নারীসহ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল রোববার রাজধানী ঢাকা ও অন্যান্য জেলায় অভিযান চালিয়ে দু জন নারীসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন আলেয়া ওরফে নূরজাহান (৩৯), আলেয়ার ভগ্নিপতি বাদশা (৪২) ও তাঁর স্ত্রী। তাঁদের কাছ থেকে একটি রিভলবার, দুটি গুলি ও প্রচুর জমির দলিল উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, আলেয়া নিজেকে কখনো নূরজাহান কখনো আলেয়া নামে পরিচয় দিতেন। ১৯৯৩ সাল থেকে তিনি ঢাকার বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ নিয়ে সময়-সুযোগ মতো বাড়ির বাসিন্দাদের ঘুমের বড়ি খাইয়ে সর্বস্ব লুটে নিতেন। এসব বাসা থেকে মূলত তিনি স্বর্ণালংকার লুট করতেন। বাড়ির সদস্যদের অচেতন করার জন্য তিনি এটিভেন নামের একটি অতি শক্তিশালী ঘুমের ওষুধ ব্যবহার করতেন। এটিভেন পাকিস্তানে তৈরি একটি তীব্র মাত্রার ঘুমের ওষুধ।আলেয়া লুট করা স্বর্ণালংকার তাঁতিবাজার এলাকার আদি কার্তিক নামের একটি সোনার দোকানে বিক্রি করতেন। এভাবে তিনি এই দীর্ঘ সময়ে যে পরিমাণ স্বর্ণালংকার লুট করেছেন বর্তমান বাজারদরে তার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। আলেয়াকে এ কাজে সহায়তা করতেন তাঁর ভগ্নিপতি বাদশা ও তাঁর স্ত্রী। ডিবি পুলিশ জানিয়েছে, আলেয়াকে সূত্রাপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বাদশাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।