নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সংবাদ সম্মেলন করায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানকে আবারও সতর্ক করেছে নির্বাচন কমিশন।ঢাকায় গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, নাসিম ওসমানকে সতর্ক করে চিঠি দেওয়ার জন্য গতকালই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।সাখাওয়াত হোসেন বলেন, ‘সাংসদ নাসিম ওসমান আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর আগেও তাঁকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তিনি একই কাজ করলে আর সতর্ক না করে সরাসরি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নাসিম ওসমানকে আজ মঙ্গলবার সতর্ক করে চিঠি দেওয়া হবে। এর আগে ১ অক্টোবর নাসিম ওসমানকে প্রথম দফা সতর্ক করে চিঠি দেওয়া হয়েছিল।মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের ভাই ও জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান গত রোববার নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করে নগরের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি আরেক মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী সম্পর্কে অশোভন মন্তব্য করেন। তিনি ৩০ অক্টোবরের নির্বাচনে শামীম ওসমান বিপুল ভোটে জয়ী হবেন বলেও দাবি করেন।দায়িত্বে থাকছেন না জেলা প্রশাসক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের সময় বর্তমান জেলা প্রশাসক মো. সামছুর রহমান দায়িত্বে থাকছেন না। গতকাল জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় সামছুর রহমান এ কথা জানান। সভায় তিনি বলেন, ‘আমি ১৫ অক্টোবর থেকে এক মাসের ছুটি নিয়ে বিদেশে প্রশিক্ষণে যাচ্ছি। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করছে এবং করবে।’জেলা প্রশাসন সূত্র জানায়, সামছুর রহমান ১৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে থাকবেন।নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসককে অপসারণের দাবি জানান সেলিনা হায়াত আইভী ও তৈমুর আলম খন্দকার।সেলিনা হায়াত আইভী প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক সামছুর রহমান বিশেষ একটি পরিবারের আজ্ঞাবহ হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত। তাই তাঁকে দায়িত্বে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে সবাই। নির্বাচনের সময় তিনি থাকবেন না, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।’ আরেক মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেন, ‘এই জেলা প্রশাসক বিশেষ একজনের হয়ে কাজ করছেন। তাই নির্বাচনের দায়িত্ব থেকে তাঁর অব্যাহতি দাবি করেছিলাম।’সুষ্ঠু নির্বাচনের দাবি: গতকাল জেলা আইনশৃঙ্খলা কমিটির নির্ধারিত মাসিক সভায় জেলার নাগরিক সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সামছুর রহমান।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নারায়ণগঞ্জকে যারা সন্ত্রাসের জনপদ বানিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। ভোটারদের মন থেকে ভয়ভীতি দূর করতে হবে। ভোটারদের অবাধে ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট প্রদানের নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে।’ তিনি ভোটের দিন সেনা মোতায়েনেরও দাবি জানান। নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত।’ নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনে পড়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আমি আশাবাদী।’ নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিরিন আক্তারও সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানান।বৈঠকের বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করা নিয়ে আলোচনা হয়েছে। শান্তিপূর্ণ একটি নির্বাচন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। প্রতীক বরাদ্দের পরপরই ২৭টি ওয়ার্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলদল থাকবে। প্রচার-জনসংযোগ: গতকাল নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন সেলিনা হায়াত আইভী এবং বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। শামীম ওসমান নিজে গতকাল কোথাও গণসংযোগ করেননি। তিনি সারা দিনই ঢাকায় ছিলেন বলে জানা গেছে। তাঁর পক্ষে বন্ধু চন্দন শীল শহরের দেওভোগ এলাকায় গণসংযোগ করেন। গতকাল বিকেলে ১০ নম্বর ওয়ার্ড (সাবেক ১ নম্বর) গোদনাইল চিত্তরঞ্জন কটন মিল এলাকায় সেলিনা হায়াত আইভী গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত, আওয়ামী লীগের নেতা শেখ হায়দার আলী, আদিনাথ বসু, জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় খাজা রহমত উল্লাহ প্রমুখ। জনসংযোগ শেষে আইভী ঢাকায় যান। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম সকাল আটটায় তাঁর গণসংযোগ শুরু করেন। তিনি শহরের চাষাঢ়া হকার্স মার্কেট, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সানারপাড়, বাঘমারা, নিমাইকাশারী ও ১৩ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া গতকাল দিনভর ২৭টি ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলররা তাঁদের নিজ নিজ এলাকায় গণসংযোগ করেছেন।