নাসিম ওসমানকে সতর্ক করে চিঠি দিল ইসি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সংবাদ সম্মেলন করায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানকে আবারও সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাসিম ওসমানকে এই চিঠি দেওয়া হয়।চিঠিতে বলা হয়, ‘৯ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আপনি বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন এবং এক প্রার্থীর বিষয়ে সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে পারে। স্থানীয় সাংসদ হিসেবে সুষ্ঠু নির্বাচনে আমরা আপনার সহযোগিতা কামনা করছি।’চিঠির এই অনুলিপি নির্বাচন কমিশনের সচিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে পাঠানো দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুত্ফর রহমান চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এর আগেও নাসিম ওসমানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছিল।এদিকে সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। আজ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানিয়েছে।জানা গেছে, আজ প্রার্থী শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ এলাকায় জনসংযোগ করেছেন। আরেক প্রার্থী সেলিনা হায়াত আইভী বন্দর এলাকায় বিকেলে জনসংযোগ শুরু করেছেন। তৈমুর আলম খন্দকারও বন্দর এলাকায় আজ বিকেল থেকে জনসংযোগ শুরু করেছেন।এদিকে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কাল বুধবার। আওয়ামী লীগ এখনো কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। তবে কাল এই বিষয়টির সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।