তরাষ্ট্রে কোনো নারী শিকার হচ্ছেন এ ধরনের নির্যাতনের। বাংলাদেশেও প্রায় রোজই পত্রিকায় প্রকাশ পাচ্ছে নারীর ওপর নানা রকম সহিংসতার কথা। দেশ-স্থান-কালের বিভেদ না ভেবে সব নারীকেই এক হতে হবে। ‘সারা বিশ্বেই এ সমস্যার মূল হলো পুরুষতন্ত্র।’ লেখক ও নাট্যকার ইভ এনস্লারের মত এমনই।সম্প্রতি ঢাকা ঘুরে গেলেন তাঁর ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ প্রচারণা নিয়ে। বাংলাদেশে একে বলা হচ্ছে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’। শতকোটি নারীর সহিংসতার শিকার হওয়াটা পাশবিকতা। আর শতকোটি নারীর একসঙ্গে নেচে ওঠাটা বিপ্লব। এ প্রচারণার মূল ভাব এমনই। ভালোবাসা দিবস পালনের ১৫ বছর পূর্তি হচ্ছে এ বছর। এদিন বিশ্বজুড়ে সবাইকে আহ্বান জানানো হচ্ছে বেরিয়ে এসে নাচার, এ সহিংসতার সমাপ্তি দাবি করার।ঢাকার হোটেল রূপসী বাংলায় ১০ জানুয়ারি এ নিয়ে সংবাদ সম্মেলনের এক ফাঁকে কথা হলো ইভ এনস্লারের সঙ্গে। নারীবাদী লেখক বলে পরিচিত তিনি। তাঁর কাছে নারীবাদের ধারণাটা কী? ইভ বলেন, ‘সমান অধিকার পাওয়াটাই নারীবাদের লক্ষ্য। সবখানে নারী পুরুষের সমান অধিকার পাবে, সমান বেতন পাবে। আর সহিংসতা বা কোনো অপরাধের শিকার হবে না—এটাই শুধু আমরা চাই।’তাঁর লেখা দ্য ভ্যাজাইনা মনোলগস নাটকটি প্রায় ১৪০টি দেশে অভিনীত হয়েছে। জেন ফন্ডা, হুপি গোল্ডবার্গ, সুসান সারানডন, অপরাহ উইনফ্রে প্রমুখ অভিনয় করেছেন এতে। তবে কিছু সমালোচনাও হয়েছে নাটকটির। এ নিয়ে কী মনে করেন ইভ? ‘নারীবাদী হওয়ার জন্য সমালোচনা! হোক না, তাতে ক্ষতি নেই আমার। আমি আমার মতবাদ নিয়েই থাকব।’ বলেন তিনি।এই প্রচারণার পাশাপাশি ইভ লিখছেন স্মৃতিচারণামূলক একটি বই। এ বছর প্রকাশ হওয়ার কথা বইটির। নাম ইন দ্য বডি অব দ্য ওয়ার্ল্ড।