পশ্চিম পাকিস্তানের প্রায় ২৫ বছরের ক্রমাগত বৈষম্য, বঞ্চনা, উপেক্ষা, অবকাঠামোগত স্থবিরতা ও প্রাকৃতিক দুর্যোগের অব্যাহত আঘাত নিয়ে ১৯৭১ সালে যখন যুদ্ধবিধ্বস্ত, দারিদ্র্যপীড়িত, অনুন্নত ও প্রাকৃতিক সম্পদহীন এক স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, সেই পটভূমিতে ৪০ বছর পর বাংলাদেশের অর্জন ও বর্তমান অবস্থান যেকোনো নিরিখে ‘বিস্ময়কর’ বলা যেতে পারে। হেনরি কিসিঞ্জারের সেই কুখ্যাত উক্তির ‘তলাবিহীন ঝুড়ি’ আজ বিশ্বব্যাংক কর্তৃক ‘এশিয়ার উজ্জ্বলতম নক্ষত্র’ (বিশ্বব্যাংকের জেন্ডার উন্নয়ন সিরিজ, ২০০৮) হিসেবে চিহ্নিত হয়েছে।শত প্রতিকূলতা সত্ত্বেও দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের নিরন্তর পরিশ্রম-প্রবণতা ও দারিদ্র্যকে জয় করার প্রত্যয় এবং সেই সঙ্গে সরকারের বহুমুখী ইতিবাচক পদক্ষেপের কারণে বিশেষত, বিংশ শতাব্দীর নব্বইয়ের দশক থেকে বাংলাদেশ আশাপ্রদ প্রবৃদ্ধির পথে এগিয়ে চলে। মাথাপিছু এত নিম্ন আয়ের দেশ হয়েও প্রায় দুই দশক ধরে গড়ে পাঁচ থেকে ছয় শতাংশ প্রবৃদ্ধি বজায় রাখা বাংলাদেশের জন্য ছিল এক বিস্ময়কর ব্যাপার। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা এবং মানব উন্নয়ন সূচকে অভাবনীয় সাফল্য বাংলাদেশকে এক অনন্ত সম্ভাবনার দেশ হিসেবে নতুন পরিচিতি দান করে। এ প্রসঙ্গে বিশ্বদরবারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল বাংলাদেশের এই রূপান্তরের মূল শক্তি হিসেবে নারীর ভূমিকা, যা সমমানের যেকোনো উন্নয়নশীল দেশের জন্য হয়ে ওঠে এক চমকপ্রদ উদাহরণ।স্বাধীনতা যেকোনো জাতির সত্তা বা আইডেনটিটির প্রধান নিয়ামক হলেও সামাজিক রূপান্তরের দৃষ্টিকোণ থেকে গোষ্ঠীগতভাবে স্বাধীনতার প্রভাব পরিমাপ করতে হলে বাংলাদেশের ক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে নারীর জীবনে স্বাধীনতার প্রভাব পুরুষের তুলনায় গভীরতর হয়েছে। এ অঞ্চলে স্বাধীনতা-পূর্ববর্তী কাল থেকে নারী-পুরুষনির্বিশেষে বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চনা ও শোষণের শিকার হলেও পুরুষ তার নিজস্ব পরিধিতে ছিল আত্মনিয়ন্ত্রিত এবং পারিবারিক ও সামাজিক ক্ষমতার সর্বময় অধিকারী, আর নারীর অবস্থান ও ভূমিকা নির্ধারিত ছিল নির্ভরশীল ও অধস্তন প্রাণী হিসেবে। কিন্তু নতুন রাষ্ট্রের সংবিধান সর্বপ্রথম নারীকে তার পৃথক সত্তা ও সমতার অধিকারী হিসেবে নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে ব্যক্তি-মানুষ হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে, যা ছিল তত্ত্বগতভাবে নারীর জন্য স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি।কিন্তু বাস্তবে নারীর সমতা অর্জনের প্রক্রিয়াটি অতি ধীর অথবা ক্ষেত্রবিশেষে স্থবির হয়ে রয়েছে। ঘরে-বাইরে নারীর দায়িত্ব ও কর্মক্ষেত্রের প্রসার ঘটেছে, নারীর অবদান মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে বিকাশ লাভ করেছে। জাতির অর্জনের তালিকাকে নারী সমৃদ্ধ করেছে তার নিরলস শ্রম ও নিজের ওপর আস্থার মাধ্যমে। কিন্তু নারীর জীবনালেখ্যের তেমন পরিবর্তন ঘটেনি। ঘরে-বাইরে নারীর ভূমিকাকে কেন্দ্র করে জেন্ডার সম্পর্কের মধ্যে পরিবর্তনের আভাসও অতি ক্ষীণ। এমনকি অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি ও উন্নয়ন কৌশলে নারীর চাহিদাকে পুরুষের সমকক্ষ ও প্রয়োজনীয়ভাবে দেখা হয়নি দীর্ঘকাল। নারীকে অসহায় ও অসমকক্ষ ভাবার প্রবণতা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১০৭১—৭৫) মূলত মা ও গৃহকর্মী হিসেবে নারীর কল্যাণ নিশ্চিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে সূচিত হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮০—৮৫) নারীর সমতার স্বীকৃতির যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সিডও সনদ অনুমোদন ও নারীকে উন্নয়নের মূলধারায় আনয়নের লক্ষ্যে নারীশিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যাপক কার্যক্রম গ্রহণ করে, নারীকে ক্ষমতায়িত করার প্রয়াস প্রথম তাকে সমতার দাবিতে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়। উপরন্তু যুদ্ধ-পরবর্তী দেশ পুনর্গঠনে নিবেদিত এনজিও এবং নারী সংগঠনগুলো গ্রামাঞ্চলে নারীদের সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করে, যা মধ্য-আশির দশক থেকে বাংলাদেশের নারীকে উদ্যমী ও আত্মপ্রত্যয়ী করে তোলে। সেই সঙ্গে আমাদের উন্নয়ন নীতিতে বিভিন্ন নারীবান্ধব নীতি ও কৌশল সংশোধিত হওয়ায় নারীরা পুরুষের তুলনায় অধিক আন্তরিকতা ও পরিশ্রমের সঙ্গে ভাগ্য পরিবর্তনের উদ্যোগ নেয়, যা দেড় দশক সময়ের মধ্যে একটি দরিদ্রতম দেশকে ‘দক্ষিণ এশিয়ার উজ্জ্বল নক্ষত্রে’র সুনাম এনে দেয়।পুরুষের তুলনায় নারীর গড় আয়ুষ্কাল বৃদ্ধি, নারীশিক্ষার অভাবনীয় অগ্রগতি ও প্রাথমিক শিক্ষায় লিঙ্গ-সমতা স্থাপন, ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থকরী উপার্জনে গ্রামীণ নারীর ব্যাপক সম্পৃক্ততা এবং সর্বোপরি প্রজনন হার ও শিশুমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশ এক অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করে। পাঁচ বছরের কম বয়সী শিশুকে ছয়টি মারাত্মক রোগের বিরুদ্ধে টিকাদানের হার ৮০ শতাংশ ছাড়িয়ে যাওয়া এবং ১৯৯৩ থেকে ২০০৭ সালের মধ্যে গড়ে ৫ দশমিক ৩ শতাংশ করে শিশুমৃত্যুর হার কমানো এবং শিশুর বেঁচে থাকার মধ্যে লিঙ্গ-সমতা স্থাপন বাংলাদেশের জন্য আরেক বিরাট অর্জন। এ ক্ষেত্রে মাত্র সাতটি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ সহস্রাব্দের লক্ষ্য পূরণের অন্যতম পথিকৃৎ হিসেবে সম্প্রতি জাতিসংঘের স্মারক লাভ করেছে। এ সবই সম্ভব হয়েছে নারীর মধ্যে সন্তান ও পরিবারের কল্যাণে সব ধরনের প্রাকৃতিক ও সামাজিক প্রতিকূলতা মোকাবিলা করার অসীম ধৈর্য, সহনশীলতা ও আত্মনিবেদনের কারণে। বাংলাদেশের নারীর নিরলস সংগ্রাম শুধু পরিবারের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ন্যূনতম সুযোগ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সুদৃঢ় প্রত্যয়ে আমাদের নারীরা নবতর উত্তরণের পথে এগিয়েছে। কঠোর পরিশ্রম ও নিরলস সংগ্রামের মাধ্যমে নিজের কর্মক্ষেত্রের প্রসার ঘটিয়েছে। নিঃসন্দেহে বলা যায়, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ ও তুলনামূলকভাবে সস্তা শ্রমিক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নেরও মূল শক্তি হিসেবে নারীশ্রমিকের অবদান উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, তিন দশক ধরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি গড়ে ছয় শতাংশে ধরে রাখা, এমনকি ২০০৮-০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে স্থবিরতা দেখা না দেওয়ার মূল কারণ ছিল রপ্তানি শিল্প খাতের স্থিতিশীলতা, যা সিংহভাগ নারীর শ্রমনির্ভর।গত বছর শুধু বস্ত্রশিল্প রপ্তানি খাত থেকে বাংলাদেশ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছে। এ ছাড়া দেশের অন্যান্য উল্লেখযোগ্য রপ্তানি খাত, যথা হিমায়িত চিংড়ি, ওষুধশিল্প ও সিরামিকেও নারীশ্রমিকের অবদান ব্যাপক। পারিবারিক রক্ষণশীলতা, সামাজিক বিধিনিষেধ ও সম্ভাবনা বিকাশের সীমিত সুযোগ সত্ত্বেও মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের নারীর জন্য ছিল এক বিরাট চ্যালেঞ্জ, যা মোকাবিলার পটভূমি নিহিত ছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে জীবনের সব ক্ষেত্রে নারী-পুরুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম-অধিকারের সাংবিধানিক অঙ্গীকার। যে রাষ্ট্রের মানব উন্নয়ন সূচক রূপান্তর ও অর্থনৈতিক বিকাশে নারীর এত বড় অবদান, সেই রাষ্ট্রে কেন তারা আজও লিঙ্গবৈষম্য ও ক্রমবর্ধমান সহিংসতার শিকার হয়ে চলেছে? স্বাধীনতা কেন নারীমুক্তির দুয়ার উন্মুক্ত করতে পারেনি? উপরন্তু রাজনৈতিক অস্থিরতা, ব্যাপক দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও সামাজিক নিরাপত্তার অভাব তুলনামূলকভাবে নারীর জীবনকে অধিক সংকীর্ণ ও সীমাবদ্ধ করে তুলেছে, যা তার প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব সৃষ্টি করে চলেছে।একটি জাতির জন্য স্বাধীনতার সবচেয়ে বড় ফসল হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার, যা সব নাগরিকের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের মাধ্যমে সামগ্রিকভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কল্যাণের সুযোগ সৃষ্টি করে এবং নারী-পুরুষনির্বিশেষে সবাইকে বঞ্চনা, বৈষম্য ও দারিদ্র্যের বলয় থেকে মুক্ত করে মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। সার্বিক কল্যাণের সেই কাঙ্ক্ষিত পথ সুগম করতে জনগণের সার্বিক অংশগ্রহণ ও রাষ্ট্রীয় সুশাসনের নিরিখেই রচিত হওয়া উচিত দেশের কাছ থেকে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির তালিকা। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ যে শ্রেণী যত বেশি বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছে, স্বাধীন দেশের কাছে তাদের তত বেশি প্রত্যাশা ও প্রাপ্তির অধিকার জন্মায়।সেই পরিপ্রেক্ষিতে নারীর দৃষ্টিতে বাংলাদেশের চার দশক মূল্যায়ন আরও গভীর তাৎপর্য বহন করে, যখন দেখা যায় এই পথ পরিক্রমায় যা কিছু আমাদের গর্বিত অর্জনের তালিকাকে সমৃদ্ধ করেছে, তার প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান সিংহভাগ। তার উদ্যম ও পরিশ্রম-প্রবণতা এবং সন্তান ও পরিবারের কল্যাণ-আকাঙ্ক্ষার সঙ্গে ইতিবাচক সুযোগ সৃষ্টির সংমিশ্রণ জাতীয় উন্নয়নের পথ প্রশস্ত করেছে। নারীকে আত্মবিশ্বাসী ও অধিকারসচেতন করেছে। তাই মৌলিকভাবে আজ রাষ্ট্রের কাছে নারীর প্রত্যাশা তার সম-অধিকারের দাবি পূরণ। গৃহকোণ থেকে বেরিয়ে তার চলার পথকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা, প্রতি ক্ষেত্রে তার অবদানকে দৃশ্যমান করে একটি সমপ্রতিনিধিত্বমূলক ও বৈষম্যহীন সমাজ সৃষ্টি করা এই দাবি পূরণের পূর্বশর্ত। তা হলেই শুধু একজন স্বাধীন নাগরিকের মতো নারীও আত্মনিয়ন্ত্রণের অধিকার ভোগ করতে পারবে। এর জন্য প্রয়োজন সমাজের ও রাষ্ট্রের সর্বস্তরে ধারণাগত ও উন্নয়ন কৌশলগতভাবে নারীর স্বত্বাধিকারকে গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া। আমাদের মনে রাখতে হবে, লিঙ্গবৈষম্যকে সার্বিকভাবে প্রত্যাখ্যান করে নারীমুক্তির পথ উন্মুক্ত না করতে পারলে জাতি হিসেবে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির বিরাট পার্থক্য পূরণ হওয়ার নয়। সালমা খান: অর্থনীতিবিদ ও নারীনেত্রী