নাসিম ওসমানকে আবার সতর্ক করল ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় সাংসদ নাসিম ওসমানকে তৃতীয়বারের মতো সতর্ক করেছে নির্বাচন কমিশন। সাংসদ আবারও আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কমিশন। আজ সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।গতকাল রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করায় নাসিম ওসমানকে সতর্ক করা হয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, নাসিম ওসমানকে এর আগে দুবার সতর্ক করা হয়েছে। তৃতীয় দফায় সতর্ক করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদ যদি আবারও আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তাঁকে আর সতর্ক করা হবে না। তাঁর বিরুদ্ধে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে আজ সকালে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাখাওয়াত হোসেন জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য র্যাব, আর্মড পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসারের অতিরিক্ত চার হাজার সদস্য মোতায়েন করা হবে।নির্বাচন কমিশন সূত্র জানায়, অতিরিক্ত চার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের ১৬৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে নিয়মিত বাহিনী হিসেবে পুলিশ ও আনসারের ২৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন।সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনের সময় কোথায়, সভায় কোথায় কতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ভোট গ্রহণের দুই দিন আগে ও পরে মোট পাঁচ দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অতিরিক্ত চার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এঁদের মধ্যে রয়েছে র্যাব, আর্মড পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসার।সাখাওয়াত হোসেন জানান, কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের তাত্ক্ষণিক বিচারের জন্য ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নয়জন বিচারিক হাকিম সময় দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষণ দল ২৭টি ভিডিও ক্যামেরা নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে পর্যবেক্ষকেরা তাত্ক্ষণিক তার ভিডিওচিত্র ধারণ করবেন।সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ কমিশনের সামনে খোলা রয়েছে। পরিস্থিতি বা প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুছুর রহমান প্রমুখ। নয় ওয়ার্ডে ইভিএম: নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, নির্বাচনে নারায়ণগঞ্জ সিটির নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ওয়ার্ডগুলো হলো ৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ও ২৮ নম্বর। এই নয়টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৬, ভোটকক্ষের সংখ্যা ৩৩৯ এবং ভোটারের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৬২৬ জন। কমিশন সূত্র আরও জানায়, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ভোটারসংখ্যা চার লাখ তিন হাজার ৭০৬। এর মধ্যে নারী দুই লাখ ৬১০ জন এবং পুরুষ দুই লাখ তিন হাজার ৯৬ জন। নির্বাচনে মোট ১৬৩টি ভোটকেন্দ্র এবং এক হাজার ২১৭টি কক্ষ থাকবে।