নারীসমাজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারীসমাজকে চলমান উন্নয়ন-প্রক্রিয়া থেকে দূরে রেখে প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। এ জন্য তাঁর সরকার দেশের নারীসমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি গতকাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে কবি বেগম সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নারী। দেশের সার্বিক ও টেকসই উন্নয়নে আর্থসামাজিক কর্মকাণ্ডে নারীদেরও পুরুষের সঙ্গে সমানতালে অংশ নিতে হবে। জাতীয় মহিলা পরিষদ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। কবি সুফিয়া কামালের ছেলে অধ্যাপক সাজিদ কামাল, প্রখ্যাত সাহিত্যিক রিজিয়া রহমান ও জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী মমতাজ বেগম এতে বক্তব্য দেন। নারী উন্নয়ন নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের আলোকে সমাজের সর্বক্ষেত্রে দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ওই নারীনীতি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এই নীতি প্রণয়ন করেছি। তবু এটি বাস্তবায়নে আমাদের বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। নারীনীতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কোনো কিছু নেই।’কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা বলেন, তিনি (সুফিয়া কামাল) ছিলেন সত্য, ন্যায় ও মানবতার প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতা ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক। তিনি কখনোই তাঁর অসাম্প্রদায়িক মানসিকতার সঙ্গে আপস করেননি।শেখ হাসিনা বলেন, সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা এবং তাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে বেগম সুফিয়া কামালের নিরলস প্রয়াসের কথা এ দেশের নারী সমাজ চিরদিন স্মরণ করবে। তিনি বলেন, ‘নারী উন্নয়নে আমরা এখন তাঁর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করছি।’শেখ হাসিনা কবি সুফিয়া কামালের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তিনি তাঁকে ফুফু ডাকতেন। প্রতিটি ইস্যুতে তাঁকে সমর্থন দিতেন কবি সুফিয়া কামাল।নারীর ক্ষমতায়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার বিস্তার, সমাজে জেন্ডার সমতা এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পারিবারিক সহিংসতা ও নিরাপত্তা আইন-২০১১ প্রণয়ন করা হয়েছে। একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এ জন্য নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের গৃহকর্ম, মোবাইল সার্ভিসিং ও ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।পরে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি সুফিয়া কামালের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখেন।