নারীরা জেগেই বা কী করবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নারীকে রাস্তায় কেউ উত্ত্যক্ত করল এবং সেই নারী এর প্রতিবাদ করায় আরও কিছু পুরুষ মিলে ওই নারীকে রাজধানীর লোকে গমগম করা কোনো রাস্তার ওপরই লাঞ্ছিত করল, মেরে তাঁর শরীর রক্তাক্ত করে দিল, সেই দৃশ্য কতটা কাঙ্ক্ষিত? কিন্তু এই ঘটনাই এবার ঘটল। তা-ও সে নারী কোনো সাধারণ নারী নন, সেই নারী একজন সাংবাদিক এবিসি রেডিওর একজন নিজস্ব প্রতিবেদক।৩১ জুলাই বিকেলে অফিসের কাজ সেরে তিনি রাজধানীর পান্থপথ ধরে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছিলেন। সুবাস্তু টাওয়ারের সামনে হঠাৎ মোটরসাইকেলের আরোহী এক যুবক তাঁকে ধাক্কা দেন। এ ঘটনার প্রতিবাদ করলে যুবকটির সঙ্গে তাঁর তর্ক শুরু হয় এবং একপর্যায়ে যুবকটি ওই নারী সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। পরে জানা গেছে, ওই যুবক পান্থপথ এলাকার একটি দোকানের মালিক। এ বিষয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত হিসেবে সাক্কু ও সেকু নামের দুই যুবককে শনাক্ত করেছে। পান্থপথে তাঁদের মোহাম্মদী ফার্নিচার ও ফেমাস ফার্নিচার নামের দুটি দোকান রয়েছে।এই ঘটনাটি কবে ঘটল? যেদিন দেশের সব সংবাদপত্রেই পার্বত্য এলাকা বান্দরবানের লামায় মারমা পরিবারের এক কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে আবু মুসা নামের এক যুবক পাঁচ বছরের এক শিশু, ৭০ বছর বয়সী এক বৃদ্ধ এবং ৩৬ বছর বয়সী এক নারীকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই ঘটনা বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। এই ঘটনা যখন ঘটল, এর কিছু দিন আগেই দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী তার শিক্ষকের দ্বারা লাঞ্ছিত হয়েছে। এই ঘটনা এমন একসময় ঘটল, যখন পরপর কয়েকটি মুঠোফোনে অনাকাঙ্ক্ষিত ভিডিওর রেশ ধরে একাধিক নারী আত্মহত্যা করেছেন। এই ঘটনাটি ঘটল, যখন সারা দেশে ইভ টিজিং বা নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, যখন যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চ আদালত রুল জারি করেছেন, যখন নারীদের হয়রানির বিরুদ্ধে সারা দেশের প্রতিষ্ঠানে প্রতিবাদ হয়েছে।তাহলে সংগত কারণেই প্রশ্ন তোলা যায়, মানুষের এই সচেতনতা, এই প্রতিবাদ, এই কালো ব্যাজ ধারণ, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, আদালতের নির্দেশনা—এত কিছুর পরও নারীদের ওপর যৌন হয়রানি আসলেই কি কমছে বা কমার কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে? ৩১ জুলাই বিকেলের এই ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। আমাদের আরও দু-একজন নারী সংবাদকর্মীর কাছ থেকে শুনেছি, তাঁরা যখন সন্ধ্যার পর কিংবা রাতে গণপরিবহনে চড়ে বাসায় যান, তখন খুবই আতঙ্কে থাকেন। অনেক সময়ই নারীরা মুখ বুজে অনেক ব্যবহার সহ্য করেন। কেউ কেউ অবশ্য প্রতিবাদও করেন। আবার প্রতিবাদ করলে এর পরিণতি কী হয়, তা-ও আমরা দেখলাম।নজরুল যতই লিখুন ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ কিন্তু শুধু নারীরা জাগলেই বা কী? আমার এই সহকর্মী যদি সেদিন সন্ধ্যায় কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে চুপচাপ হেঁটে চলে যেতেন, তাহলে তো পুরুষের হাতে তাঁকে এভাবে লাঞ্ছিত হতে হতো না।আর এ কারণে আমার বোন যখন বাসা থেকে কলেজে যায়, তার বাসায় না ফেরা পর্যন্ত কয়েকবার আমাকে ফোন করতে হয়। কেননা, দুশ্চিন্তা হয়, সে নির্বিঘ্নে কলেজে পৌঁছাল কি না এবং বাসায় গেল কি না। কেননা, এই সমাজ পুরুষের এবং একজন পুরুষ হিসেবে আমি পুরুষের চরিত্র জানি। আর জানি বলেই যখন আমার ওই সহকর্মীকে রাস্তায় কোনো পুরুষ কিংবা পুরুষদল লাঞ্ছিত করে, তখন পুরুষ হিসেবে আমি লজ্জা বোধ করি, অপমান বোধ করি।আমীন আল রশীদসিনিয়র রিপোর্টার, এবিসি রেডিও।