নারীস্বাস্থ্যের উন্নতি গড় আয়ু পুরুষের চেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃমৃত্যুর হার এক দশকে ৪০ শতাংশ কমেছে। জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার বৃদ্ধি ও মোট প্রজনন হার কমে যাওয়ায় গর্ভধারণ-সংশ্লিষ্ট জটিলতা কমেছে। এসবই নারীস্বাস্থ্যের উন্নতিতে অবদান রেখেছে। এতে নারীর গড় আয়ু বেড়ে ৬৮ দশমিক ৭ বছর হয়েছে। এটা পুরুষের গড় আয়ুর চেয়ে আড়াই বছর বেশি।নারীর পুষ্টি গ্রহণের পরিস্থিতিরও উন্নতি হয়েছে। দুই দশকে সার্বিকভাবে নারীর অপুষ্টিসমস্যা ২০ শতাংশ কমেছে। তবে নির্যাতন এখনো বহু নারীর স্বাস্থ্যহানির কারণ। সেবা পেতে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা—এমন অভিযোগও আছে। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো কম থাকায় নারীর কাছে পুষ্টিসেবা আশা অনুযায়ী পৌঁছাচ্ছে না।মাতৃমৃত্যু কমেছে: দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার ১৯৪। অর্থাত্ প্রতি এক লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মায়ের মৃত্যু হচ্ছে। ২০০১ সালে এই হার ছিল ৩২২। এক দশকে মাতৃমৃত্যু ৪০ শতাংশ কমেছে। জাতিসংঘ ও বাংলাদেশ সরকার বলছে, ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৪৩-এ কমিয়ে আনার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি-৫) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে আছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মাতৃ ও শিশুস্বাস্থ্য) মোহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল এবং জেলা মাতৃ ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে প্রসব-পূর্ব সেবা দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ মায়ের তথ্য থাকে মাঠকর্মীদের কাছে। মায়েরা আয়রন ও ফলিক এসিড বড়ি বিনা মূল্যে পান। এসব উদ্যোগও মাতৃমৃত্যু কমিয়েছে।পরিসংখ্যান বলছে, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রসবসেবা নেওয়ার হার আগের চেয়ে বেড়েছে। ২০০১ সালে এই হার ছিল ৯ শতাংশ। ২০১০ সালের জরিপে এই হার বেড়ে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। দেশে মাতৃমৃত্যু নিয়ে প্রথম জরিপ হয় ২০০১ সালে। ওই জরিপে দেখা যায়, মাতৃমৃত্যুর প্রধান কারণ ছিল রক্তক্ষরণ (২৯ শতাংশ) ও খিচুনি (২৪ শতাংশ)। ২০১০ সালের জরিপেও দেখা যায়, এ দুটি কারণই প্রধান। তবে রক্তক্ষরণে ৩৫ শতাংশ এবং খিচুনিতে ৫০ শতাংশ মৃত্যু কমেছে।জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিও মাতৃস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। স্বাধীনতার পর মোট প্রজনন হার (টিএফআর) ছিল ৬। অর্থাত্ একজন মা তাঁর প্রজনন বয়সে (১৫-৪৯ বছর) গড়ে ছয়টি সন্তানের জন্ম দিতেন। ২০০১ সালে এটা কমে হয় ৩ দশমিক ২। আর সর্বশেষ জরিপে দেখা গেছে, টিএফআর ২ দশমিক ৫। অর্থাত্ নয় বছরে টিএফআর ২২ শতাংশ কমেছে।অপুষ্টি আছে: আইসিডিডিআরবির পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ বলেন, গত শতকের নব্বইয়ের দশকে অপুষ্টিতে ভোগা (বডি মাস ইনডেক্স অনুযায়ী) নারী ছিল ৫০ শতাংশ। বর্তমানে তা ৩০ শতাংশ। অর্থাত্, দুই দশকে সার্বিক পুষ্টি-পরিস্থিতির উন্নতি হয়েছে।তবে জাতিসংঘ বলছে, পৃথিবীর যে কটি দেশে ওজন কম নিয়ে (লো বার্থ ওয়েট) বেশিসংখ্যক শিশু জন্মায়, বাংলাদেশ তার মধ্যে একটি। এর প্রধান কারণ মায়ের অপুষ্টি। দেশের গর্ভবতী নারীদের ৫০ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছেন। প্রতি তিনজন নারীর একজন আয়োডিন-স্বল্পতার শিকার।তাহমিদ আহমেদ বলেন, গর্ভে শিশু ২৬ সপ্তাহ পর্যন্ত মায়ের ওপর নির্ভরশীল থাকে। মা আয়োডিনের স্বল্পতায় ভুগলে তার প্রভাব পড়ে শিশুর ওপর। আয়োডিন মস্তিষ্কের বিকাশ ঘটায়।অন্য স্বাস্থ্যসেবা: প্রসবজনিত অসুস্থতা নিয়ে সরকারের জোরদার কোনো কর্মসূচি নেই বলে অভিযোগ করেছেন নারী অধিকার সংগঠন নারীপক্ষের স্বাস্থ্য ও অধিকারবিষয়ক প্রকল্পের ব্যবস্থাপক সামিয়া আফরীন। প্রথম আলোকে তিনি বলেন, সন্তান জন্ম দেওয়ার পর অনেকে অসুস্থতায় (সারভাইক্যাল টিয়ার, পেরিনিয়াল টিয়ার, জরায়ু বের হয়ে আসা, ফিস্টুলা) ভোগে। উপজেলা হাসপাতালে গেলে চিকিত্সকেরা জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। একইভাবে মেনোপোজের (রজঃবিরতি-মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়া) ক্ষেত্রেও সরকারের কর্মসূচি নেই।