নার্গিস খাতুন এখন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বোনের মধ্যে নার্গিস ছাড়া আর কেউই পঞ্চম শ্রেণীর বেশি পড়ার সযোগ পাননি। কৃষক বাবা মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যতিক্রম শুধু নার্গিস খাতুন। তিনি বিয়ের আগেই উচ্চমাধ্যমিক পাস করেছিলেন। বিয়ের পরে ঘরকন্নার পাশাপাশি পড়াশোনা চালিয়েছেন। পাস করেছেন স্নাতকও। তিন বছর আগে বাবা মারা গেছেন। বাবা এখন বেঁচে থাকলে মেয়ের আরও একটি সাফল্য দেখে যেতে পারতেন। এবার পৌরসভা নির্বাচনে উত্তরবঙ্গে নার্গিস খাতুন একমাত্র নারী মেয়র নির্বাচিত হয়েছেন। ১২ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৭২ জন মেয়রের মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী ছিলেন। তিনি রাজশাহীর চারঘাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির পাঁচজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকিরুল ইসলামের চেয়ে এক হাজার ২২৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর অপর প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিদ্রোহী প্রার্থী চারঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির প্রার্থী চারঘাট পৌর বিএনপির সভাপতি ইউনুস আলী তালুকদার। নির্বাচিত হওয়ার পর নার্গিসের বাসায় দুই দিন উপচে পড়া মানুষের ভিড় লেগে থাকে। গত শনি ও রোববার তিনি নিজে এলাকার মানুষের সঙ্গে দেখা করতে বের হন। এ সময় তাঁকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের শেষ ছিল না। বিশেষ করে নারীরা যেন আলাদিনের চেরাগ পেয়ে গেছেন। যেখানেই যাচ্ছেন, নারীরা তাঁকে জড়িয়ে ধরছেন। এ বিজয় যেন চারঘাট পৌরসভার সব নারীর বিজয়। পরিবেশ দেখে বোঝার উপায় নেই—কে তাঁকে ভোট দিয়েছেন আর কে দেননি। নার্গিস খাতুনও অকৃত্রিমভাবে সবাইকে আপন করে নিচ্ছেন। নার্গিসকে নিয়ে আলোচনা এখন শুধু চারঘাট পৌর এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। রাজশাহী শহর থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নার্গিসের বিজয়ের গল্প ছড়িয়ে পড়েছে। গত শনিবার সন্ধ্যায় ক্লান্ত হয়ে তিনি চারঘাট বাজারের পিটুলিতলায় এসে বসেন। সেখানেই তাঁকে ঘিরে ধরে আরেক দল মানুষ। পৌর এলাকার ডালিপাড়া থেকে মাসুদ নামের এক যুবক এসে বললেন, ‘মা খবর দিয়েছেন, আপনাকে দেখা করতে বলেছেন।’ দিনমজুর আবুল কাশেম তাঁর জন্য নিজের পকেটের পয়সা খরচ করে নির্বাচন করেছেন। তিনি নার্গিসের কাছে কিছুই চান না। তিনি অধিকার নিয়ে এসেছেন কিছু উপদেশ দেবেন। ‘কারও সঙ্গে দুর্ব্যবহার করবে না। মনের মধ্যে খাইখাই ভাব রাখবে না। কখনোই ভাববে না যে এমপি, উপজেলা চেয়ারম্যানরা সব খেয়ে ফেলল, আমি কী খাব।’ নার্গিস সব উপদেশ নতশিরে মেনে নিলেন। গত রোববার সকালে পৌর এলাকার সরদহ বাজারে ঘুরতে গিয়ে সামনা-সামনি পড়ে যান বিএনপির প্রার্থী ইউনুস আলী তালুকদারের। তিনি বলেন, ‘আমি আমার পরাজয় মেনে নিয়েছি। আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার দ্বারা চারঘাট পৌরসভার উন্নয়ন হবে।’থানাপাড়া এলাকার কোহিনূর বেগম নার্গিসের বিজয়ে খুশিতে গদগদ হয়ে বলেন, ‘মা, মেয়ে হয়ে পৌরসভা চালাতে পারবে তো!’ নার্গিস তাঁর কাছে দোয়া চান। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলামের কাছে নার্গিস খাতুনের বিজয়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নার্গিস খাতুন বিজয়ী হয়েছেন। তাঁকে আমি অভিনন্দন জানাই। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ নার্গিস খাতুনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে। বিয়ে হয়েছে ১৯৯৪ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে দশম শ্রেণীতে ও ছোট ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাঁর স্বামী রাহেনুল হক একজন মুক্তিযোদ্ধা; চারঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৯৯৯ সালে একটি উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি হেরে যান। গত নির্বাচনে তাঁকে আর মনোনয়ন দেওয়া হয়নি। এবার পৌরসভা নির্বাচনে স্থানীয় লোকজন তাঁর স্ত্রী নার্গিস খাতুনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ তাঁকে বহিষ্কারের সুপারিশ করেছে। প্রতিক্রিয়া জানতে চাইলে নার্গিস খাতুন বলেন, ‘টাকা-পয়সার বিনিময়ে নয়, জনগণের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসার বিনিময়ে আমি নির্বাচিত হয়েছি। সারা জীবন খেদমত করেও তাঁদের এই ঋণ শোধ করতে পারব না। এ ঋণ শোধ করবার নয়। তাঁরা যে পবিত্র দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, আমি যেন তা যথাযথভাবে পালন করতে পারি—এ জন্য সর্বস্তরের জনগণের কাছে আমি দোয়া চাই। তাঁরা যেন আমাকে সহযোগিতা করেন।’ তিনি বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পরে আগ্রাধিকার ভিত্তিতে জরুরি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’পত্রিকায় প্রকাশিত সংসাদ সূত্রে জানা গেছে, গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার শাসুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নার্গিস খাতুনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ‘চারঘাটের এই নারীকে কেন্দ্র থেকে ও দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়নি। কিন্তু জনগণ নাকি তাঁকে চায়। চার হাজারের বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।’ নারীর ক্ষমতায়নের ওপর তাগিদ দিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে নারীপ্রার্থী বাছাইয়ের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।