শতবর্ষ আগে বেগম রোকেয়া নারীশিক্ষার জন্য ঘরে ঘরে যেতেন। মেয়েশিশুদের অভিভাবকদের বোঝাতেন ওদের পড়ানোর জন্য। এখন আর সে যুগ নেই। বর্তমানে সন্তান ছেলে বা মেয়ে যা-ই হোক না কেন, মা-বাবা তাদের স্কুলে পাঠান। তাঁরা চান, তাঁদের ছেলেসন্তানটির পাশাপাশি মেয়েও পড়াশোনা করুক। সমাজে শিক্ষার একটা চাহিদা তৈরি হয়ে গেছে। ছেলে-মেয়ে সমানতালে এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বোর্ডের পরীক্ষায় আমাদের মেয়েরা মেধা তালিকায় ফল অনেক ভালো করেছে। বর্তমানে গ্রেডিং পদ্ধতিতেও তারা মেধার পরিচয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়—সর্বত্র তারা ভর্তি-পরীক্ষায় ভালো করে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এমনকি এবার যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলো, সেখানেও মেয়েশিশুরা পড়াশোনায় তাদের মনোযোগের পরিচয় দিয়েছে, ভালো ফল করেছে। এভাবে দিন দিন মেয়েশিশুদের পড়াশোনার হার এবং ভালো ফলের হার বাড়ছে। তারা উচ্চশিক্ষিত হয়ে দেশের বাইরে যাচ্ছে আরও পড়াশোনা করতে, নয়তো পছন্দমতো কর্মক্ষেত্রে প্রবেশ করছে। কিন্তু এই উচ্চশিক্ষিত হওয়া এবং কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগটা আমরা দেখছি প্রধানত উচ্চবিত্ত ও মধ্যবিত্তের ক্ষেত্রে। কিন্তু আমাদের স্বল্প আয়ের সুবিধাবঞ্চিত মানুষগুলোর ক্ষেত্রে চিত্রটা কী রকম? গবেষণায় দেখা যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, তখন মেয়েশিক্ষার্থীর অংশগ্রহণ থাকে ১১ শতাংশ বেশি। কিন্তু যখন তারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়, তখন তাদের এ অংশগ্রহণটা কমে যায় ১১ থেকে ১২ শতাংশ। এভাবে মাধ্যমিকে আমরা শিক্ষার্থীদের বিশাল একটি ঝরে পড়া অংশ দেখতে পাই। ছেলেশিক্ষার্থীদের ক্ষেত্রে তা হয় আয়ের উদ্দেশ্যে—অভাবের সংসারে অর্থ উপার্জনে পরিবারকে সাহায্য করার তাগিদে। মেয়েশিশুদের এ ঝরে পড়ার কারণ খুঁজতে গিয়ে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশ ও সামাজিক প্রতিবন্ধকতা। যেহেতু সব সরকার মেয়েশিশু বা নারীশিক্ষাকে প্রাধান্য দিয়ে অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি চালু করেছে, তাই অর্থনৈতিক সমস্যা এখানে প্রধান প্রতিবন্ধকতা নয়। কিন্তু সামাজিক যে প্রতিবন্ধকতা আমরা দেখি, তা হলো মেয়েশিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পরিবেশ। বাড়ন্ত মেয়েদের বিদ্যালয়ে যাওয়া-আসার ক্ষেত্রে দেখা যায় নানা সমস্যা—উত্ত্যক্ততা এর মধ্যে অন্যতম। সব মা-বাবা, বিশেষ করে সুবিধাবঞ্চিত মা-বাবা মেয়েসন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন।নিরাপত্তার অভাববোধ থেকে মা-বাবা তাঁর কিশোরী-সন্তানকে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দেন। এখানে আমরা দেখতে পাই মূল্যবোধের অবক্ষয়। এ জন্য মেয়েশিশুদের একটা অংশ ঝরে পড়ে। ঝরে পড়ার কারণ খুঁজতে গিয়ে বিদ্যালয়ে টয়লেটের সমস্যা কিংবা একেবারে টয়লেট না থাকার সমস্যাটিও বের হয়েছে। এখন সময়ের দাবি এসব সমস্যার সমাধান করা। আর স্থানীয় সরকার ও বিভিন্ন বেসরকারি পর্যায়ে কর্মরত সবার আন্তরিক দায়িত্ব পালনের মাধ্যমে মেয়েশিশুরা নিরাপদে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে পারবে। এ ছাড়া আমাদের পোশাকশ্রমিক, অভিবাসী নারীদের সন্তানেরা ঠিকমতো পড়ালেখা করতে পারছে কি না, তা তদারক করলে তাঁদের সন্তানদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার নিশ্চয়ই কমবে। সুবিধাবঞ্চিত আরেকটি শ্রেণী হলো যৌনকর্মী নারীরা। তাঁদের সন্তানদের আলোর পথে আনা প্রয়োজন।সবশেষে আমি বলব, মেয়েদের শিক্ষা গ্রহণটা যেন হয় পেশাগত। হয়তো একজন মেয়ে পড়াশোনায় ভালো ফল করছে, কিন্তু সঠিক জ্ঞান অর্জন, জানা ও কর্মক্ষেত্রে দক্ষতায় সে একজন পুরুষের চেয়ে হয় পিছিয়ে থাকছে অথবা তাকে পিছিয়ে রাখা হচ্ছে। হয়তো দশভুজা নারী হয়ে সব দিক সামলাতে হয় বলে তার মেধা ও কর্মের দক্ষতা তেমন তীক্ষ হওয়ার সুযোগ থাকে না। কিন্তু সমাজের উন্নয়নে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি দরকার।নারীরা যেন কর্মক্ষেত্র থেকে ঝরে না পড়েন, সেটিও লক্ষ রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রের নানা সমস্যা, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার জন্য তাঁরা কর্মক্ষেত্র থেকে অনেক সময় দূরে থাকেন অথবা সরে আসেন। এটা রোধ করতে সমাজের সর্বস্তরের ও সরকারের সহযোগিতা দরকার। চাকরি করতে গিয়ে কর্মক্ষেত্র কোথায় হবে, নিরাপদ থাকার জায়গা আছে কি না, নয়তো সারা দিন কর্মক্ষেত্রে থাকলে সন্তান কার কাছে থাকবে—এসব চিরন্তন সমস্যায় নারীরা কর্মক্ষেত্র থেকে প্রায়ই পিছিয়ে আসেন। আমি চাই, সরকারি ও বেসরকারিভাবে এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হোক। তাহলে নারীরা কর্মক্ষেত্র থেকেও ঝরে পড়বেন না। মেয়েশিশুরা পড়াশোনায় যেমন ভালো করছে, কাজের দক্ষতা বাড়িয়ে যদি তারা কর্মক্ষেত্রে তা প্রয়োগ করার সুযোগ ও যথাযথ পরিবেশ পায়, তবেই তাদের শিক্ষার উপযুক্ত প্রয়োগ হবে এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের পথ সুগম হবে। রাশেদা কে চৌধুরী: নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান; সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার। অনুলিখিত