নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের ‘ক্ষমতাচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও তাঁর সরকারের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নাশিদের মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নাশিদের পরিবার দেশ ছেড়ে পালিয়ে শ্রীলঙ্কায় আশ্রয় প্রার্থনা করেছে।এমডিপির কর্মকর্তা আদম মানিক বলেন, ‘নাশিদ ও তাঁর প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’ তবে কোন অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তা পরিষ্কার নয়। দেশটির পুলিশ ও সেনাসদস্যরা এরই মধ্যে গ্রেপ্তারপ্রক্রিয়া শুরু করেছেন।এদিকে শ্রীলঙ্কার সানডে লিডার পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মালদ্বীপে চলমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের স্ত্রী লায়লা আলী গতকাল বুধবার রাতে পালিয়ে শ্রীলঙ্কায় গিয়েছেন। তবে লায়লার সঙ্গীদের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসের দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, লায়লা আলী সেখানে পৌঁছে প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।এরপর রাজাপাকসে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে ফোন করে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নাশিদের কোনো ক্ষতি হবে না বলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে নিশ্চিত করেছেন মোহাম্মদ ওয়াহিদ।