নাশকতা করলে ছাড় নেই: নৌপরিবহনমন্ত্রী
বিরোধী দলের উদ্দেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আপনাদের হরতাল করার অধিকার আছে। আপনারা হরতাল করুন, কিন্তু এর নামে নাশকতা করলে কোনো ছাড় দেওয়া হবে না। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে বাধ্য হব।’আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হরতালের নামে নাশকতা বন্ধের আহ্বান জানিয়ে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। হরতালের নামে শ্রমিক হত্যা ও গাড়ি পোড়ানোসহ ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই মানববন্ধনের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, সাম্প্রতিক সময়ে হরতালের নামে সারা দেশে তাণ্ডব চালানো হয়েছে। হরতাল ডেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, চালক ও তাঁদের সহযোগীদের হত্যা এবং হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হরতালের নামে অবিলম্বে সব ধরনের নাশকতা বন্ধের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মন্ত্রী এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের শাস্তির দাবি জানান।শাজাহান খান বলেন, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত-শিবির হরতাল ডেকে তাণ্ডব চালিয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী শক্তি রাজাকার ও আলবদরদের জায়গা এ দেশে নেই। অবশ্যই তাঁদের বিচার করা হবে। হরতাল ডেকে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে এই বিচার বন্ধ করা যাবে না।মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাদিকুর রহমান, করম আলী, মফিজুল হক, মিল্লাত হোসেন, আ. অদুদ প্রমুখ।