নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলতে চট্টগ্রামে এক মঞ্চে ১৪ ব্যান্ড
জীবনের সর্বক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলতে ২৬ নভেম্বর ইউএনএফপি ও বামবার যৌথ আয়োজনে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪টি ব্যান্ডের মেগা কনসার্ট। ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: সত্যিকার পুরুষ হোন’ এ আহ্বান নিয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ১৪টি ব্যান্ড। এর মধ্যে রয়েছে মাইলস, এলআরবি, নগর বাউল, ফিডব্যাক, ওয়ারফেজ, প্রমিথিউস, অর্থহীন, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পেন্টাগন, পাওয়ার সার্জ, বেদুইন, ব্ল্যাক ও পাওয়ার সার্জ। ‘নারীর প্রতি অবমাননা আর নয়, সত্যিকারের পুরুষ কখনো নারীর প্রতি সহিংস হতে পারে না’—তারুণ্যের কাছে গানে গানে এ আহ্বান জানাবে কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো।কনসার্ট উপলক্ষে আজ বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ইউএনএফপিএ বাংলাদেশ ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউএনএফপিএ প্রতিনিধি আর্থার আরকেন, অপারেশন ম্যানেজার আফসানা তাহের, বামবার সভাপতি হামিন আহমেদ, এলআরবির আইয়ুব বাচ্চু, ওয়ারফেজের টিপুসহ আরও অনেকে।আয়োজকেরা জানান, কনসার্টের টিকিটের মল্যে নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। যা ১৯ নভেম্বর থেকে পাওয়া যাবে নির্দিষ্ট আউটলেটে। এদিকে কনসার্টের দিন বেলা দুইটা থেকে শুরু করে চলবে রাত নয়টা পর্যন্ত। আর পুরো কনসার্টটি চট্টগ্রাম থেকে সরাসরি সম্প্রচার করবে এনটিভি। উল্লেখ্য, ঢাকার বাইরে এটি বামবার প্রথম কনসার্ট। একই ইস্যু নিয়ে গত বছর আর্মি স্টেডিয়ামেও বামবা-ইউএনএফপিএ যৌথভাবে আয়োজন করেছিল মেগা কনসার্টের।