নাশকতা প্রতিরোধে কমিটি হলেও তা কার্যকর নয়
সারা দেশে সরকারের গঠিত ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ কার্যকর হতে পারেনি। প্রশাসনের পক্ষ থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করার দাবি করা হলেও কতটি কমিটি হয়েছে, তার কোনো হিসাব সরকারের কাছে নেই।অথচ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট সহিংস পরিস্থিতি মোকাবিলায় সরকার অনেকাংশেই এই কমিটিগুলোর ওপর নির্ভর করছে।মানবতাবিরোধী অপরাধের আরও দুটি মামলার রায় শিগগিরই হতে পারে। এসব রায়কে কেন্দ্র করে আবারও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সরকার ও প্রশাসন কী প্রস্তুতি নিচ্ছে, জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের পাশাপাশি আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। সরকারের গঠিত কমিটিগুলো নিজেদের এলাকায় সভা করে প্রয়োজনীয় পরিকল্পনা করছে। প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় গিয়ে কমিটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’অবশ্য কমিটির ওপর নির্ভর করা ছাড়াও সরকারের রাজনৈতিক কর্তৃপক্ষ সচিবালয় থেকে উপজেলা পর্যন্ত সব পর্যায়ের সাধারণ ও পুলিশ প্রশাসনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতিতে প্রশাসন ত্বরিত ও কার্যকর ভূমিকা রাখতে পারছে কি না, তা দেখাই এই পর্যবেক্ষণের উদ্দেশ্য। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখার দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কতগুলো কমিটি হয়েছে তার হিসাব এখনো তাঁদের হাতে আসেনি। তবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা জানিয়েছেন, সিটি করপোরেশনের বাইরে প্রায় সব জেলা-উপজেলায় কমিটি হয়ে গেছে। এমনকি ইউনিয়ন পর্যায়েও কমিটি হয়েছে। আর সিটি করপোরেশন এলাকার কমিটিগুলো করছে স্থানীয় সরকার বিভাগ।মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, মাঠপর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি জেলা প্রশাসকদের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথা। কিন্তু সে ধরনের কিছু মন্ত্রণালয়ে আসছে না। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, বিক্ষিপ্তভাবে কিছু প্রতিবেদন এসেছে। তবে সেগুলোও প্রশাসনিকভাবে আমলযোগ্য না হওয়ায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এ ধরনের কমিটির প্রয়োজন আছে। তবে এগুলো কার্যকর হওয়ার কতগুলো শর্তও আছে। যেমন এ কমিটিগুলোর বৈশিষ্ট্য হতে হবে নির্দলীয় বা সর্বদলীয়। কোনো দলীয় বা সরকারি কমিটি হলে সে ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে না। কমিটিগুলো কী কাজ করবে, সেটাও সুনির্দিষ্ট করে দেওয়া দরকার।প্রতিরোধ কমিটির কার্যকারিতা: দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ৭ মার্চ মহানগর, জেলা-উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কয়েক দিনের মধ্যে মহানগর ছাড়া সর্বত্রই কমিটি গঠন করা হয়। কিন্তু কোথাও কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি নেই। অধিকাংশ ক্ষেত্রে কমিটি কী কাজ করবে, সে বিষয়েও সদস্যদের স্পষ্ট ধারণা নেই। অনেক ক্ষেত্রে মহাজোটের শরিক জাতীয় পার্টিকেও রাখা হয়নি। তবে ইউনিয়ন পর্যায়ের কমিটিতে ইউপি চেয়ারম্যানদের রাখা হয়েছে দলমত-নির্বিশেষে। তা ছাড়া কোনো এলাকায় সন্ত্রাস ও নাশকতা হলে কমিটির ভূমিকা কী হবে কিংবা কতটা কার্যকর হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেই প্রশ্ন রয়েছে। তবে গত মাস দুয়েকের মধ্যে যেসব এলাকায় বেশি সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে কমিটিগুলো সন্ত্রাসবিরোধী জনমত গঠনের জন্য কাজ করছে। কিন্তু আগের মতো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে কমিটির এ কাজের কোনো ফল পাওয়া যাবে কি না, সে বিষয়ে কেউ নিশ্চিত নন। তাই আতঙ্ক আছে সবার মধ্যে।সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিটিগুলোর সভা-সমাবেশ অব্যাহত আছে। ভবিষ্যতে যাতে আগের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কমিটিগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।শিবগঞ্জের (চাঁপাইনবাবগঞ্জ) ইউএনও খন্দকার ফরহাদ আহমদ বলেন, কমিটি গঠনের পর দুটি উদ্বুদ্ধকরণ সভা করা সম্ভব হয়েছে। এ ছাড়া যেখানে নাশকতামূলক ঘটনা ঘটেছে, সেখানে সরেজমিনে মানুষকে নাশকতার বিরুদ্ধে উদ্বুদ্ধ করা হয়েছে। গত শনিবার রাতে ছাত্রলীগের সাবেক নেতা কারিবুল হক ও মতিউর রহমান দুর্বৃত্তদের আক্রমণের শিকার হওয়ায় গতকাল সেখানে নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যরা গেছেন। ওই ঘটনার জের ধরে পরে যেন আর সহিংস ঘটনা না ঘটে, সে তৎপরতা চালাচ্ছেন তাঁরা। মিঠাপুকুরের (রংপুর) ইউএনও হারুন অর রশিদ বলেন, কমিটির একাধিক সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এই সভাগুলো করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অনুকূলে রয়েছে। ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচি পালন করা হবে। বগুড়া সদর, নন্দীগ্রাম ও শাজাহানপুর উপজেলার ইউএনওরা জানিয়েছেন, কমিটির মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হচ্ছে। কমিটি জোরালো ভূমিকা নিলে এর ফল পাওয়া যাবে। তবে দু-একটি সভা করা ছাড়া কমিটির তেমন কোনো কোনো কাজ হচ্ছে না। বগুড়ায় ভয়াবহ তাণ্ডবের পরও কমিটির জোরালো তদারকি দেখা যাচ্ছে না।জয়পুরহাটের সব কটি উপজেলা, অধিকাংশ পৌরসভা ও ইউনিয়নে কমিটি হলেও মাঠপর্যায়ে কোনো কাজ নেই। জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন জানান, কমিটিগুলো মাঠপর্যায়ে জনগণের মধ্যে সহিংস ঘটনা যেন কোনোভাবেই না ঘটে, সে ব্যাপারে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে। এর পাশাপাশি কোথাও সন্ত্রাসমূলক ঘটনা ঘটলে সেখানে প্রয়োজনে প্রশাসনের সহায়তায় কমিটি প্রতিরোধ গড়ে তুলবে। নোয়াখালীর বেগমগঞ্জের ইউএনও খন্দকার নুরুল হক বলেন, তিনি উপজেলা পর্যায়ের কমিটির দুটি বৈঠক করেছেন। ১৬টি ইউনিয়নে গঠিত কমিটি নিয়ে বৈঠক করবেন ইউপি চেয়ারম্যানরা। ভবিষ্যতে কোথাও যাতে ২৮ ফেব্রুয়ারির ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে।ফটিকছড়ির ইউএনও অঞ্জনা খান মজলিশ বলেন, কমিটি গঠনের পর একবার সভা করা হয়। সভায় বিভিন্ন স্থানে নাশকতা প্রতিরোধে সবাইকে উদ্বুদ্ধ করা, সন্ত্রাসীদের প্রতিরোধে বিভিন্ন কৌশল নির্ধারণ, জনমত গঠন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি মসজিদ-মন্দিরে কমিটির কার্যক্রমের বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।তবে কমিটি গঠনের পরও ফটিকছড়িতে বড় ধরনের সহিংসতা ঘটেছে।নগর কমিটি অগোছালো: দেশের একটি মহানগরেও কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়নি বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের কমিটি গঠন সম্পর্কে খোঁজ নিয়ে অগোছালো অবস্থার কথা জানা গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠন করার পর একবার সভা ডাকা হয়েছিল। ওই সভায় কমিটির কাজ কী হবে বা কীভাবে কাজ করবে, তা ঠিক করা যায়নি। কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাটি মূলতবি করা হয়। আর ওয়ার্ডভিত্তিক কমিটি এখনো হয়নি। তবে প্রথম সভায় উপস্থিত সাংসদেরা বলেছেন, তাঁরাই ওয়ার্ডভিত্তিক কমিটিগুলো করবেন। সে অনুযায়ী সিটি করপোরেশন সাংসদদের করা ওয়ার্ড কমিটির সঙ্গে সমন্বয় করার জন্য তাদের আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। তবে ঢাকা সিটি করপোরেশনের কয়েকটি আঞ্চলিক কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি গঠন ও কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তারা কিছুটা বিভ্রান্ত।এদিকে সরকার-সমর্থক ১৪-দলীয় জোট সারা দেশে নিজেদের নেতা-কর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে ১৪ দলের অন্যতম নেতা সাংসদ রাশেদ খান মেনন বলেন, অনেক স্থানে কমিটি গঠন করা হয়েছে। তবে সব জায়গায় সমানতালে হচ্ছে না। শিগগিরই সব স্থানে কমিটি হয়ে যাবে।পর্যবেক্ষণে প্রশাসন: সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একাত্তরের মানবতাবিরোধী আপরাধীদের চলমান বিচার-প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার পর্যবেক্ষণ শুরু করেছে। এর ভিত্তিতেই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়-দায়িত্ব ও দক্ষতা নিরূপণ করা হবে। এই পর্যবেক্ষণ শুরু করার আগে মাঠপর্যায়ের অনেকগুলো প্রশাসনিক ইউনিট এবং বেশ কিছু দায়িত্বশীল কর্মকর্তা সম্পর্কে গোয়েন্দা, রাজনৈতিক ও সামাজিক সূত্রে প্রতিবেদন পেয়েছে সরকার। এতে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসন পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পালন করতে পারেনি। কোথাও কোথাও পরিস্থিতি অনুধাবনে প্রশাসনের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা ছিল। অনেক ক্ষেত্রে আন্তপ্রশাসন যোগাযোগের অভাব ও সমন্বয়হীনতাও ছিল।উপরিউক্ত একাধিক প্রশাসনিক ইউনিটের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিভিন্ন সূত্রে সরকার যে তথ্য পেয়েছে, তা একেবারে অসত্য নয়। তবে প্রশাসন কোথাও নিষ্ক্রিয় ছিল না। তবে চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধাসহ কয়েকটি এলাকায় যে রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা প্রশাসনের নিয়ন্ত্রণ করার মতো ছিল না।{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, বগুড়া, নোয়াখালী, জয়পুরহাট ও ফটিকছড়ি থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}