নাসিম এখনো হাসপাতালে জ্ঞান ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম আবাসিক হলে ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিমকে পেটানোর পর দোতলা থেকে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।নাসিমের সহপাঠী জসীম উদ্দিন জানান, রোববার রাতে নাসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, গতকাল দুপুর পর্যন্ত নাসিমের জ্ঞান ফেরেনি।সংশ্লিষ্ট সূত্র জানায়, নাসিমের ওপর হামলার ঘটনায় সদ্য স্থগিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের পক্ষের একজন কর্মী রোববার রাতে নগরের মতিহার থানায় মামলা করেন। এতে জাহিদ হোসেন, লুৎফর রহমান, জহিরুল ইসলাম, তৌফিক, রুহুল আমিন, মশিউর রহমান, সাঈদ আক্তার এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়। আসামিরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবিরের সমর্থক বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিমকে পেটানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ হয়। বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন নাসিমের সহপাঠী জসীম উদ্দিন, ফারুক হোসেন প্রমুখ। তাঁরা নাসিমের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নাসিমের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের প্রতি জোর দাবিও জানান তাঁরা। নাসিম ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।এদিকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইতিহাস বিভাগের সভাপতি চিত্তরঞ্জন মিশ্রের নেতৃত্বে বিভাগের শিক্ষকেরা উপাচার্য এম আবদুস সোবহানের সঙ্গে দেখা করে নাসিমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।