নালা নির্মাণের দেড় বছর পরও ঢাকনা লাগেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরে পানি নিষ্কাশনের জন্য দেড় বছর আগে আট কিলোমিটার ড্রেন (নালা) নির্মাণ করেছিল পৌরসভা। কিন্তু এখন পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর এসব নালার অধিকাংশের ওপরই ঢাকনা দেওয়া হয়নি। ফলে খোলা নালার ঢাকনা না থাকার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। সমস্যা হচ্ছে মানুষের চলাচলেও।পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের পানি নিষ্কাশনের জন্য ২০০৮ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন সড়কে নালা নির্মাণের কাজ শুরু করে পৌরসভা। ১১ জন ঠিকাদার পর্যায়ক্রমে আট কিলোমিটার নালা নির্মাণ করেন। পরে পৌরসভা আরও তিন কিলোমিটার নালা নির্মাণ করে শহরের বিভিন্ন সড়কে। কিন্তু এখন পর্যন্ত এসব নালার প্রায় আট কিলোমিটারের ওপরই ঢাকনা দেওয়া হয়নি। ফলে মানুষজনের চলাফেরা ও রিকশাসহ যানবাহন চলাচলে সমস্য হচ্ছে। প্রায়ই এসব খোলা নালায় মানুষজন পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, শহরের কাজীর পয়েন্ট থেকে হাছননগর পয়েন্ট হয়ে হাসপাতাল পর্যন্ত সড়কের পাশে যে নালা নির্মাণ করা হয়েছে তার ওপর এখনো ঢাকনা দেওয়া হয়নি। একইভাবে কামারখালী খালের পাশের সড়ক, ষোলঘরের ভেতরের সড়ক, নতুনপাড়া, মোক্তারপাড়া, রায়পাড়া, আরপিননগরের ভেতরের সড়কসহ বেশ কিছু সড়কের পাশের নালা খোলা অবস্থায় রয়েছে। শহরের রাস্তাঘাট প্রশস্ত কম হওয়ায় এসব সড়কে মানুষজন ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অথচ এসব নালাকে ফুটপাত হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল পৌরসভার।শহরের হাছননগর এলাকার বাসিন্দা সনজিৎ ভট্টাচার্য বলেন, ‘ড্রেন হয়েছে প্রায় দেড় বছর আগে। অথচ এখনো ঢাকনা দেওয়া হয়নি। এসব ড্রেনে প্রায়ই রিকশা পড়ে আটকে থাকে।’ আরপিননগর এলাকার যুবক শাহ জামাল বলেন, ‘রাস্তা ছোট। দুটি রিকশা পাশাপাশি গেলেই মানুষের চলাচলের আর জায়গা থাকে না। নালার ওপর ঢাকনা দেওয়া থাকলে সেখানে অন্তত দাঁড়ানো যেত।’ষোলঘরের বাসিন্দা জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাড়ার ভেতরে এমনিতেই রাস্তা ছোট। তার ওপর নালা দিয়ে রাস্তা আরও ছোট করে ফেলা হয়েছে। এসব নালা ঢাকনা ছাড়াই ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। কেন ঢাকনা দেওয়া হচ্ছে না বুঝতে পারছি না।’পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমদ নূর বলেন, নালাগুলোর ওপর ঢাকনা না থাকায় মানুষ ও যানবাহন চলাচলে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে পরিষদের আলোচনা হয়েছে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।’ সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, যখন এসব নালা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় তখন নালার ওপরের ঢাকনা দেওয়ার ব্যয় ধরা ছিল না। তিনি স্বীকার করেন, ১১ কিলোমিটারের মধ্যে প্রায় আট কিলোমিটার নালার ওপরই ঢাকনা নেই। বড় নালাগুলোর ওপর ঢাকনা দেওয়ার পরিকল্পনা তাদের আছে এবং এ বছরই তা করা হতে পারে।এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন, ‘শহরের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে আমরা নতুন একটি প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে খোলা নালার ওপর ঢাকনা দেওয়া হবে।’