নার্গিসের স্বপ্নপূরণ
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এ মেয়েটির কাছে ক্যামেরা কেনার স্বপ্নটা ছোটবেলায় স্বপ্নই থেকে যায়। কিন্তু মেয়েটি তখনো ভাবতে পারেননি, এই স্বপ্ন একদিন পূরণ হবে। বলছিলাম শেরপুরের ঝিনাইগাতির মেয়ে নূর নাহার নার্গিসের কথা। সেই মেয়েটি লুমেন্স-চ্যানেল আই ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে স্থান করে নেন। কীভাবে নিজের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করলেন তিনি, সেই গল্পটা শোনা যাক তাঁর কথাতেই।‘১৯৯৭ সালের কথা। তখন সপ্তম শ্রেণীতে পড়তাম আমি। বাবার একার আয়ে সংসার চালিয়ে আমার পড়ালেখাটা চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। ব্র্যাকের কিশোরী উন্নয়ন ক্লাবের সদস্য ছিলাম আমি। একদিন জানতে পারি, সেখানে ছবি তুলতে আগ্রহী মেয়েদের আলোকচিত্রের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে ছবি তুলে উপার্জন করে আমরা স্বাবলম্বী হতে পারি। আলোকচিত্রের প্রশিক্ষণের কথা শুনেই আমি ওদের সঙ্গে যোগাযোগ করলাম। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলাম। প্রশিক্ষণ শেষে ব্র্যাকের পক্ষ থেকেই শর্ত-সাপেক্ষে ইয়াসিকা ক্যামেরা তুলে দেওয়া হয় আমাদের হাতে। তারপর নিজের এলাকায় বিভিন্ন অনুষ্ঠানসহ পাসপোর্ট, জন্মনিবন্ধনের ছবি তুলতে শুরু করি। ছবি তুলে তখন ভালোই উপার্জন এবং পরিচিতি হয় আমার। এভাবেই ২০০৩ সালে এসএসসি এবং ২০০৫ সালে এইচএসসি পাস করি। এর মধ্যেই এলাকায় বেশ নাম হয়ে যায় আমার। এরই মাঝে ২০০৫ সালে ১৫ ডিসেম্বর কিশোরী উন্নয়ন ক্লাবে অভিভাবকদের জন্য এক মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ছবি তোলার জন্য খবর দেওয়া হয় আমাকে। সেই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন পাঠশালার প্রশিক্ষক মোমেনা জলি। কিশোরী উন্নয়ন ক্লাবের কাছেই তিনি আমার কথা শোনেন। অনুষ্ঠান শেষে তিনি আমাকে ডেকে নিয়ে তাঁর ফোন নাম্বার দিয়ে কিছুদিন পর তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। তখন তো মোবাইলের যুগ ছিল না, আমি কিছুদিন পর দোকানে গিয়ে আপাকে ফোন দিই। তিনি আমাকে খুব শিগগিরই ঢাকায় এসে পাঠশালায় তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। বাড়িতে গিয়ে বললে আব্বা কিছুতেই রাজি হলেন না। কী করব, ভেবে পাচ্ছিলাম না। এমন সময় ছোট ভাই এসে আমি যে হাঁস-মুরগি পালতাম, সেগুলো বিক্রি করে দেওয়ার পরামর্শ দেয়। ওর কথামতো সেগুলো বিক্রি করে টাকা জোগাড় করি। ছোট ভাই বাবাকে বোঝায়। তারপর সেই টাকা দিয়ে ঢাকায় এসে পাঠশালায় মোমেনা আপার সঙ্গে দেখা করি। মোমেনা আপা জানান, তুমি যদি এখানে পড়তে আগ্রহী হও, তাহলে আমরা তোমাকে এখানে ভর্তি করতে পারি। এ অপ্রত্যাশিত খবরে হতবাক হয়ে পড়ি আমি। মোমেনা আপা আরও জানান, এখানে ৭৫ হাজার টাকার বৃত্তি দেওয়া হবে। সেখান থেকে ৩৪ হাজার টাকা কেটে রাখা হবে পড়ালেখার খরচের জন্য। বাকি টাকাটা তুলে দেওয়া হবে আমার হাতে। এ টাকা দিয়েই চলতে হবে আমাকে। আমি রাজি হয়ে যাই। পাঠশালা থেকে ডিপ্লোমা শেষ করি। এরপর ঢাকায় বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে থাকে। আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০০৯ সালে পাঠশালা থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। এরপর লুমেন্স-চ্যানেল আই ফটোগ্রাফার প্রতিযোগিতা শুরু হলে এক বন্ধু ফোন দিয়ে জানায় সেই খবর। একদিন হঠাৎ করে ফোন আসে চ্যানেল আই থেকে। তারা জানায়, শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে আমার ছবিটি গ্রামবাসী বাবাকে বলত, এই মেয়েরে তো কখনোই বিয়ে দিতে পারবা না। কিন্তু এখন গ্রামের মানুষ আমাকে নিয়ে খুব গর্ববোধ করে।