নাশিদকে রাজধানী না ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমতি ছাড়া মালদ্বীপের রাজধানী মালে না ছাড়তে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার মালদ্বীপের একটি আদালত এ নির্দেশ দেন। রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে প্রচারণার কাজে অত্যন্ত ব্যস্ত মোহাম্মদ নাশিদ। এরই মধ্যে আদালতের ওই নির্দেশ আসায় বেশ নাখোশ তিনি। আদালতের এই নির্দেশ তাঁর চলাচলের স্বাধীনতার প্রতি এক ধরনের অবিচার বলে মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের নাশিদ বলেন, ‘আমার আইনজীবীরা আমাকে বলেছেন যে এটি গুরুতর অনিয়ম ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমরা উদ্বেগের মধ্যে রয়েছি যে ২০১৩ সালে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পাব না।’এদিকে বর্তমান প্রেসিডেন্ট ও বিগত সরকারের ভাইস-প্রেসিডেন্ট ওয়াহিদ হাসানের মুখপাত্র মাসুদ ইমাদ বলেন, ‘আদালতের এই নির্দেশটি একটি বিচারিক বিষয় এবং সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না।’সংস্কারবাদী নেতা মোহাম্মদ নাশিদ ছিলেন মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপের রাজধানীতে পুলিশ ও সেনা বিদ্রোহের পর ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। নাশিদের দাবি, তাঁকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তবে ওয়াহিদ হাসান বলেছেন, বিরোধীদের বিক্ষোভের পর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাশিদ।