নাশিদের বিক্ষোভে লাঠিপেটা, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের রাজধানী মালেতে গতকাল শুক্রবার গভীর রাতে কয়েক হাজার বিক্ষোভকারীকে লাঠিপেটা করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১১ বিক্ষোভকারীকে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে এসব বিক্ষোভকারী প্রেসিডেন্ট ভবনের দিকে যাচ্ছিল। আজ শনিবার রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, গতকাল রাতে প্রায় তিন হাজার বিক্ষোভকারীসহ মোহাম্মদ নাশিদ প্রেসিডেন্ট ভবনের দিকে এগোতে থাকেন। এ সময় অতি দ্রুত নির্বাচনের আয়োজন ও প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে পদত্যাগ করার দাবি জানিয়ে বিক্ষোভ করা হয়।বিক্ষোভ মিছিলটি প্রেসিডেন্ট ভবন থেকে ৩০ মিটার দূরে থাকা অবস্থায় প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তা বন্ধ করে বিক্ষোভকারীদের আটকে দেন। কিছুক্ষণ পর রাস্তা খুলে দেওয়া হলে নাশিদের সমর্থকেরা আবার সামনে এগোতে থাকে। বিক্ষোভকারীদের পুনরায় সতর্ক করার পরও তারা সামনে এগোতে থাকলে একপর্যায়ে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করেন ও মরিচের গুঁড়া ছিটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। উভয় পক্ষের সংঘর্ষে এক বিক্ষোভকারী গুরুতর আহত হন।এদিকে গভীর রাত পর্যন্ত সংঘর্ষ চলায় পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এ সময় ১১ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানায় তাঁরা। নাশিদের সমর্থকদের দাবি, আটক হওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি।গত বুধবার কমনওয়েলথ-সমর্থিত আন্তর্জাতিক একটি তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ নাশিদকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়নি। ওই তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মালেতে গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে নাশিদের সমর্থকেরা।