এজেন্সিগুলোর বিরুদ্ধে টিকিট না করার অভিযোগ
নাস এয়ারের বেশ কয়েকজন হজযাত্রী ভোগান্তিতে
সৌদি আরবের বিমান সংস্থা নাস এয়ারের বেশ কয়েকজন বাংলাদেশি হজযাত্রী ভোগান্তিতে পড়েছেন। তাঁরা উড়োজাহাজে ওঠার জন্য প্রতিদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। গতকাল শুক্রবার পর্যন্ত এ সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছেছে বলে বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে।নাস এয়ারের ঢাকা কার্যালয় দাবি করেছে, গত সোমবার উড়োজাহাজ না আসায় তাদের দুটি ফ্লাইট যেতে পারেনি। এ ছাড়া তাদের বাকি সব হজ ফ্লাইট সূচি অনুযায়ী ঢাকা ছেড়ে গেছে। বিমানবন্দর সূত্রও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।অভিযোগ পাওয়া গেছে, কিছু হজ এজেন্সি টিকিট নিশ্চিত না করেই যাত্রীদের বিমানবন্দরে যেতে বলছে। আবার তারাই ফ্লাইট নেই বলে ফেরত পাঠাচ্ছে। এমন কয়েকজন হজযাত্রী প্রথম আলোকে বলেন, হজ এজেন্সি তাঁদের হাতে টিকিট দেয়নি। মুখে ফ্লাইটের তারিখ ও সময় জানিয়ে বলছে, বিমানবন্দরে এজেন্সির লোক থাকবে, সেখানে গেলে টিকিট হাতে হাতে দেওয়া হবে।হজযাত্রীদের অভিযোগ, বারবার সময় পরিবর্তন করেও ফ্লাইটের ব্যবস্থা করতে পারছে না হজ এজেন্সি বা নাস এয়ার কর্তৃপক্ষ। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা জানান, এমন বিপুলসংখ্যক হজযাত্রী নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকেও সমস্যায় পড়তে হচ্ছে।ঢাকায় নাস এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টাওয়ার এভিয়েশনের এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘সোমবার আটকে পড়া হজযাত্রীদের পরবর্তী হজ ফ্লাইটে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। ফ্লাইটের অভাবে প্রতিদিন বিমানবন্দরে এসে হজযাত্রীদের ফিরে যাওয়ার কোনো কারণ নেই। হজ এজেন্সিগুলো টিকিট করার ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে যাত্রীদের ভুল তথ্য দিয়ে বিমানবন্দরে আনা-নেওয়া করাচ্ছে। টিকিট হাতে নিয়ে কোনো হজযাত্রী বিমানবন্দর থেকে ফেরত এসেছেন, এমন নজির নেই।’ হজ টাস্কফোর্স সমন্বয় কমিটির আহ্বায়ক ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জয়নাল আবেদীন তালুকদার জানান, কারিগরি ত্রুটির কারণে নাস এয়ারের উড়োজাহাজ না আসায় সোমবার তাদের দুটি হজ ফ্লাইট যেতে পারেনি। আটকে পড়া হজযাত্রীদের বিষয়ে কী হবে, এ নিয়ে তিনি নাস এয়ারের সঙ্গে বৈঠক করেছেন। আটকে পড়া হজযাত্রীদের পরবর্তী হজ ফ্লাইটে পাঠানোর বিষয়টি নাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এর বাইরে নাস এয়ারের আর কোনো ত্রুটি আছে কি না, সেটাও তিনি খতিয়ে দেখছেন।বিমানবন্দর সূত্র জানায়, সোমবার রাত থেকে মূলত প্রায় ৫৫০ জন হজযাত্রীর ভোগান্তি শুরু হয়। আটকে পড়া হজযাত্রীদের পরবর্তী হজ ফ্লাইটগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে কয়েকজন কয়েকজন করে পাঠানো হচ্ছে।নাস এয়ার কর্তৃপক্ষ বলছে, চুক্তি অনুযায়ী তারা এবার ১৬ হাজার হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত চার হাজার ১১০ জনকে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে। তারা ৬৯টি হজ ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি করছে।এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর অর্ধেক হজযাত্রী বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সাউদিয়া ও নাস এয়ার পরিবহন করবে।