নাশকতা মামলায় চুয়াডাঙ্গা জামায়াতের আমির কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় একটি নাশকতা মামলায় আদালত জামায়াতের জেলা আমির আনোয়ারুল হক মালিকের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। আজ রোববার দুপুরের দিকে জামায়াতের ওই নেতা চুয়াডাঙ্গার আমলি আদালত ‘ক’ অঞ্চলে হাজির হয়ে জামিনের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুন তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আনোয়ারুল হকের আইনজীবী এম এম শাহজাহান প্রথম আলো ডটকমকে বলেন, এ মামলায় উচ্চ আদালত থেকে গতকাল শনিবার পর্যন্ত জামিনে ছিলেন আনোয়ারুল হক মালিক। আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করা হলে, আদালত তা নাকচ করে দেন।পুলিশ ও আদালত সূত্র জানায়, গত বছরের ৫ ডিসেম্বর রাতে শহরের কেদারগঞ্জ এলাকার দলীয় কার্যালয় থেকে জামায়াতের চার কর্মীকে আটক করে সদর থানা পুলিশ। পুলিশের দাবি, ওই কার্যালয়ে বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তাঁরা। পরে থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারা এবং জননিরাপত্তা বিপন্ন অপরাধ আইনের ২৫ এর (ঘ) ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক ও আটক হওয়া জামায়াতের চার কর্মীসহ ৫০ জনকে আসামি করা হয়।