পাকিস্তানি সেনার খুনি বাহিনী যখন পুরো বাংলাদেশ দখল করে নিতে শুরু করে, তখন ঢাকাসহ দেশের নানা এলাকায় ব্যারিকেড দিয়ে তরুণসমাজ, প্রতিবাদী মুক্তিযোদ্ধারা তাদের প্রতিহত করতে চেয়েছেন। অন্যদিকে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, শহর ছেড়ে জনস্রোত ছুটেছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে। নারীদের স্রোত ছুটে চলেছিল কোলে-হাতে শিশু নিয়ে, হাত থেকে শিশুরা ছুটে গেছে, নিখোঁজ হয়েছে; খানসেনাদের গুলিতে নিহত হয়েছে বিপন্ন নারী-শিশুর দল। সীমান্ত পেরিয়ে গেছে, শরণার্থী হয়েছে লাখ লাখ নারী-শিশু-পুরুষ-বৃদ্ধ-তরুণ। কিন্তু এর পরও তো দেশের ভেতরে গ্রামে-গঞ্জে, শহরের পাড়ায়-পাড়ায় রয়ে গেছে মানুষজন। নারীরা ছিল ঘর আগলে। গ্রামকে গ্রাম চষে বেড়িয়েছে পাকিস্তানি সেনারা। দেশের লোলুপ দাসানুদাসেরা রাজাকার হয়েছে, আল-বদর হয়েছে। পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়েছে, নারীদের ধর্ষণ-অত্যাচার করতে, মুক্তিযোদ্ধা তরুণ-প্রৌঢ়-বৃদ্ধদের খুন করতে সাহায্য করেছে পাকিস্তানি সেনাদের। নারী ধর্ষিতা হয়েছে বা অত্যাচারিত হয়েছে, সেটা যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসে বড় হয়ে উঠেছে; তার চেয়েও এই সত্য বড় হয়ে উঠেছে যে মুক্তিযোদ্ধা হিসেবে নারীসমাজ লড়াই করেছে, দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, রক্ষা করেছে।১৯৭১ সালে এবং পরবর্তী প্রায় দুই দশক বাংলাদেশের মুক্তিযোদ্ধা নারীর পরিচয় আলোচিত হয়নি। যুদ্ধের সময় নারীরা ধর্ষিত হয়েছে, পুনর্বাসন দরকার স্বামীহারা বিধবা ও ধর্ষিতাদের—সেটাই বড় করে দেখা হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত নারীদের পারিবারিকভাবে স্বীকৃতি দিতে ও গ্রহণ করতে সমাজ প্রস্তুত ছিল না। এই পরিপ্রেক্ষিতে যুদ্ধ-পরবর্তীকালে ১৯৭১-এর নারী নির্যাতনকে রাষ্ট্র বীরত্বের মহিমা দিয়ে ঢেকে দিতে চেয়েছিল। নির্যাতিত নারীদের ‘বীরাঙ্গনা’ আখ্যা দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে।একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের নারীসমাজকে আমাদের দেখতে হবে, জানতে হবে আন্তরিকভাবে। প্রথমত বুঝতে হবে যে ব্যাপক নারী নিগৃহীত হয়েছে যুদ্ধের সময় দেশের সর্বত্র, শুধু নারী হিসেবেই। এও নারীদের এক ধরনের যুদ্ধ, তার শরীরের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ—সেটা বুঝতে সময় লেগেছে আমাদের রাষ্ট্র, সমাজ ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সবার। মুক্তিযুদ্ধে যোদ্ধার মতোই নারী আত্মোৎসর্গ করেছে, সেটা বুঝতেও সময় লেগেছে সবার।ঘরে ঘরে দুর্গ১৯৬৯-এর গণ-আন্দোলন ও অভ্যুত্থানে বাংলাদেশের নারীসমাজ ও ছাত্রীসমাজ সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। ১৯৬৯-এর ১৯ জানুয়ারি আন্দোলনরত ছাত্রীদের ওপর সামরিক জান্তার সশস্ত্র পুলিশ লাঠিপেটা করে। ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হলেন আসাদুজ্জামান। শিবপুর গ্রামের বাড়ি থেকে আসাদের মা ছাত্রনেতাদের কাছে বাণী পাঠালেন, ‘আমার আসাদের মৃত্যু হয়নি। আমার আসাদ বলত, “মা, আগামী দশ বছরের মধ্যে এই মাতৃভূমি নতুন জীবন পাবে।” আমার আসাদের এই স্বপ্ন তোমরা সার্থক করো।’ (দৈনিক আজাদ, ২৬ জানুয়ারি ১৯৭০)। এভাবেই আসাদের মা হয়ে ওঠেন মুক্তিযোদ্ধা।সেই সময় ছাত্রীরা সব মিছিলে আন্দোলনে সোচ্চার থেকেছেন। সুফিয়া কামালের নেতৃত্বে নারীসমাজ রাজবন্দী মুক্তি আন্দোলনে, গণ-আন্দোলনে, মিছিলে প্রতিদিনই যোগ দিচ্ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষকের স্ত্রীরা ২৮ জানুয়ারি বিবৃতি দিয়ে ছাত্র-জনতার ওপর সরকারের সশস্ত্র হামলার তীব্র নিন্দা করে বলেন, ‘এ অন্যায় নীতির ভয়াবহ পরিণামের জন্য সরকারকে দায়ী থাকতে হবে।’ (দৈনিক আজাদ, ২৬.১.১৯৬৯)। ৭ ফেব্রুয়ারি ১৯৬৯-এ সুফিয়া কামালের নেতৃত্বে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আড়াই হাজার মহিলা সমাবেশ করেন, মিছিল করে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যান। বোরকা পরা হাজার হাজার পর্দানশিন মহিলাও ওই মিছিলে যোগ দেন। সেই বছর ১০ ফেব্রুয়ারি গঠিত হলো মহিলা সংগ্রাম পরিষদ। ২৩ মার্চ ১৯৬৯, সন্ধ্যায় ৩০ হাজার ছাত্রছাত্রীর মিছিলে জনগণের সঙ্গে নারীরাও যোগ দেন। (দৈনিক আজাদ, ২৪ মার্চ ১৯৬৯)।১৯৭০ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসভায় ঘোষণা দেন, ‘আমি আগেই বলে দিয়েছি কোনো গোলটেবিল বৈঠক হবে না, ...যারা আমার মা-বোনের কোল শূন্য করেছে, তাদের সঙ্গে বসব আমি গোলটেবিল বৈঠকে? যদি একটি গুলি চলে, তাহলে বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।’ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান নারীসমাজকে আপ্লুত করেছিল। প্রতিটি ঘর থেকে শুরু করতে হবে স্বাধীনতাসংগ্রাম ও প্রতিরোধ আন্দোলন—নারীসমাজ এই আহ্বানকে আক্ষরিক অর্থেই গুরুত্ব দিয়েছিল। দেশের সব জেলায়, শহরে-শহরে, এলাকায়-এলাকায় মহিলারা সংগঠিত হয়ে কুচকাওয়াজ ও অস্ত্র ট্রেনিং শুরু করেন। ৮ মার্চ থেকে ভবনে ভবনে কালো পতাকা তোলার কর্মসূচি সফল করেছেন মেয়েরা-মায়েরা। অবলীলায় তাঁরা এক টুকরো কালো কাপড় সেলাই করে ছাদে ছাদে টানিয়েছেন। ৯ মার্চ সারা দেশে হরতাল পালিত হয়েছে। সেদিন বাড়িতে বাড়িতে কালো পতাকা উড়তে দেখা যায়। এই কাজে নারীসমাজ ও ছাত্রসমাজ বাড়িতে বাড়িতে প্রধান ভূমিকা নিয়েছিল। (জহিরুল ইসলাম, একাত্তরের গেরিলা, ঢাকা, প্রকাশক মিলননাথ, ১৯৯৭, পৃষ্ঠা. ২০)।ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, ফরিদপুর, খুলনা, ঈশ্বরদী, পাবনা, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহসহ সব জেলায় নারীসমাজের প্রতিবাদী সভা ও মিছিল হয়েছিল। আওয়ামী লীগের মহিলা শাখা, ন্যাপ, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির নারী সদস্যরা আন্দোলনে নারীসমাজকে নেতৃত্ব দেন। ঘরে ঘরে মায়েরা, মেয়েরা, বোনেরা, স্ত্রীরা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে দুর্গ গড়ে তুলেছিলেন।মুক্তিযুদ্ধের সূচনা: নারীর ভূমিকামুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার যে নীতি নিয়েছিল, তাতে নারীদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া, গেরিলা যুদ্ধের জন্য তৈরি করা, প্রশাসনিক কাজের নেতৃত্বে নারী সাংসদদের দায়িত্ব দেওয়া—এসব সিদ্ধান্ত নেওয়া হয়নি।সম্মুখসমরে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তীব্র আকাঙ্ক্ষা নারীরা জানিয়েছিলেন, তাই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছিল নারীদের শুধু অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। যুদ্ধে যেতে দেওয়ার সিদ্ধান্ত সরকার নেয়নি। কলকাতায় এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর পরিচালনায় গোবরা ক্যাম্পের ৩০০ তরুণীকে গোবরা ক্যাম্পে ও ‘বিএলএফ’ ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।সে সময় সরকারের মধ্যে দ্বিধা ছিল, প্রশ্ন ছিল—মুক্তিযোদ্ধা হিসেবে নারীদের পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে যাওয়া ঠিক হবে কি না? বিভিন্ন যুবশিবিরে যুদ্ধের প্রশিক্ষণের জন্য অস্ত্রসংকটে অপেক্ষারত ছিলেন বিপুলসংখ্যক তরুণ। ছেলেরা যেখানে অস্ত্র পাচ্ছেন না, যুদ্ধে যেতে পারছেন না, প্রশিক্ষণ পাচ্ছেন না; সেখানে মেয়েদের মুক্তিযুদ্ধ করার জন্য প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার গুরুত্ব বাংলাদেশ সরকার ও রাজনীতিবিদদের প্রচলিত ধ্যানধারণায় ছিল না। সে সময় নারীর প্রতি নেতিবাচক এই দৃষ্টিভঙ্গি ন্যায়সংগত হয়নি।গোবরা ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণার্থী গীতা মজুমদার, গীতা কর, শিরিন বানু মিতিল, ডা. লাইলী পারভীন বলেছেন, তাঁরা অস্ত্রচালনা শিখেও, যুদ্ধে যাওয়ার অদম্য প্রতিজ্ঞা সত্ত্বেও পারেননি মুক্তিযুদ্ধের ‘সেনানী’ হতে। (মহিলা মুক্তিযোদ্ধা, নারীগ্রন্থ প্রবর্তনা, ১৯৯১ এবং বাংলাদেশ ১৯৭১, তৃতীয় খণ্ড, আফসান চৌধুরী, মাওলা ব্রাদার্স, ২০০৭)বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নারীর আর্থসামাজিক-রাজনৈতিক অবস্থান ছিল অত্যন্ত সনাতন ও পশ্চাৎপদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পুরুষ জনগোষ্ঠীর সংগ্রাম চলেছিল পাকিস্তানি সেনাদের পরাস্ত করে স্বদেশকে মুক্ত করার জন্য, তখন নারী জনগোষ্ঠীর সংগ্রাম ছিল স্বদেশমুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের অস্তিত্ব ও মর্যাদা রক্ষার জন্য।মুক্তিযোদ্ধা ও গেরিলা যোদ্ধামুক্তিযুদ্ধের ২৯ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যক্ষ অবদানের স্বীকৃতি পেতে শুরু করেন নারীরা। সেই বিষয়ে গবেষণা চলছে। দীর্ঘ বিস্মৃতি ও অবহেলার পর ইতিহাস এখন বদলে যাচ্ছে। নারী দেদীপ্যমান হয়ে উঠেছেন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা হিসেবেও। নারীরা মুক্তিযুদ্ধের সময় শত্রুদের বিষয়ে, খানসেনা, রাজাকারদের অবস্থান বিষয়ে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিতেন। দেশ স্বাধীন হয়েছে শুধু পুরুষ মুক্তিযোদ্ধাদের যুদ্ধে নয়, নারীর সক্রিয় ভূমিকা ছিল স্বাধীনতাযুদ্ধে। বাড়িতে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখা, অস্ত্র এগিয়ে দেওয়া, যাঁরা মা-বোনদের ফেলে রেখে মুক্তিযুদ্ধে গেছেন তাঁদের সবকিছু সামলে রাখা—এসবই নারীরা করেছেন।বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভানেত্রী সুফিয়া কামাল মুক্তিযুদ্ধের নয় মাস ঢাকায় তাঁর বাড়িতেই ছিলেন পাকিস্তানি বাহিনীর কড়া নজরদারিতে। ওই অবস্থাতেও তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে, নানা কৌশলে সাহায্য-সহযোগিতা করেছেন।মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ ছিল বহুমাত্রিক। মুসলমানদের পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের নারীই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। কেবল বাঙালি নয়, সর্বাত্মকভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন আদিবাসী নারীরাও।অবাঙালি নারীদের ওপরও হয়েছিল নির্যাতনদেশের ভেতরে ও বাইরে শরণার্থী ক্যাম্পে মুক্তিযুদ্ধের কাজ বলতে ছিল মুক্তিযোদ্ধা রিক্রুট করা; সরকারি, প্রশাসনিক কাজ করা, প্রচার করা; ট্রেনিং দেওয়া, ট্রেনিং নেওয়া, চাঁদা তোলা; ওষুধ, খাবার, কাপড় সংগ্রহ করা; সেবা করা, চিকিৎসা করা; প্রতিরোধ করা, যুদ্ধ করা; মনোবল তৈরি করা, সংগঠিত করা প্রভৃতি কাজ। এসব কাজে দেশের ভেতরে ও বাইরে, প্রবাসে ও ভারতে, শহরে ও গ্রামে লাখ লাখ নারী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, মুক্তির গানের শিল্পীরা গানের মাধ্যমে, লেখার মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন দেশের ভেতরের উদ্বিগ্ন, পীড়িত, নির্যাতিত মুক্তিযোদ্ধা নারী-পুরুষ জনগণকে।ক্যাম্পে ক্যাম্পে কাজ করেছেন নারীরা। মুক্তিযোদ্ধাদের সঙ্গে ক্যাম্পে রান্না করার কাজ করেছেন যাঁরা, তাঁরা অস্ত্র শিক্ষা নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রহরী হিসেবেও কাজ করেছেন।বীর প্রতীক হয়েছেন দুজন নারী—মুক্তিযোদ্ধা তারামন বিবি ও ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। ক্যাপ্টেন সেতারা ১৯৭২ সালেই বীর প্রতীক সম্মানের পদক গ্রহণ করেছেন। দুঃখের বিষয় ও জাতির এক অনুশোচনা-লজ্জার বিষয়, তারামন বিবিকে ১৯৯৫ সালের আগে সরকার, সমাজ ও রাজনৈতিক দল, এমনকি গবেষক, নারী আন্দোলনের সংগঠক—কেউই খোঁজ করেননি। অধ্যাপক বিমলকান্তি দে সংবাদপত্রে তুলে ধরেন তারামন বিবির খবর (ভোরের কাগজ, ১৯৯৫)। এরপর আনুষ্ঠানিকভাবে ১৯ ডিসেম্বর ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারামন বিবিকে বীর প্রতীক পদক হস্তান্তর করেন। ১৯৯৭ সালে দৈনিক সংবাদ-এর সুনামগঞ্জ প্রতিনিধির অনুসন্ধানে জানা যায় মুক্তিযোদ্ধা কাঁকন বিবির কথা। সুনামগঞ্জের সীমান্ত অঞ্চলের খাসিয়া পরিবারের কাঁকন বিবি মুক্তিযোদ্ধাদের খাবার ও অস্ত্র বহন করতেন।বীথিকা বিশ্বাস ও শিশির কণা—দুই অকুতোভয় মুক্তিযোদ্ধা গ্রেনেড চার্জ করে গানবোট উড়িয়ে দিয়েছিলেন, আলেয়া বেগম যুদ্ধ করেছিলেন পুরুষের পোশাক পরে, মুক্তিযুদ্ধ শুরুর সময় শিরিন বানু (মিতিল) পুরুষদের বেশে পাবনায় প্রতিরোধ আন্দোলন করেছিলেন, মেহেরুন্নেসা মিরা ও হালিমা খাতুন স্বাধীনতার ২৮ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন, আলমতাজ বেগম ছবি ছিলেন একাত্তরের গেরিলা যোদ্ধা, নির্ভীক মুক্তিসেনা ছিলেন বরিশালের করুণা বেগম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘সেনা সাব-সেক্টর মহিলা মুক্তিফৌজ সহায়ক কমিটির’ নকশা বিশেষভাবে উল্লেখ্য।বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীসমাজের সংগ্রামী ভূমিকা নিয়ে প্রকাশিত বইয়ে আমরা হাজার হাজার নারীর নাম পাচ্ছি। রাজনৈতিক দলের কর্মীসংখ্যা, রাজনীতিবিদ, সমাজসেবী, সাংসদ, নারীনেত্রী, গবেষক, লেখক, শিল্পী, অভিনেত্রী প্রমুখ সমাজের সুযোগপ্রাপ্ত, শিক্ষিত নারীরা নানাভাবে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।মুক্তিযোদ্ধাদের জবানিতে লেখা বহু দলিলে-বইয়ে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, খুলনাসহ দেশের নানা অঞ্চলে নারীরা গেরিলা যোদ্ধাদের সর্বাত্মকভাবে সাহায্য করেছেন। নারীদের সাহায্য ছাড়া গেরিলা যুদ্ধ চালানো সম্ভব ছিল না।এই সত্য আজ প্রতিষ্ঠিত যে মুক্তিযুদ্ধে নারীরাও ছিলেন গেরিলা যোদ্ধা ও মুক্তিযোদ্ধা। মালেকা বেগম: শিক্ষক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।