নার্সিংয়ের স্নাতক কোর্স
নার্সিং বা রোগীর সেবা চিকিৎসারই অংশ। তবে এই সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ নার্স। ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (ইউব্যাট) চার বছর মেয়াদি নার্সিং কোর্স।স্নাতক পর্যায়ের এ কোর্সসম্পর্কে বলেছেন ইউব্যাটের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ভিজিটিং চেয়ার ও নার্সিং কর্মসূচির অনুষদ পরিচালক ক্যারেন লান্ড। ‘তাঁরাই রোগীর সঙ্গে বেশি সময় কাটান। তাঁদের নিবিড় সেবা অসুস্থ ব্যক্তিকে দ্রুত সুস্থ করে তোলে। চিকিৎসক সারাক্ষণ রোগীকে পর্যবেক্ষণ করলেও সেবিকারা সর্বক্ষণ পাশে থাকেন। তাই তো নার্সদের প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। যাতে তাঁরা রোগ শনাক্ত করতে পারেন, স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। এই লক্ষ্যে আমরা নার্সিং কোর্স চালু করেছি।’ জানালেন ক্যারেন লান্ড।কেন প্রয়োজনএকটি জনসংখ্যা জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রে নার্সিং সম্মানজনক পেশা। সেখানে তাঁরা ভালো বেতনও পেয়ে থাকেন। ঠিক তার ভিন্নচিত্র বাংলাদেশে। নারী বা পুরুষ নার্সরা যথাযথ সম্মানটুকু সব সময় পান না। এর অন্যতম কারণ, বেশির ভাগ শিক্ষার্থী নার্সিংকে তাঁদের পেশা হিসেবে বেছে নিতে চান না। এ ছাড়া বাংলাদেশের মানুষ নার্সদের দক্ষ ও আত্মবিশ্বাসী বলে মনে করে না। ইউব্যাটের লক্ষ্য হলো, ব্যাচেলর অব নার্সিং কোর্সকে এমনভাবে উপস্থাপন করা, যাতে নার্সরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেন। পাশাপাশি তাঁদের আচার-আচরণ ও মানসিকতায় পরিবর্তন আসে। তাহলে একদিকে যেমন তাঁরা প্রাপ্য সম্মান পাবেন, অন্যদিকে মর্যাদাপূর্ণ ক্ষেত্র তৈরি হবে এ পেশার।এখন অবশ্য বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এ ধরনের কাজের ক্ষেত্র দেখা যায়, যেখানে পদোন্নতির সুযোগ থাকছে। ক্যারেন বলেন, ‘আমাদের বিশ্বাস, ধীরে ধীরে নার্সিং পেশা নিয়ে নেতিবাচক ধারণার পরিবর্তন হবে। এই পেশার প্রতিবন্ধকতাগুলো দূর হবে। অনায়াসে পেশা হিসেবে বেছে নেবে। তার জন্য দরকার আরও শিক্ষার্থীর এগিয়ে আসা। তাই তো কানাডার ভ্যানক্যুভারের মিড-মেইন কমিউনিটি হেলথ সেন্টারের সহযোগিতায় ২০০৪ সালে ইউব্যাটে এই নার্সিং কর্মসূচি চালু হয়। বর্তমানে ৮০ জন শিক্ষার্থী এই কোর্সে পড়ছেন। এ পর্যন্ত প্রায় ৩০ জন শিক্ষার্থী স্নাতক হয়েছেন। ভর্তিপ্রক্রিয়া ব্যাচেলর অব নার্সিং কোর্সের মেয়াদ চার বছর। এ জন্য শিক্ষার্থীর অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। এ ছাড়া পেশাগত মানোন্নয়নের জন্য অন্যান্য নিয়মকানুন মেনে চলতে হবে। এই যেমন ক্লাসে নির্দিষ্ট পোশাক পরে আসতে হবে। লেখাপড়া ও আচার-ব্যবহারসংশ্লিষ্ট নিয়মাদি সঠিকভাবে পালন করতে হবে।খরচাপাতিইউব্যাট আগ্রহীদের জন্য দিচ্ছে নানা ধরনের আর্থিক ছাড়। কোর্স ফি একেক জনের জন্য একেক রকম। এটি মূলত নির্ভর করে এইচএসসিতে প্রাপ্ত ফলাফলের ওপর। নারী শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পেয়ে থাকেন। প্রত্যেকে ১৫ শতাংশ ছাড় পান। যাঁরা আর্থিকভাবে সচ্ছল নন, তাঁদের জন্য ভিন্ন ব্যবস্থা আছে। তাঁরা লেখাপড়া শেষ করে চাকরির অর্জিত আয় থেকে এই কোর্স ফি শোধ করতে পারবেন। যা পড়বেন, যা শিখবেনচিকিৎসাশাস্ত্রের সব বিষয় পড়ানো হয়। প্রতি সেমিস্টারে আন্তর্জাতিক নার্স ইনস্ট্রাকটররা বাংলাদেশে কানাডাভিত্তিক মিড-মেইন হেলথ প্রজেক্ট পার্টনারশিপের অংশ হিসেবে ঢাকায় আসেন। শিক্ষার্থীদের নানা ধরনের নির্দেশনা দেন। যাতে করে তাঁরা মানসম্পন্ন শিক্ষা পেতে পারেন। খুঁজে দিতে কাজের ক্ষেত্রক্যারেন লান্ড বলেন, ‘শুধু পড়ানো পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ নয়। তাঁর কর্মজীবনেও ভূমিকা রাখার চেষ্টা করি। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁদের উপযোগী পদে পৌঁছাতে যথাযথ সাহায্য করা হয়। যাতে করে তাঁরা সফল হতে পারেন। এটিই আমাদের চাওয়া।’