কৃষক পরিবারের বধূ হওয়া সত্ত্বেও আনন্দ-উল্লাসের কোনো কমতি নেই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের নন্দলাল অধিকারীর স্ত্রী মিনু অধিকারীর (৪০)। জমিতে উৎপাদিত ধান বিক্রি করে এবং কিছু জমি বন্ধক রেখে সাত বছর আগে দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ২৮ হাত লম্বা ছানদি বাচারি নৌকা। এর সঙ্গে ৩৬ জন নারীকে নিয়ে তিনি গত তিন বছর লক্ষ্মীপূজার পরের দিন কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জের বাবুর খালে, রাধাগঞ্জের গাছবাড়ী খালে, ঘাঘর বাজারের ঘাঘর নদীতে ও দুর্গাপূজার দশমীর দিন রামশীল এবং পিড়ারবাড়ী নদীতে বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে ছুটে যান। গত বছর কালিগঞ্জের বাবুর খালে পুরুষের পাশাপাশি বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল মিনু অধিকারীর দল। পুরস্কার পেয়েছিল একটি তিন ব্র্যান্ডের রেডিও। এ পর্যন্ত মোট নয়টি পিতলের কলস পুরস্কার পেয়েছে তার দল। কলাবাড়ী ইউনিয়নের কালিগঞ্জে বাবুর খালে ২৫ অক্টোবর তিনদিনব্যাপী নৌকা বাইচ ও মেলা শেষ হয়েছে। এই বাইচে এবারও পুরুষদের সঙ্গে অংশ নিয়েছে মিনু অধিকারীর দল। দ্বিতীয় হয় তাদের নৌকা। পুরস্কার হিসাবে তিনি একটি রেডিও ও একটি পিতলের কলস পেয়েছেন।নারী মাল্লাদের মধ্যে অঞ্জলি বাড়ৈ (৪২), মিনু বাড়ৈ (৩৩), সবিতা বাড়ৈ (৩৫), পবিত্রা বাড়ৈ (৩৬), রাধা রায় (৩৫), তুষার কনা রায় (৫৫), কানন বাড়ৈ (৪৫), যূথিকা অধিকারী (৫৭), উষা অধিকারী (৩৫), আরতি রায় (৪৩), গীতা অধিকারী (৪২), অপর্ণা অধিকারী (৩০), জয়মালা দাস (৩৫), স্কুল ছাত্রী লুনা অধিকারী, দোলা বাড়ৈ, মিতু সরকার, অসিমা হাজরা, নিপা বাড়ৈ, তপতী বাড়ৈ, প্রিয়াংকা অধিকারী ও রুপালি অধিকারীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, নদী, খাল ও বিলবেষ্টিত হওয়ায় নৌকাবাইচ এলাকার প্রধান উৎসব। বছরে এই দিনটির জন্য এলাকার মানুষ মুখিয়ে থাকে। বাড়িতে বাড়িতে জামাই আসেন। তৈরি হয় পিঠা ও পায়েস। আনন্দ ফুর্তি হয়। কয়েক শ বছরের পুরোনো এসব বাইচে আগে শুধু পুরুষ অংশ নিত। মিনুর নেতৃত্বে গত দুই-তিন বছর ধরে তারাও অংশ নিচ্ছেন। এ জন্য এলাকার পুরুষদের পক্ষ থেকে কোনো বাধা নেই। এখন এলাকার শস্য উৎপাদন ও বিপণনই শুধু নয়; আনন্দ-উৎসবেও তারা শরিক হচ্ছেন। বাইচ প্রতিযোগিতার দলনেত্রী মিনু অধিকারী বলেন, ‘যে কাজ পুরুষ পারে, তা নারীরা পারবে না কেন? দেশের প্রধানমন্ত্রী যদি নারী হতে পারেন, বিরোধী দলীয় নেতা যদি একজন নারী হতে পারেন; আমরা কেন সামান্য নৌকাবাইচে অংশ নিতে পারব না। পুরুষ আনন্দ-উল্লাস করবে, আর আমরা ঘরে বসে থাকব, এটা হয় না। তাই আমি আমার স্বামীকে বলে নৌকা তৈরি করেছি। এতে আমার স্বামীরও উৎসাহ আছে।’দলনেত্রী মিনু অধিকারীর স্বামী নন্দলাল অধিকারী বলেন, ‘আমার টাকা-পয়সা দিতে সমস্যা হলেও আমার স্ত্রী ও অন্য নারীরা বছরে একবার আনন্দ-উল্লাস করতে পারে এ জন্য আমার খুব ভালো লাগে। অধুনিক বিশ্বে নরীরা নৌকাবাইচ করে আনন্দ পায়, এটা একটা বড় বিষয়। আমার কষ্ট হলেও চালিয়ে রাখার চেষ্টা করব।’কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির মাহামুদ বলেন, বর্তমানে নারীরা পুরুষের সঙ্গে তালমিলিয়ে সব ধরনের কাজে অংশ নিচ্ছে। নৌকাবাইচ একটা ভালো বিনোদনের মাধ্যম। গ্রাম এলাকায় পুরুষের সঙ্গে নারীরাও বাইচসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, এটি দেশের ও সমাজের জন্য মঙ্গলই বয়ে আনবে।