নারীর বিরুদ্ধে অপরাধকারীদের শাস্তি নিশ্চিতে আইন হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারিবারিক নির্যাতন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপ এবং কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে ও রাস্তাঘাটে নারীকে উত্ত্যক্ত করাসহ সামাজিক অপরাধ দমনে সরকার বদ্ধপরিকর। এ ধরনের অপরাধীদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকার খুব শিগগিরই আইন প্রণয়ন করবে।আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০১১ উদযাপন কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্যাতনকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নির্যাতন করতে সাহস না পায়।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারেকুল ইসলাম।প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১০০ বছর পর আমাদের জাতীয় জীবনে নারীর মর্যাদা কতটুকু পরিবর্তন হয়েছে, তা বিশ্লেষণের সময় এসেছে। সামাজিকভাবে নারীর অবস্থান কতটুকু পরিবর্তন হয়েছে, অর্থনৈতিকভাবে সে কতটা স্বাধীন হয়েছে, আর রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে সে কতটা সম্পৃক্ত হয়েছে, তা মূল্যায়নের সময় এসেছে।’ তিনি বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে তাদের অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং রাজনৈতিকভাবে ক্ষমতার অধিকারী হতে হবে।প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাদেরকে বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হওয়ার কথা তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার গতকালের বৈঠকে নারী উন্নয়ন নীতি অনুমোদন করার কথা উল্লেখ করে এই নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং নির্যাতন বন্ধ করার জন্য পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, যেসব নারী নির্যাতিত হন, তিনি কারও বোন বা কারও মা বা কারও স্ত্রী। এ ব্যাপারে তিনি নারীদেরও ভূমিকার আহ্বান জানিয়ে বলেন, অনেক সময় দেখা যায় নারীনেত্রী রাস্তায় নারী অধিকার ও নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করছেন অথচ বাড়িতে গিয়ে তিনিই আবার কাজের মহিলার ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছেন। এ ধরনের মানসিকতার পরিবর্তন আনার জন্যে তিনি সবার প্রতি আহ্বান জানান। ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর যেন একটি নারীও এ ধরনের অপব্যাখ্যার শিকার না হয়। বাসস।