নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত
বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বরখাস্ত হওয়া রেজিস্ট্রার সুরাইয়া বেগমের বিরুদ্ধে মালয়েশিয়ায় অভিজাত বিপণিকেন্দ্র থেকে কেনাকাটা সেরে মূল্য পরিশোধ না করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।গত ৩০ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওই অভিযোগের বিষয়ে দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সুরাইয়া বেগমের বিরুদ্ধে ব্যাগে মূল্য-অপরিশোধিত মালামাল রাখা বা চুরির যে অভিযোগ ছিল, তা প্রমাণিত হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার তথ্য নিশ্চিত করে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, এখন সরকারি নিয়ম অনুযাযী তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এ ধরনের অসদাচরণের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ৩ জুন সুরাইয়া বেগমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মূল্য পরিশোধ না করার অভিযোগ অস্বীকার করে সুরাইয়া বেগম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। তদন্ত করা হয়েছে একতরফাভাবে। বিষয়টি চ্যালেঞ্জ করে যা করা দরকার, তা-ই করব আমি।’সুরাইয়া বেগমের ভাষ্য, মালয়েশিয়ায় ওই বিপণিকেন্দ্রে কেনাকাটা করতে গেলে সেখানকার একজন বিক্রয়কর্মী তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। স্থানীয় পুলিশ ইংরেজি ভাষা বুঝতে না পারায় সমস্যা হয়। পরে ইংরেজি জানা পুলিশ এসে সব শুনে ঘটনা বুঝতে পারেন। এরপর নিয়ম অনুযায়ী তাঁকে ছেড়ে দেওয়া হয়।গত ৩ জুন স্বাস্থ্যসচিব ও বাংলাদেশ নার্সিং কাউন্সিলের সভাপতি এম এম নিয়াজউদ্দিনের সই করা এক অফিস স্মারকে সুরাইয়া বেগমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, গত ২৮ থেকে ৩০ মে মালয়েশিয়ায় ‘উইমেন ডেলিভার’ শীর্ষক প্রোগ্রামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল ও নার্সিং) মোশাররফ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অনুষ্ঠানের শেষের দিন ৩০ মে কুয়ালালামপুরের হানিফা শপিং মলে কেনাকাটা শেষে মূল্য পরিশোধ করে যখন সুরাইয়া বেগম বের হতে যান, তখন তাঁর ব্যাগে মূল্য-অপরিশোধিত মালামাল পাওয়া যায়। বলা হয়, পুলিশের হাতে ধরা পড়া, পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মোশাররফ হোসেন গত ২ জুন মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠিতে লেখেন, সুরাইয়া বেগমকে চুরির দায়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তারপর পুলিশের সঙ্গে আলোচনা করে দুই হাজার ডলার জরিমানা দিয়ে থানা থেকে ফেরত আনা হয়েছে। এ ক্ষেত্রে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সুরাইয়া বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার কথাও লেখেন মোশাররফ হোসেন।মোশাররফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘সুরাইয়া বেগমের বিরুদ্ধে যে অভিযোগ, এর তদন্ত হয়েছে।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি এ তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।