নাশকতার আশঙ্কায় সরকারে উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ এপ্রিল ঢাকা অভিমুখে হেফাজতে ইসলামের লংমার্চ এবং বিএনপি-জামায়াতের আন্দোলন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে পরিকল্পিত নাশকতার আশঙ্কা করছে সরকার। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে সরকারের শীর্ষ পর্যায়।সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সামগ্রিক পরিস্থিতি কড়া নজরে রাখছে। সংস্থাগুলো সরকারের উচ্চপর্যায়ে পরিস্থিতি সম্পর্কে দফায় দফায় প্রতিবেদন দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায় সম্পর্কেও নানা পরামর্শ দেওয়া হচ্ছে। ৬ এপ্রিলের কর্মসূচি মোকাবিলার বিষয়টিই সরকারের এই মুহূর্তের সবচেয়ে বড় ভাবনা।হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দিয়েছে। সরকারের কাছে খবর আছে, এ কর্মসূচিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন। লংমার্চের পর আন্দোলন ধরে রাখার জন্য বিএনপি ৮ ও ৯ এপ্রিল হরতালের পরিকল্পনা করছে।সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতের প্রশিক্ষিত কর্মীরা লংমার্চে অংশ নিয়ে বড় রকমের নাশকতা করতে পারেন। লংমার্চে অংশ নিয়ে জামায়াত-শিবির হেফাজতের কোনো নেতাকে হত্যা করে সরকারের ওপর দায় চাপানোর পরিকল্পনাও করছে।এদিকে সরকার-সমর্থক ইসলামী ঐক্যজোট ৬ এপ্রিল মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। একইভাবে গণজাগরণ মঞ্চ ওই দিন শাহবাগে সমাবেশ করবে। পরস্পর বিপরীত পক্ষগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনৈতিক ময়দানে নতুন করে উত্তাপ-উত্তেজনা দেখা দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে বড় রকমের সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে সরকারের মধ্যে দুশ্চিন্তা রয়েছে।সরকারের উচ্চপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে। বিশেষ করে শান্তিপূর্ণ সমাধানের ওপর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ ক্ষেত্রে হেফাজতের সঙ্গে আলোচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু সে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানা গেছে। পরে সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে হেফাজতের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার হেফাজতে ইসলামের প্রধান মাওলানা শাহ আহমদ শফির সঙ্গে আলোচনা করেন। তবে সে আলোচনায় অগ্রগতি নেই। বর্তমানে একাধিক গোয়েন্দা সংস্থা হেফাজতের নেতাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে হেফাজতের দাবি মানার কথা জানিয়ে তারা লংমার্চ কর্মসূচি বাতিল বা স্থগিত করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে হেফাজতের কিছু দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেওয়ার কথাও বলা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে ইসলামের এমন কিছু করা ঠিক হবে না, যা বিএনপি-জামায়াতের জন্য সহায়ক হয়। আমরা তাদের জামায়াতে ইসলামী মনে করছি না। আশা করি, তারা সেটা বুঝবে।’সরকারি সূত্র জানায়, আলোচনার পাশাপাশি ৬ এপ্রিলের কর্মসূচি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুতি নিচ্ছে।চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, মন্ত্রী হাছান মাহমুদ গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় হাটহাজারীতে অবস্থিত দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে বৈঠক করে লংমার্চ কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন। ঘণ্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মন্ত্রী গতকালই ঢাকায় ফিরে যান।যোগাযোগ করা হলে হেফাজতে ইসলামের সদস্য আশরাফ আলী নিজামপুরী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর পক্ষে লংমার্চ কর্মসূচি স্থগিত করার প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু “নাস্তিক ব্লগার”দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হেফাজতে ইসলামের পূর্বঘোষিত কর্মসূচি বহাল আছে বলে আমাদের বড় হুজুর সাফ জানিয়ে দেন।’ আশরাফ আলী আরও বলেন, হেফাজতে ইসলামের দাবির যৌক্তিকতা আছে এবং এই দাবি পূরণে আরও কিছুদিন সময় চান মন্ত্রী। কিন্তু সরকারকে আর সময় দেওয়া সম্ভব নয়। মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়, ৬ এপ্রিলের লংমার্চ ইমান-আকিদা রক্ষার কর্মসূচি, এটা সরকারের বিরুদ্ধে নয়। এর আগে শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারও হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করে লংমার্চ কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন।