ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম ও শাস্তি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের শাস্তি ঘোষণাকারীকে অপরাধী হিসেবে গণ্য করতে বলা হয়েছে। এ অপরাধীদের বিরুদ্ধে দণ্ডবিধিসহ প্রচলিত অন্যান্য আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের সহযোগী হিসেবে একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিষয়টি আদালত তদারক করবেন।ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম ও শাস্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক তিনটি রিটের চূড়ান্ত শুনানি শেষে ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।ফিরে দেখাএর আগে ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। রায়ে বলা হয়, একমাত্র আদালতই মুসলিম বা অন্য কোনো আইন অনুযায়ী আইনসংক্রান্ত কোনো প্রশ্নে মতামত দিতে পারেন। কেউ ফতোয়া দিলে তা ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। তবে ফতোয়াবিরোধী হাইকোর্টের এ রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নয় বছর ধরে আটকে আছে।হাইকোর্টের রায়টির নিষ্পত্তি থেমে থাকলে থেমে থাকেনি ফতোয়া দেওয়ার ঘটনা। ফতোয়া পরিণত হয়েছে নারী নির্যাতনের হাতিয়ারে।লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামে ‘পরপুরুষে’র সঙ্গে কথা বলার অপরাধে সমাজপতিরা সালিস করে এক দরিদ্র গৃহবধূকে ৫০টি বেত্রাঘাত করেন।কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে আবদুল করিম নামের এক ব্যক্তি প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক কিশোরীর সঙ্গে। পরে ওই কিশোরী মা হলে করিম পিতৃত্ব অস্বীকার করেন। এ নিয়ে গ্রামের মাতব্বরেরা ওই কিশোরীকে ৩৯টি দোররা মারেন।একই ধরনের অপপ্রচার চালানো হয় চাঁদপুরের মতলব উপজেলার মোল্লাকান্দী গ্রামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ধরনের অসংখ্য ঘটনা প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। অবশেষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, নিজেরা করি ও ব্র্যাক হাইকোর্টে একটি রিট করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ আগস্ট আদালত ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তির বিষয়ে সরকারের ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কিশোরীকে ধর্ষণ ও দোররা মারার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেন।সর্বশেষ ‘বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪’ শিরোনামে গত ২২ মে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এর অনুলিপি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাই একটি রিট করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে ২৪ মে ওই আদালত রুল জারি করেন। এসব রিটের রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ৮ জুলাই আদালত রায় দেন।ফতোয়ার নামে নারী নির্যাতনের ধরনব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি ও ব্র্যাক ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৪ মে পর্যন্ত মোট ৬২টি ফতোয়ার কেসে আইনি সহায়তা দিয়েছে। বিয়ে, হিল্লা বিয়ে, তালাক, যৌতুক, স্বামী-স্ত্রীর সম্পর্ক, প্রেম অথবা নারীদের প্রগতিশীল কাজের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে। দেশে নারী নির্যাতনের হাতিয়ার হিসেবে সমাজের যে কেউ ফতোয়া দিচ্ছে এবং তা কার্যকর করছে।অথচ বাংলাদেশ দণ্ডবিধির ৫০৮ নম্বর ধারা অনুসারে, কোনো ব্যক্তি যদি নিজের অবৈধ উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে দিয়ে জোরপূর্বক কোনো কাজ করে, যে কাজ করতে সে আইনগত বাধ্য নয়, তাহলে ওই ব্যক্তি এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। দণ্ডবিধির ৫০৯ নম্বর ধারা অনুসারে, নারীর শালীনতার প্রতি অমর্যাদাকর কোনো কাজ বা মন্তব্যের জন্য শাস্তি দেওয়ার বিধান আছে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭ নম্বর ধারায় মৌখিক তালাক ও হিল্লা বিয়েকেও অবৈধ ঘোষণা করা হয়েছে।সম্প্রতি হাইকোর্টের দেওয়া রায় নিয়ে আমরা কথা বলেছি বিশেষজ্ঞদের সঙ্গে। জানতে চেয়েছি তাঁদের মতামত।গোলাম রাব্বানীঅবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট২০০১ সালে ফতোয়াকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে সংসদে আইন প্রণয়ন এবং জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে সংবিধানের ৪১ (১) অনুচ্ছেদের আলোকে ধর্মীয় স্বাধীনতা নিয়ন্ত্রণ করে আইন প্রণয়নের জন্য সরকারকে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন আদালত। আপিল নিষ্পত্তি সাপেক্ষে উপরোক্ত নির্দেশনা দুটির কার্যকরতা আপিল বিভাগ স্থগিত রেখেছে।কিন্তু দশ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এই বিষয় নিষ্পত্তি না হওয়ায় ফতোয়ার ঘটনা বেড়েই চলেছে।তিনি আপিলটির দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান। এবারের হাইকোর্টের রায়ে আগের রায়টিই পুনর্ব্যক্ত হয়েছে। আয়শা খানমসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ ‘আমরা চাই, সমাজ থেকে নারীবিরোধী অমানবিক ফতোয়া দূর হোক। আমাদের চাওয়া ষোলোআনা। তা না পেয়ে বারোআনা পাওয়া গেলে সেটাই লাভ। এবারের রায়ের ফলে ফতোয়া দেওয়ার আগে ফতোয়াবাজেরা দশবার চিন্তা করবে। অর্থাৎ আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি।’শাহ্দীন মালিকআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট চাবুক মারার মতো শাস্তি প্রায় ৫০ বছর আগেই তুলে দেওয়া হয়েছে। দেশের আদালতও জেল-জরিমানা বা মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন, কাউকে শাস্তি দিতে পারেন না।অথচ ফতোয়ার নামে নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। এবারের রায়টিতে এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।সুলতানা কামালনির্বাহী পরিচালকআইন ও সালিশ কেন্দ্র ফতোয়ার বিরুদ্ধে প্রচলিত আইনেই আশ্রয় নেওয়া সম্ভব। কিন্তু সমাজ, প্রশাসন, সবার সামনে ফতোয়াবাজেরা ফতোয়া দিচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশও মামলা নিতে চাইত না। হাইকোর্টের রায় অনুযায়ী, যারা ফতোয়ার সঙ্গে জড়িত, এমনকি প্রশাসন ফতোয়া ঠেকাতে ব্যর্থ হলে অভিযুক্ত ভ্রক্তিদের দণ্ডবিধিসহ প্রচলিত আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তাই ফতোয়ার নামে এ ধরনের বিচার সংবিধানের সাংঘর্ষিক। হাইকোর্টের এবারের রায়ে এ বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে। ফলে নারীর সম্মান ও অধিকার রক্ষায় এ রায় যুগান্তকারী ভূমিকা রাখবে।খুশী কবিরসমন্বয়কারী, নিজেরা করিহাইকোর্ট থেকে এ ধরনের রায় পাওয়া অনেক বড় বিষয়। কিন্তু হাইকোর্টের রায়ও অনেক সময় গ্রাহ্য করা হয় না। তাই এবারের রায়টির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে হাইকোর্টের রায়টি জানানোর ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরে রায়টি নিয়ে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।ফস্টিনা পেরেরাপরিচালক, ব্র্যাকের মানবাধিকার ও আইন-সহায়তা কর্মসূচিকোনো ব্যক্তিরই অন্য কাউকে আঘাত বা জখম করার ক্ষমতা নেই। এ বিষয়গুলো সংবিধান, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিতে সুরক্ষিতই আছে। তাই ২০০১ সাল ও এবারের হাইকোর্টের রায় দুটি না পেলেও তা সুরক্ষিতই থাকত। কিন্তু বাস্তবতা হচ্ছে, ফতোয়ার মতো অমানবিক ঘটনা ঘটেই চলছে। বিচার-সালিসে ফতোয়ার নামে নারীনিগ্রহের বিষয়টি সমাজে একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। রিট আবেদন প্রসঙ্গে ফস্টিনা বলেন, এ রিটে ফতোয়া কী, কে দিতে পারে, কার ওপর বর্তায়, তা মূল বিচার্য বিষয় ছিল না। মূল বিচার্য বিষয় ছিল, রাষ্ট্র যেন সংবিধানস্বীকৃত অধিকারগুলো প্রয়োগে নির্বাহী ও প্রশাসনিক আদেশ দেয়। রিট আবেদনে বলা হয়, এ ধরনের ফতোয়া আইনের শাসনের পরিপন্থী এবং সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৫(৫) ও ৪৩ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মধ্যস্থতা ও সালিসের নামে আইন ও বিচারবহির্ভূতভাবে প্রহার করা, দোররা মারা এবং বেত্রাঘাত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। আদালত মানবাধিকার সংগঠন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাকে বিচারবহির্ভূত সালিসি ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফরিদা ইয়াসমীনউপপরিচালক, ব্লাস্ট ২০০১ সালের হাইকোর্টের রায়টি আপিল বিভাগে স্থগিত থাকায় তা কার্যকর করা সম্ভব হয়নি। কুমিল্লায় ১০১ দোররা মারার একটি ফতোয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ফতোয়ার ঘটনা এড়িয়ে গিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারায় মামলা করা হয়। ফলে ফতোয়াবাজেরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। বর্তমান রায়ে ফতোয়ার সাজা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তানজীব-উল আলমআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট২০০১ সালের রায়ের চেয়ে এবারের রায়টি অনেক বেশি গবেষণালব্ধ হয়েছে। রায়টিতে অনেক বিস্তৃতভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তাই এটি বাস্তবায়িত হলে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য।