নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি গঠনের সব কর্মকাণ্ডে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করায় সহযোগিতা করতে সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়তে সব কর্মকাণ্ডে নারীর সমান অধিকার প্রয়োজন। তাই নারী অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক পুরুষ ও নারীকে এগিয়ে আসতে হবে। খবর বাসসের।আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেবল আইন করে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী ও একই মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম অংশ নেন।প্রধানমন্ত্রী বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে অর্জিত সাফল্য উন্নত বিশ্বের সমান না হলেও এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন কোনো অংশেই কম নয়। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সুযোগ গ্রহণ করে অনেক নারী ইতিমধ্যে আত্মনির্ভরশীল হয়েছেন। এ পথেই বাংলাদেশ ডিজিটাল দেশ নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করেছে। যেসব নারী ও শিশু সহিংসতার শিকার হয়, তারা চিকিত্সাসেবা, পুলিশ ও আইনি সহায়তার পাশাপাশি ডিএনএ পরীক্ষা, শারীরিক ও সামাজিক সেবা ও আশ্রয়-সুবিধা পাচ্ছে। তা ছাড়া যেকোনো সংকটে নারী ও শিশুদের সহায়তায় মহিলা অধিদপ্তরে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার (এনএইচসি) স্থাপন করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নারী দিবস পালিত হচ্ছে। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর তথ্য পাওয়ার অধিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’।