নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে নমনীয়তা নয়
নারীর প্রতি সহিংসতার ঘটনায় অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না বলে গতকাল শুক্রবার মত দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়।এক গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় তাঁর শাশুড়ি ও দুই ননদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মত দেন।যেসব মামলায় একাধিক মৃতুদণ্ডের বিষয় থাকে, সেখানে সাক্ষ্য-প্রমাণের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন আদালত। দিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে ২৩ বছর বয়সী মেডিকেল-ছাত্রী ‘নির্ভয়া’র মৃত্যুর ঘটনাটি এখানেও আলোচনায় আসে। এক বিচারক অভিযোগ তোলেন, পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণধর্ষণের শিকার নির্ভয়ার প্রথম সাক্ষ্যটি প্রভাবিত করার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশকে পর পর দুবার ওই তরুণীর সাক্ষ্য ধারণ করতে হয়েছে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলেন, ‘আদালত যদি নিশ্চিত হতে পারে যে মৃত্যুর আগে দেওয়া সাক্ষ্য কোনো ধরনের শত্রুতা ও পক্ষপাতের মাধ্যমে প্রভাবিত নয়, কিংবা তার কল্পনাপ্রসূত নয় বরং স্বতঃস্ফূর্ত, তাহলে অপরাধীর বিরুদ্ধে রায় ঘোষণা করতে কোনো বাধা নেই।’ বেঞ্চ আরও বলেন, ‘মৃত্যুর আগে এক ব্যক্তিরই একাধিক সাক্ষ্য দেওয়ার ঘটনা ঘটলে সে ক্ষেত্রে প্রতিটি সাক্ষ্যকে আলাদাভাবে মূল্যায়ন ও তার বিচার করতে হবে। একটি সাক্ষ্যে প্রভাবিত হয়ে অন্য সাক্ষ্যকে মূল্যায়ন করা যাবে না।’ নারীর বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ক্ষেত্রে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হয়, তাদের অপরাধ খুঁটিয়ে দেখতে সময় নেওয়ার ওপর জোর দেন এই বেঞ্চ। বিশেষ করে গৃহবধূ পোড়ানো, নৃশংসতা, যৌন নিপীড়ন, ধর্ষণ ও আত্মহত্যার ঘটনাগুলোর ওপর জোর দিতে বলেছেন। কারণ, নারীদের রক্ষায় কঠোর আইন থাকার পরও পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ ও পদ্ধতিগত দুর্বলতার কারণে আইনের ফাঁক দিয়ে অনেক অপরাধী বের হয়ে যায়। সে ক্ষেত্রে কঠোর আইনগুলো ভূমিকা রাখতে পারে না। এসব সমস্যা মোকাবিলায় পুরো বিচারব্যবস্থার পুনর্মূল্যায়ন করা দরকার বলেও তাঁরা মত দেন।